তিনটি পুরস্কার জিতলেন প্রিয়তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়তি
প্রিয়তি

সেরা পাঁচ-এ জায়গা করে নেওয়ার পরও সেরার মুকুট জেতা হলো না প্রিয়তির। এই কষ্ট হয়তো তাঁকে অনেক দিন ভোগাবে। কিন্তু তাতে কী! ঠিকই চারজনকে পেছনে ফেলে জিতে নিলেন মিজ আর্থের তিনটি বিভাগের সেরার পুরস্কার। এগুলো হলো ‘মিজ কমপ্যাশনেট’, ‘মিজ বেস্ট গাউন’ ও ‘মিজ ফিটনেস’।
বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের নিয়ে আয়োজন করা হয় মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ‘মিজ আর্থ ২০১৫’। দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় এ মাসের ১৩ তারিখ শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। শেষ হয়েছে গতকাল। প্রায় ৬৫টি দেশের বিভিন্ন প্রতিযোগিতা থেকে উঠে আসা সুন্দরীরা লড়েছেন এই প্রতিযোগিতায়। আয়ারল্যান্ডের হয়ে লড়েছেন ১৪ বছর আগে সে দেশে পাড়ি জমানো বাংলাদেশি বংশোদ্ভূত প্রিয়তি। গত বছর ‘মিজ আয়ারল্যান্ড-২০১৪’ খেতাব পান তিনি।
মিজ আর্থ প্রতিযোগিতায় পা দেওয়ার আগে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়েছে তাঁকে। শুরু হয়েছিল সাধারণ মানুষের কাছ থেকে ভোট গ্রহণের মাধ্যমে। এ ক্ষেত্রে প্রতিযোগিতার নির্দিষ্ট ওয়েবসাইটে কার্ডের মাধ্যমে ১০ ডলার খরচ করে দেওয়া গেছে ১০টি ভোট। তারপর ছিল চ্যারিটি রাউন্ড। প্রত্যেক প্রতিযোগীকে কিছু দাতব্য সংস্থার জন্য তহবিল সংগ্রহ করতে হয়েছে। প্রিয়তি বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমি ডায়াবেটিস আয়ারল্যান্ড, আইরিস ক্যানসার সোসাইটি ও গৃহহীন মানুষের জন্য তহবিল সংগ্রহ করেছি।’
এসব অবশ্য মূল প্রতিযোগিতায় যোগ দেওয়ার আগেই করতে হয়েছে প্রিয়তিদের। তারপর জ্যামাইকায় ১৩ অক্টোবর থেকে যুক্ত হয়েছেন মিজ আর্থ প্রতিযোগিতার সঙ্গে। একে একে পার করেছেন বিভিন্ন রাউন্ড। ছিল বি​ভিন্ন ধরনের পোশাক পরে র‌্যাম্পে হাঁটা, সাক্ষাৎকার, নিজেকে উপস্থাপন করার বেশ কিছু কঠিন ধাপ। তারপরই সেরা পাঁচ-এ জায়গা করে নিয়ে গ্র্যান্ড ফিনালেতে অংশ নেওয়ার টিকিট পেয়েছেন তিনি।
প্রিয়তি পড়াশোনা শেষ করে আয়ারল্যান্ডেই স্থায়ী হয়েছেন। বৈমানিক হওয়ার প্রশিক্ষণ শেষ করে বেসরকারি বৈমানিক হিসেবে কর্মরত আছেন আয়ারল্যান্ডের একটি প্রতিষ্ঠানে। এ ছাড়া আয়ারল্যান্ডে কায়রন ডেভিস নামের একজন পরিচালকের দুটি চলচ্চিত্রে কাজ করছেন তিনি। এর একটি আছে মুক্তির অপেক্ষায়, আরেকটির শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে।