তিন মায়ের আশীর্বাদ নিল 'শান'
মায়ের দোয়া নিয়ে যাত্রা করলে সেই যাত্রা শুভ হয়। তাই অনাড়ম্বর পরিবেশে তিন মায়ের দোয়া নিয়ে যাত্রা শুরু হলো ঈদের ছবি ‘শান’-এর প্রচারণা। গত বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে ‘শান’-এর প্রচারণা ও বিপণনের শুভ সূচনা হয়েছে। সূচনালগ্নে সিয়াম আহমেদকে আশীর্বাদ করেন তাঁর মা মাহমুদা বেগম ও ‘শান’ সিনেমার দুই ‘মা’ অভিনেত্রী চম্পা ও অরুনা বিশ্বাস।
নবাগত পরিচালক এম এ রাহিম পরিচালিত ‘শান’ ছবিতে সিয়ামের মায়ের চরিত্রে অভিনয় করেছেন চম্পা, আর নায়িকা পূজা চেরির মায়ের চরিত্রে দেখা যাবে অরুনা বিশ্বাসকে। প্রচারণার আনুষ্ঠানিক আয়োজনে মায়েদের ফুল দিয়ে বরণ করে নেন ছবির কাহিনিকার মোহাম্মদ গোলাম আজাদ খান এবং প্রযোজক আতিকুর রহমান।
সিনেমার প্রচারণার যাত্রালগ্নে মায়ের দোয়া নেওয়াকে দারুণ ইতিবাচক মনে করছেন অভিনেত্রী চম্পা। তিনি বলেন, ‘শুধু “শান” সিনেমার জন্য নয়, মায়ের দোয়া নিয়ে যাত্রা শুরু করার এই ভাবনা আমাদের ইন্ডাস্ট্রির অন্য সিনেমাগুলোকেও প্রভাবিত করবে। আমরা সবাই যদি এভাবে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাই, আমি নিশ্চিত আমাদের চলচ্চিত্রের সোনালী দিন অচিরেই ফিরে আসবে।
‘শান’ ছবিতে একজন সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন অরুনা বিশ্বাস। তিনি বলেন, “শান’ মানে আভিজাত্য, গৌরব। আবার ‘শান’ মানে ধার। এ ছবিতে ধারালো একটি গল্প আছে, প্রত্যেকের চরিত্রে ধার আছে। এই সিনেমাটিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার। সে কারণেই আমরা মায়েরা এক হয়ে এ প্রচারণা-যাত্রা শুরু করলাম। বাকি দায়িত্ব দর্শক, প্রদর্শক, গণমাধ্যমের।

সিয়ামের মা মাহমুদা বেগম। নায়ক ছেলের আগের সিনেমাগুলোর প্রচারে তিনি অংশ নেননি। তবে ‘শান’ ছবিতে কাজ করতে সন্তানের কতটা শ্রম দিতে হয়েছে, সেই গল্প সবাইকে জানানো উচিত বলে মনে করেন তিনি। ‘শান’ সিনেমার নির্মাতা দলটি জানায়, নায়িকা পূজা চেরির মা এবং অভিনেতা তাসকিন রহমানের মাও প্রচারণার পরের ধাপগুলোতে যোগ দেবেন। অন্তত আগামী তিন মাস, মুক্তির আগে ও পরে, অভিনব সব পরিকল্পনা নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের সামনে হাজির হবে ‘শান’ নির্মাতা দল।
প্রচারণা শুরুর যাত্রালগ্নে পাবলিসিটির মূল পরিকল্পনাগুলো উন্মোচন করেন মায়েরা। এরপর ছবির পোস্টার হাতে নিয়ে ক্যামেরাবন্দী হন তাঁরা। পরে কেক কেটে প্রচারণা কার্যক্রমের শুভ সূচনা করেন এই মায়েরা।