তিনটি নতুন নাটক আসছে
ঢাকার মঞ্চে আরও তিনটি নতুন নাটক আসছে। নাটকগুলো হলো: পালাকার স্টুডিও থিয়েটার করছে বাংলার মাটি বাংলার জল, সুবচন নাট্যসংসদ করছে একটি নাটক, বটতলা করছে নয়া ঈশ্বর।সৈয়দ শামসুল হকের লেখা বাংলার মাটি বাংলার জল নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র থেকে লেখা হয়েছে। নাটকটির নির্দেশনায় আছেন আতাউর রহমান। দল সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাস থেকে নাটকটির মহড়া শুরু হয়েছে। নাটকটির গল্প সম্পর্কে আতাউর রহমান বলেন, ‘আমরা নাটকটিতে একটা ভিন্ন রবীন্দ্রনাথকে পেয়েছি।’ তিনি জানান, রবীন্দ্রনাথ এখানে বসেই জাতীয় সংগীত রচনা করেছিলেন। ১৮৯২ সালে রবীন্দ্রনাথ এই বাংলায় জমিদারি দেখতে শাহজাদপুর, পতিসর ও শিলাইদহে এসেছিলেন। টানা ছয় বছর ছিলেন। তখনকার লেখা পত্রগ্রন্থ নিয়ে তিনি ছিন্নপত্র বের করেছিলেন। আতাউর রহমান বলেন, ‘আমি নিজ দলের বাইরে পালাকারের সঙ্গে কাজ করছি। আমার মতের সঙ্গে তাদের মতের অনেক মিল আছে। আশা করছি, আগামী জুলাই মাসে নাটকটি মঞ্চে আনতে পারব। নাটকটিতে পালাকার স্টুডিও থিয়েটারের নতুন ও পুরোনো অনেকেই অভিনয় করছেন।’প্রথমবারের মতো প্রয়াত বাউল সাধক শাহ আবদুল করিমের জীবন নিয়ে মঞ্চনাটক নির্মিত হচ্ছে। সুবচন নাট্যসংসদের ব্যানারে নাটকটি মঞ্চে আসছে। নাটকটির নাম এখনো ঠিক হয়নি। দল সূত্রে জানা গেছে, আগামী জুন মাসের মাঝামাঝি নাটকটি মঞ্চে আসবে। নাটকটি লিখেছেন শাকুর মজিদ আর নির্দেশনায় আছেন সুদীপ চক্রবর্তী। সুবচন নাট্যসংসদের প্রধান সম্পাদক আহাম্মদ গিয়াস জানান, প্রায় ১০ বছর ধরে শাকুর মজিদ শাহ আবদুল করিমের গান, তাঁর জীবনী নিয়ে গবেষণা করছেন। এর আগে একটি প্রামাণ্যচিত্রও তিনি নির্মাণ করেছেন। খুব কাছ থেকে দেখে শাহ আবদুল করিমের জীবন নিয়ে শাকুর মজিদ নাটকটি লিখছেন। তিনি বলেন, নাটকটি সংগীতনির্ভর। প্রচুর কোরিওগ্রাফি থাকবে। গত ১৬ এপ্রিল নাটকটির কাজ শুরু হয়েছে। কাজের মধ্য দিয়ে নাটকটির গল্প প্রতিনিয়ত ভাঙাগড়া চলছে।নাটকটিতে অভিনয় করছেন আসাদুল ইসলাম আসাদ, আহাম্মদ গিয়াস, আহসান হাবিব নাসিম, রূপা নাসরীন, সোহাগ, মুন্নী, তানভির, শিল্পী, সোহেল প্রমুখ। অন্যদিকে নাটকের দল বটতলা তাদের চতুর্থ প্রযোজনা হিসেবে মঞ্চে আনতে যাচ্ছে নয়া ঈশ্বর। ইতিমধ্যে নাটকটির মহড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গত ফেব্রুয়ারিতে নাটকটির কাজ শুরু হয়েছে। আবদুল্লাহেল মাহমুদের লেখা নাটকটির নির্দেশনায় মোহাম্মদ আলী হায়দার। নাটকটি গড়ে উঠেছে ২০০ বছরের পরের পৃথিবীর গল্প নিয়ে। তখন মানুষের জীবনটা কেমন হবে—এসব গল্প নিয়ে নাটকটি। অভিনয় করছেন মিজানুর রহমান, আবদুল কাদের, চন্দন পাল, বর্ণা সিদ্দিক, হুমায়রা আক্তার, আমিনা সুলতানা মৌ, এ জেড এম কায়েস, আবদুস সালাম প্রমুখ। মোহাম্মদ আলী হায়দার জানান, আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে নাটকটি মঞ্চে উঠবে।