তিন সংগীতশিল্পীর গানের বই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফকির আলমগীর, সঞ্জীব চৌধুরী ও তপুর বই এসেছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়। গত ১০ বছরে সঞ্জীব চৌধুরীর লেখা গানের কথা রয়েছে সঞ্জীব চৌধুরীর গানের খাতা বইটিতে। এর মুখবন্ধ লিখেছেন বাপ্পা মজুমদার। তিনি বললেন, ‘সঞ্জীবদার গান মানেই আমাদের কাছে অন্য রকম কিছু। তাঁর সেই গানের কথাগুলো বই আকারে এসেছে। এটা আমাদের কাছে আনন্দের পাশাপাশি আবেগের ব্যাপার।’ ফকির আলমগীর জানালেন, এবার তাঁর দুটি বই এসেছে। গণসংগীত ও মুক্তিযুদ্ধ বের করেছে অনন্যা এবং আকাশ প্রকাশনী থেকে এসেছে আমার কথা। তপুর বইয়ের নাম একটা গোপন কথা। এ বইতে নিজের অ্যালবামের গানের পাশে থাকছে ছেলেবেলায় তপুর লেখা যত ছড়া ও কবিতা। তপু বললেন, ‘আমার সেই সব ছড়া ও কবিতা মা জমিয়ে রেখেছিলেন। সঙ্গে আমার জনপ্রিয় হওয়া গানগুলো তো আছেই।’ একুশের গ্রন্থমেলায় সঞ্জীব ও তপুর বইগুলো এনেছে আজব প্রকাশনী।