তিন সুভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ২২ শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এ দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, উপন্যাস অবলম্বনে বেশ কিছু নাটক, চলচ্চিত্র নির্মিত হয়েছে। রবীন্দ্রনাথের গল্পের মধ্যে উল্লেখযোগ্য একটি চরিত্র ‘সুভা’। আর ‘সুভা’ নিয়ে এ দেশে একাধিক নাটক ও একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। এই চরিত্রে অনেকেই অভিনয় করেছেন। তেমন তিনজন—সুবর্ণা মুস্তাফা, পূর্ণিমা ও ঐন্দ্রিলার কাছে জানতে চাওয়া হয়েছিল অভিনীত প্রিয় এই চরিত্রটি নিয়ে তাঁদের অভিজ্ঞতার কথা।সুবর্ণা তখন শিক্ষার্থী। নবম শ্রেণীতে পড়েন। সময়টা ১৯৭৬ সাল। একদিন আবদুুল্লাহ আল-মামুন ডেকে পাঠালেন। সুভা নাটকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলো সুবর্ণাকে। পাঠ্যবইয়ে সুভা আগেই পড়া ছিল সুবর্ণার। তবে ওই বয়সে সুবর্ণা বুঝে ওঠেননি যে সুভা কত বড় একটি চ্যালেঞ্জিং চরিত্র। বিশেষ করে অভিনয়ের ক্ষেত্রে তো আরও কঠিন একটি চরিত্র। চারপাশেই পরিচিত মানুষ। তাই রাজি হয়ে গেলেন।‘এরপর কাজ শুরু হলো। এ নাটক দিয়েই আমি আর আফজাল একসঙ্গে কাজ শুরু করলাম। অদ্ভুত এক অভিজ্ঞতা অর্জিত হলো। আমার এখনো মনে আছে, অবারিত শস্যখেত ধরে ছুটে বেড়াচ্ছি আমি। ক্যামেরা আমাকে ধারণ করছে। আবদুল্লাহ আল-মামুন নির্দেশনা দিচ্ছেন। ফলে আমাকে খুব বেশি বেগও পেতে হলো না। তিনি যেভাবে কাজটা করতে বললেন, আমি সেভাবেই করলাম।’ বলছিলেন সুবর্ণা মুস্তাফা। বাংলাদেশ টেলিভিশনে প্রথম সুভা নাটকে অভিনয় করেছিলেন তিনি। তাঁর কাছ থেকেই জানা হলো আরও কিছু তথ্য।সে সময় যে বয়স, তাতে আসলে সুভা নাটকে অভিনয়ের জন্য আলাদা করে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, এমন ভাবনা ছিল না সুবর্ণার। একবার যেমন ইনডোরে কাজ হচ্ছে। লাইট, ক্যামেরা প্রস্তুত করা হচ্ছে। শুটিংয়ের জন্য সুবর্ণাকে ডাকা হলো। তাঁর কোনো খোঁজ নেই। কী ব্যাপার, সুবর্ণা কোথায়? দেখা গেল, শুটিং ফ্লোরেই ঘুমিয়ে পড়েছেন সুবর্ণা। চিত্রগ্রাহক আবদুল্লাহ আল-মামুনকে ডেকে বললেন, ‘আপনার সুভা তো ঘুমাচ্ছে।’ তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম ভাঙানো হলো তাঁর। আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন সুবর্ণা। রবীন্দ্রনাথের একটি গান ব্যবহার করা হলো এ নাটকে। ‘বিধি ডাগর আঁখি যদি দিয়েছিল/ সে কি আমারি পানে ভুলে পড়িবে না\’। ‘গানটির শুটিং শেষে মামুন চাচা বললেন, রবীন্দ্রনাথ হয়তো তোমার সুন্দর চোখ দুটির জন্য গানটি রচনা করেছিলেন।’ বললেন সুবর্ণা।এরপর সুভা প্রচারিত হলো। বেশ প্রশংসা পেলেন সুবর্ণা। আজও সুবর্ণার কাছে এটি একটি উল্লেখযোগ্য চরিত্র হয়েই আছে।অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অবস্থায় অনেক নাটকেই অভিনয় করলেন ঐন্দ্রিলা। তারপর একটা লম্বা বিরতি। কিন্তু বাবা বুলবুল আহমেদ অভিনয়ে ফিরিয়ে আনতে চাইলেন ঐন্দ্রিলাকে। কীভাবে? কোন নাটক দিয়ে ঐন্দ্রিলা আবার যাত্রা করবেন?রবীন্দ্রনাথের গল্প ভালোবাসতেন বুলবুল আহমেদ। তাই মেয়েকে সঙ্গে নিয়েই গল্পগুচ্ছ পড়া শুরু করলেন। শেষমেশ বাবা ও মেয়ে দুজনই ‘সুভা’ চরিত্রটিকে ধরে নাটক বানানোর সিদ্ধান্ত চূড়ান্ত করলেন। নিজেদের মতো করে কিছু দৃশ্য দাঁড় করালেন। একটা চিত্রনাট্যও করলেন। এরপর নাট্যকার ফজলুল করিমকে দিয়ে সেটি পরিবর্ধন, পরিমার্জন করে নিলেন।‘এবার আব্বু বললেন, পোশাক কী হবে? আব্বু আমাকে কিছু টাকা দিয়ে বললেন, “পোশাক-আশাক সব তৈরি করে নাও।” আমি নেমে পড়লাম। এর মধ্যে যে কী আনন্দ পাচ্ছিলাম, তা আর বলে শেষ করা যাবে না। বাজারে গিয়ে কাপড় কিনে থ্রি-কোয়ার্টার ব্লাউজ তৈরি করলাম। পুরোনো বইপত্র ঘেঁটে আবিষ্কার করলাম, ওই সময় মেয়েরা সিঁদুর দিয়ে টিপ পরত। ওই টিপ জোগাড় করলাম। আব্বু বললেন, “একটু ঘাটতি আছে। চোখে কাজল দিতে হবে।” ব্যস, সব চূড়ান্ত হলো। আমরা কাজ শুরু করলাম।’ বলছিলেন ঐন্দ্রিলা। নাটকের শুটিং করতে গিয়ে একটি দৃশ্যে সবাই বেশ আবেগাপ্লুত হয়ে পড়লেন। বাবা বকা দিয়েছে সুভাকে। সুভা বোবা। কথা বলতে পারে না। বাড়ির গরু দুটির দেখাশোনা করে। মনের দুঃখে গিয়ে গরুর কাছে কাঁদে। সুভার কান্না নিরীহ প্রাণীকেও কাঁদায়। ক্যামেরায় যখন এই দৃশ্য ধারণ হচ্ছিল, তখন পরিচালক বুলবুল আহমেদ আর চোখের পানি ধরে রাখতে পারেননি। ঐন্দ্রিলা বললেন, ‘আব্বু আসলে এতটাই সিরিয়াস ছিলেন যে তিনি নিজের আবেগকে ধরে রাখতে পারেননি।’নাটক প্রচার হলো। ‘এরপর তো একের পর এক ফোন। আমি তখনো জানতাম না যে এ চরিত্রটিতে একসময় সুবর্ণা আন্টি অভিনয় করেছিলেন। অনেকেই বললেন, সুবর্ণা আন্টির সেই কাজ দেখার পর অনেক দিন এমন কাজ দেখা যায়নি। তাঁরা আমাকে উৎসাহ দিলেন এবং ভবিষ্যতে আরও ভালো অভিনয়ের প্রত্যাশা করলেন আমার কাছে।’ বললেন ঐন্দ্রিলা।