তিন ম্যাগাজিন অনুষ্ঠান
আমাদের শাকসবজি কীটনাশক-আক্রান্ত, গরু-খাসিতে অ্যানথ্রাক্স, মাছে আর ফলমূলে ফরমালিন। মুরগিতেও মাঝেমধ্যেই বার্ড ফ্লুর খবর পাই। আমাদের খাবারদাবার অর্থাৎ শারীরিক স্বাস্থ্যের জন্য যা কিছু আবশ্যকীয়, তার প্রায় সবই ঝুঁকিপূর্ণ। এ নিয়ে মানুষের আক্ষেপের শেষ নেই। সচেতন মানুষ তো বটেই, আমমানুষও এ ব্যাপারে দুশ্চিন্তিত। কিন্তু আমাদের চ্যানেলে চ্যানেলে যে উচ্চফলনশীল তরল আনন্দের চাষাবাদ হচ্ছে, সে ব্যাপারে আমাদের বিন্দুমাত্র উদ্বেগ নেই। বিশেষত, ঈদ-পর্বে ‘চাহিদা-সরবরাহ’ তত্ত্বসূত্রে এর উৎপাদন আরও বহুগুণ হয়ে ওঠে। বাণিজ্যের পাশাপাশি আমাদের টেলিভিশন চ্যানেলগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের কথা একটু মনে রাখবে, অগ্রসর জনরুচি নির্মাণে কিঞ্চিৎ ভূমিকা রাখবে—সেটাই তো প্রত্যাশিত। গয়রহ দোষারোপ করা আমাদের উদ্দেশ্য নয়। সেই সূত্রেই বলা ভালো, কোনো কোনো চেষ্টা-চিন্তা কোথাও কোথাও কখনো কখনো দৃশ্যমান হয় বটে। তবে সেগুলোকে ব্যতিক্রম বলাই ভালো।যা হোক, দেশের সব টেলিভিশন চ্যানেলের তাবৎ ঈদের অনুষ্ঠান আমার এ লেখার বিষয় নয়। প্রথম আলোর সাপ্তাহিক আনন্দ পাতার জন্য আমি তিনটি ম্যাগাজিন অনুষ্ঠান নিয়ে লিখতে চাই। বিটিভির আনন্দমেলা আর ইত্যাদি এবং চ্যানেল আইয়ের কৃষকের ঈদ আনন্দ। তবে লেখার নির্যাসটুকু আমি গৌরচন্দ্রিকাতেই বয়ান করে ফেলেছি। এখন দু-চারটে প্রাসঙ্গিক কথা বলি।ঈদের রাতে দেখা হলো আনন্দমেলা। গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন আনজাম মাসুদ। নাচে, গানে, জাদু প্রদর্শনে অংশ নিলেন নানা খ্যাতিমান শিল্পী। দর্শকপর্বেও দেখা গেল সেলিব্রিটিদের। সমাজের নানা অসংগতি প্রকাশ্য করে তুলতে পরিবেশিত বেশ কটি খণ্ডনাটক আর রম্য-সাক্ষাৎকার। ওই সব নামীদামি শিল্পীরা অনুষ্ঠানে তেমন আলো ছড়াতে পারলেন না। গোটা অনুষ্ঠানে কোথাও কোনো ঝলক-ঝিলিক দেখা গেল না। ব্যতিক্রম কিছু ছিল বৈকি। তবে প্রাণখুলে ভালো বলার মতো নয়।অনুষ্ঠানে হাস্যরস পরিবেশনের চেষ্টা ছিল। খণ্ডনাট্য, রম্য-সাক্ষাৎকার ইত্যাদির মাধ্যমে কৌতুক করে সামাজিক অসংগতিকে ব্যঙ্গ করা হয়েছে। তবে মোটা দাগের ওই সব হাস্য-উপাদান দেখে কম বয়সে পড়া সেই ছড়াটির কথাই মনে পড়ে, ‘হাঁসি বলে হাঁসা, হাঁসা বলে হাঁসি/এই নিয়ে হাঁসা-হাঁসি করে হাসাহাসি।’