তিনটি তথ্যচিত্রের প্রদর্শনী
চেতনায় একুশ: একটি গানের ইতিহাস, পথে পথে দিলাম ছড়াইয়া ও মাস্টারমশাই—এই তিনটি তথ্যচিত্র তৈরি করেছেন নিশাত জাহান। প্রথমটি তিনি তৈরি করেছিলেন ১৯৯৮ সালে। ভাষা আন্দোলনের ওপর রচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির ইতিহাস নিয়ে, দ্বিতীয়টি শিল্পী কলিম শরাফীর দীর্ঘ জীবনের ওপর এবং তৃতীয়টি সন্তোষ গুপ্তের জীবনের কথা। আজ সন্ধ্যায় এই তিনটি তথ্যচিত্রের প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ফিল্ম সেন্টার। নিশাত জাহান জানান, কলিম শরাফীর ৮০ বছর পূর্তি উপলক্ষে তিনি তৈরি করেছিলেন পথে পথে দিলাম ছড়াইয়া। এই তথ্যচিত্রে কলিম শরাফীর জীবনের নানা ঘটনা ধরা আছে। আর তথ্যচিত্রটি তৈরি করতে সময় লেগেছে প্রায় পাঁচ বছর। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি নিয়ে চেতনায় একুশ: একটি গানের ইতিহাস তথ্যচিত্রের দৈর্ঘ্য ১৯ মিনিট। এর কাজ হয়েছে ১৯৯৮ সালে। আর ৩২ মিনিটের তথ্যচিত্র মাস্টারমশাই সন্তোষ গুপ্তের জীবন নিয়ে। আর এটি তৈরি করেছিলেন ২০০৬ সালে। নিশাত জানান, এখন তিনি কবি শামসুর রাহমান ও সংগীতশিল্পী আবদুল আহাদকে নিয়ে দুটি তথ্যচিত্র তৈরির কাজ করছেন।