তিনজনই তিনজনার
কয়েক দিন আগেই মোটরসাইকেলে দুর্ঘটনায় পড়েছিলেন। চালক ছিলেন সন্ধি আর পেছনের আসনে সভ্যতা। যথারীতি বেশ আঘাতপ্রাপ্ত হন দুই ভাইবোন। একটুতেই ঘাবড়ে যান সন্ধি। তাই নিজে আঘাতপ্রাপ্ত হয়েও ফেরার পথে সভ্যতা ভাইকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে নিয়ে আসেন। বোনের কথার সঙ্গে সায় দেন সন্ধি। হাতের ক্ষতটা দেখিয়ে বলেন, ‘আসলে ওর চেয়ে আমি বেশি ব্যথা পেয়েছিলাম।’ ছোট দুই ভাইবোনের কথার মধ্যে এবার বড় বোনের প্রবেশ। ‘সন্ধি বরাবরই এমন। এই তো কিছুদিন আগে আমি টিউমারের অস্ত্রোপচার করাতে গিয়েছিলাম দেশের বাইরে। সঙ্গে গিয়েছিলেন বাবা ও সভ্যতা। সুস্থ হয়ে দেশে ফিরলাম। বাসায় ল্যাপটপে একদিন ছবিগুলো দেখাচ্ছিলাম। হঠাৎ দেখি সন্ধি নাক টানছে। বুঝলাম ও কাঁদছে। আমি বললাম, আমি ভালো হয়ে ফিরে এসেছি। এখন কান্নার কী আছে? এই জন্যই তো সন্ধিকে না নিয়ে ছোট হওয়া সত্ত্বেও সভ্যতাকে নিয়েছি।’ বলছিলেন অভিনয় ও কণ্ঠশিল্পী স্বাগতা। বড় বোনের কথার রেশ ধরেই সন্ধি বলেন, ‘তোমার কত কষ্ট হয়েছে—এসব দেখেই তো মন খারাপ হয়েছিল।’স্বাগতা, সন্ধি ও সভ্যতা—একে অপরের যেন অন্তরাত্মা। কখনো তাঁরা পরস্পরের সমালোচক, কখনো বা অভিভাবক। তবে দিনশেষে তিনজনই তিনজনের সবচেয়ে ভালো বন্ধু। তাই বলে ঝগড়া যে হয় না, তা নয়। এই গোপন কথা ফাঁস করে দেন সন্ধি। ‘আমার সঙ্গে ওদের দুজনের ঝগড়া হয় না। কিন্তু আপু আর সভ্যতার প্রায়ই ঝগড়া হয়।’ স্বাগতা বলে ওঠেন, ‘সভ্যতা স্বার্থপর। ওর কোনো পোশাক পরলেই ঝগড়া বাধিয়ে দেয়।’ ছোট বোন ব্যাখ্যা দেন, ‘আপু যেগুলো আমাকে উপহার দেয়, সে নিজেই সেসব জিনিস ব্যবহার করে। আমার থেকেও বেশি। তাই তো আমি বলি।’নানা বিষয়ে তাঁদের অমিল থাকলেও একটা বিষয়ে মিল আছে। তিনজনই গান-অন্তঃপ্রাণ। ‘আমাদের সিদ্ধেশ্বরীর বাসায় সারাক্ষণ গান চলে। জন্মের পর থেকেই দেখছি। কথা বলতে পারার আগেই আমরা গানের সুর শিখেছি। বড় বড় ওস্তাদ আসতেন। আমরা পাশে গিয়ে বসে থাকতাম। আনন্দম সংগীতাঙ্গন নামে বাড়িতে একটি গানের স্কুল আছে। বাবাই মূলত সেখানে গান শেখান। এখন সন্ধি গিটার আর সভ্যতা পিয়ানো শেখান। ছেলেবেলায় বাবা আমাদের উচ্চাঙ্গসংগীত শেখাতেন। মা শুনতেন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে-এর গান। সে জন্য সব ধরনের সংগীত, সুর ভালো লাগে। এখন সভ্যতার কল্যাণে নতুন নতুন দেশ-বিদেশের অনেকের গান শোনা হয়। নতুন কিছু শুনলেই সেটা সভ্যতা আমাকে আর সন্ধিকে শুনিয়ে ছাড়ে। দেখা যায় আমাদের রুচি-পছন্দ প্রায় কাছাকাছি।’ বলেন স্বাগতা। অর্ণব, বাপ্পা মজুমদারের গান তিন ভাইবোনেরই পছন্দ। স্বাগতার সুবীর নন্দী ও ফেরদৌস আরার গান ভালো লাগে। আর সভ্যতা বিটলসের ভক্ত।স্টামফোর্ড ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী সন্ধি সংগীতায়োজকই হতে চান। ফলে সব ধরনের সুর-সংগীত তাঁকে শুনতে হয়। সন্ধির এয়ারটেল নিবেদিত দেশের প্রথম রেডিও মিউজিক্যাল ড্রামা ‘ভালোবাসি তোমাকে’ বেশ জনপ্রিয় হয়েছে। এর পুরো কাজটা অ্যাকুয়িস্টিক বাদ্যযন্ত্র দিয়ে করেছেন তিনি। এ ছাড়া বিজ্ঞাপনের জিঙ্গেল তৈরি করছেন। পাশাপাশি পড়শী, এলিটা করিমের গানের সুর ও সংগীতায়োজনের কাজ চলছে। এই ঈদে আসছে তাদের ব্যান্ডদল মহাকালের নতুন অ্যালবাম। স্বাগতা, সন্ধি ছাড়াও এই দলে আরও তিনজন ব্যান্ড-সদস্য আছেন। ‘এই অ্যালবামের কাজ নিয়েও অনেক ব্যস্ততা গেছে। মাঝে এয়ারটেলের নাটক ভালোবাসি তাই ভালোবেসে যাই-এর আবহসংগীত ও গানের সংগীতায়োজন করেছি। সামনের বছর—ইচ্ছা আছে—সভ্যতার অ্যালবামের কাজ শুরু করব।’ বললেন সন্ধি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে প্রথম বর্ষে পড়েন সভ্যতা। ‘অনেকে আমাকে অভিনয় করতে বলেন। দেশের খ্যাতনামা পরিচালকদের একটি-দুটি নাটকে কাজও করেছি। কিন্তু স্বচ্ছন্দ বোধ করি না। আমার ধ্যানজ্ঞান গান। এটি নিয়েই থাকতে চাই। শখের বশে ফটোগ্রাফি করি। শর্টফিল্ম তৈরি করে পুরস্কারও জিতেছি। আর সারা বছর অপেক্ষা করি আবার কবে বইমেলা আসবে।’প্রায় প্রতি রাতেই তিন ভাইবোন মিলে বিশ্বের সেরা চলচ্চিত্রগুলো দেখেন। কারও কাছে দুর্লভ কোনো চলচ্চিত্র পেলেই হলো, সেটা দেখা তাঁদের চাই-ই। স্বাগতা বলেন, ‘এখন তো ঈদের নাটকের শুটিং চলছে। পাশাপাশি মহাকালের অ্যালবামের কাজ শেষ করলাম। আর উপস্থাপনাও করতে হচ্ছে। সব মিলিয়ে ব্যস্ত সময় কাটে। এর মধ্যেও পরিবারকে পর্যাপ্ত সময় দিই। আর আমি যেহেতু অনেক কাজ করি, তাই সবটাই সমান দক্ষতার সঙ্গে করতে চাই। যখন যে কাজ করি তাতে নিজের সর্বোচ্চটুকু ঢেলে দিই। যদি তা রান্না হয়, তবু।’ সন্ধি-সভ্যতা বোনের কথার সঙ্গে সম্মতি প্রকাশ করলেন। এ-ও জানালেন, স্বাগতা ভালো রাঁধুনিও।