অনুষ্ঠানের উপস্থাপক আনজাম মাসুদ সবকিছুতেই হানিফ সংকেতকে অনুকরণের প্রাণান্তকর কসরত করলেন। তাঁর হাঁটাচলা, বলা-কওয়া, অনুষ্ঠান পরিকল্পনা, উপস্থাপনা, গ্রন্থনা মায় দেহভঙ্গি পর্যন্ত হাস্যকরভাবে ‘সাংকেতিক’। প্রতিটি পর্বের শেষে জ্ঞানগম্ভীর হানিফীয় মন্তব্যও উপভোগ্য বটে। একখানা কথা, আনন্দমেলার একখানা অনুষ্ঠানে অন্তত ৫৩ খানা পণ্যের বিজ্ঞাপন প্রচারিত হলো। একেই বুঝি বলে, ‘বারো হাত বাঙ্গির তেরো হাত বিচি।’ঈদের তৃতীয় দিন বিটিভিতেই পরিবেশিত হলো ইত্যাদি। হানিফ সংকেত উপস্থাপিত এবং নির্মিত বিটিভির ইত্যাদিকে টিভি চ্যানেলের বিনোদন-বাজারের একটি জনপ্রিয় ব্যান্ড বললে অত্যুক্তি হয় না। ঈদের দিনে আমরা আনন্দমেলা নামে আর একখানা ইত্যাদি দেখেছি। যে কথা পরোক্ষে আগেই বলে নিয়েছি। বলা বাহুল্য, সেই ইত্যাদি আমাদের চ্যানেলে চ্যানেলে তরঙ্গিত ইয়ার্কিসর্বস্ব লঘু আনন্দের গণ্ডি থেকে বেরোতে পারেনি। কিন্তু আমাদের মূল ইত্যাদি অর্থাৎ হানিফ সংকেতের ইত্যাদির হালহকিকত কী?যাঁরা ইত্যাদি দেখেছেন তাঁরা জানেন, লাঠিনৃত্য থেকে শুরু করে রাস্তার ভিক্ষুকদের হালহকিকত নানা কৌশলে নানা মাধ্যমে উপস্থাপন করেছেন নির্মাতা। এর মধ্যে ঢুকেছে সিনেমাজগৎ, স্বামী-স্ত্রীর কলহ, দোকানের কেনাকাটা, রিয়ালিটি শো আর টকশোর দুরবস্থা, বৃদ্ধ-বৃদ্ধার বিয়েসহ নানা বিষয়। বরাবরই ইত্যাদিতে হানিফ সংকেত বিষয়বৈচিত্র্যের সমাহার ঘটিয়ে থাকেন। কথায়, নাট্যে, ব্যঙ্গে সমাজ-সংসারের নানা অনিয়ম-অসংগতির মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চান দর্শককে। কিন্তু দুই দশকের বেশি সময় ধরে ইত্যাদি বিষয়ে একটি জিজ্ঞাসা এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলে মনে হয়; তা হলো, ইত্যাদি কি এখন একঘেয়েমিদোষে দুষ্ট নয়? সেই একই ধরন, একই গড়ন, একই বলন, একই চলন আর ক্লান্তিকর পুনরাবৃত্তি ইত্যাদির জনপ্রিয়তা কমিয়ে এনেছে। বিনোদন অনুষ্ঠান যাঁরা নির্মাণ করেন, উপস্থাপনা করেন, তাঁদের মধ্যে হানিফ সংকেতের যোগ্যতা সংশয়াতীত। তাঁর কাছ থেকে দর্শক এখন একঘেয়েমিমুক্ত নতুন কাজ প্রত্যাশা করে।