তিনজন বীরাঙ্গনার গল্প ‘বিদেহ’
‘মুক্তিযুদ্ধে যে নারীরা দেশকে স্বাধীন করার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন, তাঁদের সেই আত্মত্যাগের কথা কি আমাদের মনে আছে? আজ তাঁরা কোথায় আছেন? আমরা কেউ কি তাঁদের চিনি? এমনই ভাবনা থেকে তৈরি হয়েছে নাটক বিদেহ। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের পৃষ্ঠপোষকতায় নাটকটি তৈরি হচ্ছে।’ বললেন লাকী ইনাম। বিদেহ নির্দেশনা দিচ্ছেন তিনি।সিরাজগঞ্জের ২১ জন বীরাঙ্গনার ওপর কাজ করেছেন লাকী ইনাম। তাঁদের জীবন, দুঃখ, কষ্ট আর বর্তমান অবস্থার কথা ধারণ করা হয়েছে ভিডিওতে। তাঁকে সহযোগিতা করেছেন ফেরদৌসী আবেদিন। পরে এসব গল্প নিয়ে তৈরি হয়েছে মঞ্চের জন্য নাটক বিদেহ। লিখেছেন শাহমান মৈশান। তিনটি চরিত্রের মধ্য দিয়ে এই ২১ জন বীরাঙ্গনাকে তুলে ধরেছেন তিনি।নাটকে এ তিনটি চরিত্রে অভিনয় করছেন মোমেনা চৌধুরী, ফেরদৌসী আবেদিন ও জ্যোতি সিনহা।লাকী ইনাম বলেন, ‘বীরাঙ্গনাদের নিয়ে আমি অনেক আগে থেকেই কাজ করছি। ২০০২ সালে মঞ্চের জন্য তৈরি করি নাটক আমি বীরাঙ্গনা বলছি। নাটকটিতে আমি একক অভিনয় করেছি। এবার কাজ করছি বিদেহ নিয়ে। শুনেছি, ঈদের পর থেকে নাটকটির নিয়মিত প্রদর্শনী হবে। তার আগে এ মাসেই বিদেহর উদ্বোধনী প্রদর্শনী হওয়ার সম্ভাবনা আছে।’