তিন রূপে সজল
এবার এক নাটকে তিন রূপে হাজির হচ্ছেন টিভি অভিনেতা সজল। নাটকটিতে তাঁকে তিন বয়সের মানুষের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ‘প্রেম, সুখে অসুখে’ নামের এ নাটকটি নির্মাণ করেছেন মাতিয়া বানু শুকু। সম্প্রতি চট্টগ্রামের কাপ্তাইয়ে নাটকটির শুটিং শেষ হয়েছে।নাটকটির গল্প সম্পর্কে প্রসঙ্গে সজল বলেন, ‘এখানে আমাকে ১৭, ২৫ ও ৪০—এ তিনটি বয়সের রূপ নিয়ে অভিনয় করতে হয়েছে। এখানে আমাকে প্রথমে দেখা যাবে, ১৭ বছর বয়সে এক মেয়েকে ভালোবাসতে। কিন্তু বয়স কমের দোহাই দিয়ে আমাদের এ প্রেমকে কোনোভাবেই মেনে নেওয়া হয় না। মেয়ের পরিবার থেকে জুড়ে দেওয়া হয় নানা শর্ত। ২৫ বছর বয়সে মেয়েটির মুখোমুখি দাঁড়াতে গেলে তখন দেখা যায় অন্য চিত্র। মেয়েটির বাবা ঠিকানা বদল করে অন্যত্র নিয়ে যায় তাঁকে। এমনকি জানা যায়, মেয়েটির বাবা তাঁকে আরেকজনের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। কিন্তু আমি তাতেও হাল ছাড়ি না। অবশেষে ৪০ বছর বয়সে এসে মেয়েটিকে খুঁজে পাই এবং জানতে পারি যে তাঁর স্বামী মারা গেছে।’নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘একেবারে ব্যতিক্রম একটি গল্পের নাটকে কাজ করলাম। নাটকটির গল্প যখন শুকু (মাতিয়া বানু শুকু) আপা আমাকে বলেন তখন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। কাজ শেষ করার পর মনে হয়েছে, অনেক দিন পর একটি চমত্কার গল্পের নাটকে কাজ করলাম।’ এ ছাড়া সজল এরই মধ্যে শেষ করেছেন আলভী আহমেদের পরিচালনায় ‘শালিকের ঘাড়ে রো’ নাটকের কাজ।