
২০০৫ সালের ১১ এপ্রিল গভীর রাতে সাভারের পলাশবাড়ীতে ধসে পড়ে স্পেকট্রাম সোয়েটার অ্যান্ড নিটিং ফ্যাক্টরি। রাতের শিফটে কাজ করছিলেন শতাধিক কর্মী। নিহত হন প্রায় ৬৪ জন। আপনাদের মনে পড়ে যাবে, কোনো রকম ঝুঁকি মোকাবিলার ব্যবস্থা ছাড়াই ঘটনার তিন বছর আগে ফ্যাক্টরিটি তৈরি হয়েছিল একটি জলাভূমির ওপর। মর্মন্তুদ এই ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে মঞ্চনাটক ট্র্যাজেডি পলাশবাড়ি। শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ করে প্রাচ্যনাট, যার রচনা ও নির্দেশনা আজাদ আবুল কালামের। একই দিন একাডেমীর নাট্যশালার প্রধান মিলনায়তনে ছিল সেন্টার ফর এশিয়ান থিয়েটার—সিএটির ম্যাকাব্রে। স্টুডিও থিয়েটার হলে ছিল মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রমিথিউস।
ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট ও শিল্পকলা একাডেমী আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসবের গতকাল ছিল পঞ্চম দিন।
ট্র্যাজেডি পলাশবাড়ি নাটকটির অন্যতম চরিত্র তারাভান। সে যেন সেদিনের রাতের পর্বে কাজ করতে আসা কর্মীদেরই প্রতিচ্ছবি। নাটকটি গ্রন্থিত হয় তার স্মৃতিচক্র, স্বপ্নচক্র আর জীবনচক্রের রোমন্থনে। মেয়েটি প্রতিনিধিত্ব করে তারই মতো শত শত তারাভানের, যাদের অনেকেই এভাবে মরে যায়, আবার কেউ কেউ বেঁচে থাকে কারখানার মেশিনের মতো নির্বাক হয়ে।
আনিকা মাহিন রচিত ও কামালউদ্দিন নীলু নির্দেশিত ম্যাকাব্রে নাটকটিতে বাচিক কিংবা আঙ্গিক অভিনয়ের পাশাপাশি দর্শক মুগ্ধ হয়ে দেখল ভিডিওগ্রাফি, মাল্টিস্ক্রিন প্রজেকশন টেকনোলজিসহ ত্রিমাত্রিক প্রজেকশন, অ্যানিমেশন, স্থাপনাশিল্প। আর নাটকের গল্পটি মানুষের গভীরে থাকা মুক্তির আকাঙ্ক্ষা। যেখানে দেখা গেল মানুষের বন্দিদশার চিত্র। বর্তমান বিশ্বের রাজনীতির ভেতরে গেঁথে থাকা চলমান সহিংসতা ও মানুষের অসহায়তার চিত্রও ছিল নাটকে।
প্রচলিত লোকগাথার সঙ্গে আধুনিক বিশ্বের অনাচার আর ক্ষমতার দ্বন্দ্বকে তুলে ধরা হয়েছে মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রমিথিউস নাটকে। গ্রিক নাটক প্রমিথিউস বাউন্ডকে উপজীব্য করে এমন এক গল্প সাজিয়েছেন রচয়িতা আনন জামান। নির্দেশনায় ছিলেন মোস্তাফিজুর নূর।
তিন স্বাদের তিন নাটক দেখতে দর্শক ভাগ হয়ে ছড়িয়ে পড়েছিলেন মিলনায়তনগুলোতে।
উৎসবের ষষ্ঠ দিন আজ মঙ্গলবার আরও তিনটি নাটকের প্রদর্শনী হবে।