
১৯৮০ সালে মফস্বল শহরের একদল নাট্যকর্মী নিয়ে শুরু হয়েছিল বগুড়া থিয়েটারের নাট্য আন্দোলন। ‘হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে’ স্লোগান নিয়ে তৌফিক হাসানের রচনায় পাপপুণ্য নাটক দিয়ে মঞ্চে অভিষেক ঘটেছিল এই নাট্যদলের। এরপর সময় গড়িয়েছে তিন যুগ। এই সময়ের মধ্যে ৬৫টি নাটক এবং ১৫০টি পথনাটক ১ হাজার ৫৮০ বার মঞ্চস্থ করেছে বগুড়া থিয়েটার।
দেশের সীমানা পেরিয়ে বিদেশের মঞ্চেও প্রশংসিত হয়েছে বগুড়া থিয়েটারের নাটক কথা পুন্ডবর্ধন, কৈবর্ত্য বিদ্রোহসহ বেশ কয়েকটি নাটক। বগুড়া থিয়েটারের নাট্যকর্মীরা এখন ছড়িয়ে পড়েছেন মিডিয়াজুড়ে। মিশু চৌধুরী, রুবল লোদী, মোমেনা চৌধুরী, মিলা, শান্-মাহমুদ, শাহাদত আলমের মতো অনেক শিল্পী জায়গা করে নিয়েছেন মঞ্চ, চলচ্চিত্র, টেলিভিশন ও বিজ্ঞাপনে।
এত সব সাফল্য সঙ্গী করে তিন যুগ পূর্তি উত্সব আয়োজন করেছিল বগুড়া থিয়েটার। তিন দিনের এ উৎসবটি চলেছে ২৯ মে থেকে ৩১ মে। শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এ উৎসবে ছিল শোভাযাত্রা, নাট্যকর্মীদের স্মৃতিচারণা, নাট্যজন ও নাট্যকর্মীদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, থিয়েটার আড্ডা এবং নাটকের গান এবং দ্রোহ নাটকটির মঞ্চায়ন।
উৎসবের শুরুর দিন ২৯ মে শহীদ টিটু মিলনায়তন থেকে শোভাযাত্রা বের হয়। বগুড়া জেলা পরিষদের প্রশাসক মকবুল হোসেন উদ্বোধন করেন। পরে বগুড়া থিয়েটারের কর্মীরা তিন যুগের স্মৃতিচারণা করেন। সন্ধায় ছিল আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেরা নাট্যজনদের সম্মাননা প্রদান। এ বছর বগুড়া থিয়েটার পদক ও খন্দকার গোলাম কাদের পদক পেয়েছেন যথাক্রমে বাঁধন দাস (আলোক নির্দেশনা) ও অধ্যাপক মোস্তফা আলী (নাট্যরচনা ও গবেষণা)। বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণী নাট্যজনদের হাতে ক্রেস্ট তুলে দেন।
বগুড়া থিয়েটারের সভাপতি এ এইচ আযম খানের সভাপতিত্বে যুগপূর্তি উত্সবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, ঢাকার বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি মাসুদুর রহমান, আইনজীবী আবদুল মতিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি আতিকুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান। পরে সেখানে তৌফিক হাসান রচিত ও নির্দেশিত নাটক দ্রোহ মঞ্চস্থ হয়।
উৎসব প্রসঙ্গে তৌফিক হাসান বলেন, ‘বগুড়ার মতো মফস্বল শহরে সফল এই নাট্য আন্দোলন চালিয়ে যাওয়া কষ্টসাধ্য ছিল। বগুড়ায় রয়েছে মঞ্চ, মিলনায়তন ও অর্থসংকট। ভালো শব্দযন্ত্র নেই, রয়েছে আলোকসম্পাতের সমস্যা। তারপরও ৬৫টি নাটক এবং দেড় শ পথনাটক দেড় হাজার দফা মঞ্চস্থ হয়েছে। মঞ্চনাটক করতে গিয়ে রাজনৈতিক দল ও প্রশাসনের বাধার মুখে পড়তে হয়েছে। তবে ড. সেলিম আল দীনের আদর্শ থেকে বিচ্যুত হননি বগুড়া থিয়েটারের কর্মীরা। নাটকের মাধ্যমে অমঙ্গল তাড়িয়ে সুন্দর পৃথিবীর স্বপ্ন নিয়ে এ দেশের নাটককে বিশ্বমঞ্চে তুলে ধরার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’