ঈদের তৃতীয় দিন বিকেলে চ্যানেল আইতে প্রচারিত হলো কৃষকের ঈদ আনন্দ। গ্রন্থনা ও উপস্থাপনা শাইখ সিরাজ। এ অনুষ্ঠানটি গতবারও দেখেছিলাম। গত বছর হয়েছিল পদ্মাপারের পাকশীতে। এবার স্থান নির্বাচন করা হয়েছে সাতক্ষীরার শ্যামনগরে, বুড়িগোয়ালিনী গ্রামে। অনুষ্ঠানটি মূলত গ্রামের শিশু-কিশোর-যুবক-বৃদ্ধের নানা ধরনের খেলাধুলার প্রতিযোগিতা। খেলাগুলো গ্রামীণ কৃষি সংস্কৃতিজাত। বেশ মজার।১০ বছরের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধ অংশ নিয়েছিলেন প্রতিযোগিতায়। নানা পুরস্কারও পেলেন তাঁরা। এক অনবদ্য সরল আনন্দের আয়োজন। জনপদের হাজার হাজার মানুষ উপভোগ করল সেই ক্রীড়া আমোদ।গত ঈদে এ আয়োজনটি দেখে পুলক বোধ করেছি। মনে পড়ে, আনন্দ পাতাতেই কয়েকটি শংসাবাক্য লিখেছিলাম। এবার বিস্তারিত বলব না। তবে এবার এতে একটু ভিন্নমাত্রা যোগ হয়েছে, সে বিষয়ে অল্প কয়েক কথা বলতে চাই। এবারের কৃষকের ঈদ-আনন্দের স্থান নির্বাচন করা হয়েছে সুন্দরবনের কাছাকাছি অঞ্চলে। সম্প্রতি অঞ্চলটি আইলার মর্মান্তিক আঘাতে ছিন্নভিন্ন হয়েছে। সুন্দরবন আর সমুদ্রের কাছাকাছি মালতী নদীর তীরের এই জনপদের মানুষের যাপিত জীবনের দুর্দশার চিত্র বর্ণিত হয়েছে আনন্দ-অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সচিত্র ধারাবর্ণনায়। এই বুড়িগোয়ালিনীর মানুষের একসময় ছিল চাষবাসের উপযোগী জমিন, ছিল সচ্ছলতা। চিংড়ি চাষের লবণ-বিষে আক্রান্ত হলো জমি, বিপন্ন হলো মানুষ। আর সাম্প্রতিক আইলার আঘাতে সেই বিপর্যস্ত গ্রামবাসীর জীবনসংগ্রামের সচিত্র কাহিনি তুলে এনেছেন অনুষ্ঠাননির্মাতা। মানুষের পুষ্টি নেই, চিকিৎসা নেই, বাসস্থান নেই। নেই প্রয়োজনীয় কাপড়চোপড়। আর সুন্দরবনের কাছাকাছি থাকা মানুষের জীবনসংগ্রামে বাঘ এক অনিবার্য নিয়তি। কত মানুষ চলে গেছে বাঘের পেটে! সেসবের নানা রোমহর্ষক কাহিনি অনুষ্ঠানটিকে একটি ভিন্নমাত্রা দিয়েছে।খেলাধুলার আনন্দের পাশাপাশি দর্শকের বাড়তি পাওনা হয়ে রইল ওই জনপদের মানুষের মর্মান্তিক জীবনসংগ্রামের এক প্রামাণ্যচিত্র। চ্যানেল আই ও শাইখ সিরাজকে ধন্য।আরেকটা কথা, অনুষ্ঠানের নির্মাতা আর উপস্থাপক শাইখ সিরাজ একাই সবকিছু করলেন। খেলাধুলা পরিচালনা করা থেকে ধারাবর্ণনা পর্যন্ত সব। (একটিমাত্র খেলার বিজয়ীদের নাম ঘোষণা করেছিলেন অন্য কেউ)। সচিত্র প্রতিবেদনেও তাঁরই কণ্ঠে কাহিনিবর্ণনা। বিষয়টি একটু একঘেয়েমি লাগে। আর নিজেকে সবিশেষ প্রতিপন্ন করার এই অক্লান্ত চেষ্টা একটু অরুচিকরও লাগে বৈকি।