তিন লাখ ডলারে বিকোল জ্যাগারের প্রেমপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রেমিকা মার্শা হান্টকে লেখা ‘রোলিং স্টোনস’ তারকা মিক জ্যাগারের ১০টি প্রেমপত্র সম্প্রতি নিলামে তিন লাখ ডলারে বিক্রি হয়েছে। লন্ডনে ১২ ডিসেম্বর বুধবার এই নিলামের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রত্যাশার প্রায় দ্বিগুণ দামে বিকিয়েছে প্রেমপত্রগুলো। এক খবরে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ায় বসে মার্শাকে চিঠিগুলো লিখেছিলেন জ্যাগার। সে সময় টনি রিচার্ডসনের ‘নেড কেলি’ ছবিতে অভিনয় করছিলেন এই গায়ক। প্রেমের স্মৃতিচিহ্ন হিসেবে এত দিন সেগুলো যত্ন করে আগলে রেখেছিলেন মার্শা। কিন্তু অভাবের কারণে প্রিয় প্রেমপত্রগুলো নিলামে তুলতে বাধ্য হন দেনায় জর্জরিত মার্কিন এই গায়িকা। গত মাসেই মার্শা জানিয়েছিলেন, চিঠিগুলো তিনি নিলামে তুলতে যাচ্ছেন। যুক্তরাজ্যের ‘গার্ডিয়ান’ পত্রিকায় দেওয়া এক সাক্ষাত্কারে বলেছিলেন, ‘পাওনাদারের পাওনা মেটাতে চিঠিগুলো বিক্রি করা খুব জরুরি হয়ে পড়েছে। আমি আশা করছি, কেউ না কেউ চিঠিগুলো ভালো দামে কিনে নেবেন।’ অবশেষে মার্শার সে আশা বিফলে যায়নি। প্রত্যাশিত দামের চেয়েও অনেক বেশি দামে চিঠিগুলো বিক্রি হয়েছে। সম্প্রতি নিলামে চিঠিগুলো বিক্রি হওয়ার পর মার্শা বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে এই চিঠিগুলো আমাদের সাংস্কৃতিক ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়েছে। ১৯৬৯ সালে এই চিঠিগুলো লেখা হয়েছে। সেই সময়টাতে সংগীতের ধারায় বিপ্লব এনেছিল বিটলস কিংবা রোলিং স্টোনসের মতো ব্যান্ডদলগুলো। এই বিপ্লবে আরও অবদান রেখেছেন জেমস ব্রাউন এবং বব ডিলানের মতো শিল্পীরা।’মার্শা আরও বলেন, ‘পারিপার্শ্বিক অবস্থা এবং ব্যক্তিগত অনুভূতি থেকে অসাধারণ সব গান সৃষ্টি করেছিলেন তাঁরা। আমাকে লেখা জ্যাগারের চিঠিগুলোতে তাঁর ব্যক্তিগত কিছু অনুভূতি প্রকাশিত হয়েছে। আমি মনে করি, সেই অনুভূতি সম্পর্কে জানার অধিকার কেবল তাঁর কাছের মানুষদের নয়, সবারই আছে।’ ১৯৭১ সালে প্রকাশিত রোলিং স্টোনস ব্যান্ডের ‘স্টিকি ফিঙ্গারস’ অ্যালবামের ‘ব্রাউন সুগার’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। গানটি লেখার অনুপ্রেরণা জ্যাগার পেয়েছিলেন মার্শার কাছ থেকেই। ১৯৭২ সালে প্রথম চাউর হয়েছিল, মিক জ্যাগার ও মার্শার প্রেমকাহিনি। জ্যাগারের প্রথম সন্তানের মা তিনি। মার্শা বর্তমানে ফ্রান্সে বসবাস করছেন।