‘আমি বুঝতেও পারিনি যে পূর্ণিমা এতটা ভালো করবে। আমি অনেকটাই দ্বিধায় ছিলাম। বোবার চরিত্রে অভিনয়টা না জানি কেমন হবে! কিন্তু ছবির কাজ শেষ করার পর যখন দেখলাম, তখন নিজেই থ হয়ে গেলাম। অসাধারণ কাজ করেছিল পূর্ণিমা। আমার তো মনে হয়েছিল, ও রবিবাবুর অঙ্কিত সুভা হয়ে পর্দায় ধরা দিয়েছিল।’ সুভা ছবি নির্মাণ করেছিলেন চাষী নজরুল ইসলাম। সুভা ছবিতে পূর্ণিমার কাজ সম্পর্কে বলতে গিয়ে এমন করেই উচ্ছ্বসিত প্রশংসা করলেন তিনি। আর পূর্ণিমা কী বলেন? ‘একটি দৃশ্য তো আমার চোখের সামনে ভেসে ওঠে। গরুর গলা ধরে আমাকে কাঁদতে হবে। তো গরুটির কাছে কেউ যেতে পারছে না। সম্ভবত ওকে পোষ মানাতে কেউ পিটিয়েছে। তবু তাকে পোষ মানানো যাচ্ছিল না। আমাকে পরিচালক বললেন, “তুমি গরুর গলায় একটু হাত বুলিয়ে দেবে, তারপর গলা ধরে কাঁদবে।” ভাবলাম, গুঁতো মারলে তো সর্বনাশ। ক্যামেরা চলছে। আমি কাঁদছি। ধীরে ধীরে গরুর কাছে গেলাম। মাথায় হাত বুলালাম। তারপর গলায় হাত বুলিয়ে দিলাম। ওর গলা জড়িয়ে কাঁদছি। আমিও বোবা, গরুটিও বোবা। কেউই কথা বলতে পারি না। হঠাৎ খেয়াল করলাম, গরুর চোখ থেকে পানি ঝরছে। আমি তো থ হয়ে গেলাম। আমার অভিনয় থেমে গেল। পরিচালক ক্যামেরাম্যানকে বললেন, “দ্রুত গরুর চোখের ওপর ক্যামেরা ধরো।” গরুর কান্নাটা ধারণ করা হলো। যখন শুটিং শেষ হলো, পরিচালক বললেন, “আমার জীবনে এ ধরনের দৃশ্য আমি দেখিনি।” সুভা ছবির শুটিংয়ের দৃশ্যের বর্ণনা করতে গিয়ে এভাবেই বলছিলেন পূর্ণিমা।’ ছবি সম্পর্কে পূর্ণিমা বললেন, প্রথম যখন তাঁকে এ ছবিতে কাজ করার কথা বলা হয়, তখন মনে হয়েছিল এটি তাঁর পক্ষে অসম্ভব। কারণ পুরো ছবিতেই বোবা হয়ে থাকতে হবে। সংলাপ বলতে পারবেন না, কিন্তু ইশারায় সংলাপ বোঝাতে হবে। এ কী করে সম্ভব? পরিচালক চাষী নজরুল ইসলাম বললেন, ‘তোমার চোখ কথা বলবে। তোমার ঠোঁট দুটো অনেক কিছুই বুঝিয়ে দেবে। তোমার হাসি, কান্না মানুষকে হাসাবে ও কাঁদাবে।’ ু‘আমি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস শুরু করলাম। এক দিন, দুই দিন, তিন দিন। এমন করে যখন ক্যামেরার সামনে দাঁড়ালাম এবং শুটিং করলাম, পরে ুেদখা গেল যে আমি যেন বোবাই হয়ে যাচ্ছি। কেউ কিছু বললে ইশারায় কথা বলতাম। এটা করতাম অভিনয়টাকে আত্মস্থ করতে। আমার কাছে মনে হয়েছে, অভিনয়ের অনেকগুলো ধাপ আছে। এর মধ্যে বোবার চরিত্রে কাজ করার ধাপটা অনেক কঠিন একটি কাজ। আর এ কাজটি সহজ করে তোলাটাই হচ্ছে অভিনেত্রীর কাজ।’