তিন সংগঠনের সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টরস গিল্ড এবং অভিনয়শিল্পী সংঘের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। গত শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ স্মারকে স্বাক্ষর করা হয়। এ সময় তিনটি সংগঠনের নেতারাসহ কলাকুশলীরা উপস্থিত ছিলেন। পরে চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক বলেন, ‘আগামী দিনে টেলিভিশন শিল্প একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সুশৃঙ্খল নিয়মের মধ্য দিয়ে পরিচালিত হবে, এরই প্রথম উদ্যোগ হিসেবে এটি করা হলো।’

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব জানান, চুক্তিতে মোট ৪২টি ধারা রয়েছে। প্রধান কয়েকটি বিষয়ের মধ্যে রয়েছে অভিনয়শিল্পীদের শুটিংয়ের সময় নির্ধারণ করা, তিন সংগঠনের বাইরের কারও কাজ করার সুযোগ না থাকা এবং কাজের আগে উভয়ের মধ্যে লিখিত চুক্তি হওয়া।

আহসান হাবীব আরও বলেন, প্রাথমিক কিছু কাজ শেষে আগামী সেপ্টেম্বর থেকে এই সমঝোতা স্মারক কার্যকর হবে।