তিন মাস প্রেম করে ঘর বাঁধলেন শেরিল

প্রেমের মাত্র তিন মাসের মাথায় প্রেমিক জঁ-বার্নার্ড ফার্নান্দেজ-ভার্সিনিকে বিয়ে করেছেন ব্রিটিশ গায়িকা, নৃত্যশিল্পী ও টিভি ব্যক্তিত্ব শেরিল কোল। ফরাসি রেস্তোরাঁ ব্যবসায়ী জঁ-বার্নার্ডকে এক সপ্তাহ আগে বিয়ে করলেও সম্প্রতি নিজের ওয়েবসাইটে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ৩১ বছর বয়সী শেরিল।
এ প্রসঙ্গে শেরিল তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘সাধারণত ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলি না। কিন্তু আমার বিয়ে নিয়ে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটাতে খুশির খবরটি সবার সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছি। জঁ-বার্নার্ড এবং আমি ৭/৭/১৪ তারিখে বিয়ে করেছি। নতুন জীবন নিয়ে আমরা দুজনই অনেক খুশি ও উচ্ছ্বসিত। বাকি জীবনটা একসঙ্গেই কাটাতে চাই আমরা।’
নিজের ওয়েবসাইটে নিজের বিয়ের খবর জানানোর পাশাপাশি বিয়ের আংটির ছবিও পোস্ট করেছেন শেরিল কোল। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের মিরর ডটকম।
ব্রিটিশ ফুটবলার অ্যাশলি কোলের সঙ্গে এক বছর চুটিয়ে প্রেম করার পর ২০০৫ সালে বাগদান সম্পন্ন করেছিলেন শেরিল। পরের বছর বিয়ে করেন অ্যাশলি ও শেরিল। বিয়ের পর নিজের নামের শেষে কোল যুক্ত করেন শেরিল। চার বছর সংসার করার পর ২০১০ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। বিচ্ছেদের পর ‘গার্ডিয়ান’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে নামের শেষে কোল অংশটি রেখে দেওয়ার পক্ষেই মত দেন শেরিল। পরবর্তী সময়ে কোরিওগ্রাফার ডেরেক হফ ও নৃত্যশিল্পী ট্রে হলোওয়ের সঙ্গে অভিসারে মেতেছিলেন শেরিল। তবে দুটি প্রেমের একটিও টেকেনি।
বয়সে দুই বছরের বড় জঁ-বার্নার্ডের সঙ্গে ‘এক্স ফ্যাক্টর’ টিভি রিয়েলিটি শোয়ের বিচারক শেরিল কোলের প্রেমের শুরুটা হয়েছিল গত এপ্রিল মাসে। তখন কাছের বন্ধুবান্ধবদের শেরিল বলেছিলেন, জীবনে আবার ভালোবাসা খুঁজে পেয়ে দারুণ খুশি তিনি।
মাত্র তিন মাস প্রেম করেই সম্প্রতি জঁ-বার্নার্ডকে আজীবনের সঙ্গী করে নিলেন শেরিল। ওয়েস্ট ইন্ডিজের একটি দ্বীপে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের পর্ব সেরেছেন শেরিল ও জঁ-বার্নার্ড। শেরিল কোলের মাসহ বিয়েতে আমন্ত্রিত অতিথি ছিলেন মাত্র চারজন।