তিনি আমার গুরুবোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথকে ভালোবাসতেন তিনি, ভালোবাসতেন রবীন্দ্রনাথের গান। রবীন্দ্রসংগীতের নিবেদিতপ্রাণ এই শিল্পী সুচিত্রা মিত্র গত ৩ জানুয়ারি পৃথিবী থেকে চিরবিদায় নেন। তাঁকে স্মরণ করে লিখেছেন রবীন্দ্রসংগীতের আরেক শিল্পী সাদি মহম্মদ আমি ভারতের শান্তিনিকেতনে ভর্তি হয়েছিলাম ১৯৭৫-৭৬ শিক্ষাবর্ষে। সুচিত্রা মিত্রের গানের সঙ্গে তো সেই ছোটবেলা থেকেই পরিচিত ছিলাম। তাঁর গায়কি, পরিবেশনার বলিষ্ঠ ভাব দেখে তখনই মুগ্ধ হয়েছিলাম। শান্তিনিকেতনে যাওয়ার পর তাঁকে কাছ থেকে দেখলাম। কিন্তু তাঁর খুব পাশে বসে গান শোনার সুযোগ হলো ১৯৭৭ সালে। ওই সময় বোলপুরে ইন্দিরা গান্ধী এসেছিলেন। যতদূর মনে পড়ছে, কংগ্রেসের নেত্রী হিসেবেই তিনি এসেছিলেন। এক সভায় তিনি বক্তব্য দেবেন। শান্তিনিকেতন থেকে আমরা গিয়েছিলাম সভার উদ্বোধনী গান গাওয়ার জন্য। ইন্দিরা গান্ধী তখনো এসে পৌঁছাননি। এদিকে লোকসমাগম হয়ে গেছে। আমরাও বসে আছি। দেখি, মঞ্চে টুলে বসে শুধু হারমোনিয়াম দিয়ে একের পর এক গান গেয়ে শোনালেন সুচিত্রাদি। তাঁর পায়ের কাছে বসেছিলাম আমি। এমন বড় মাপের একজন শিল্পী এভাবে গান করছেন—ভেবেই অবাক হচ্ছিলাম।ইন্দিরা গান্ধী আসার পর আমরা উদ্বোধনী সংগীত গেয়েছিলাম। গানটি ছিল ‘বিশ্ববিদ্যাতীর্থপ্রাঙ্গণ কর...’। আমাদের সঙ্গে মাটিতে বসে সুচিত্রা মিত্রও কণ্ঠ মিলিয়েছিলেন।আমরা ছিলাম শান্তিনিকেতনে, আর সুচিত্রাদি বিশ্বভারতীতে। তাঁর গুরু ছিলেন শান্তিদেব ঘোষ। আমার গুরুও শান্তিদেব ঘোষ। সেই সূত্রে আমাদের মধ্যে গুরুভাই-বোনের সম্পর্ক তৈরি হয়েছিল।রবীন্দ্রনাথ একসময় মহারাষ্ট্র থেকে ভি ভি ওয়াজেল নামের শাস্ত্রীয় সংগীতের একজন গুণী ওস্তাদকে শান্তিনিকেতনে গান শেখানোর জন্য এনেছিলেন। তাঁর প্রথম ব্যাচের ছাত্রী ছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, নীলিমা সেন, রাজেশ্বরী দত্তসহ আরও অনেকে। আর আমি ছিলাম শেষ ব্যাচের ছাত্র। কারণ, আমি যে বছর বেরিয়ে আসি, সেবারই ভি ভি ওয়াজেল অবসরে যান। তাঁকে নিয়ে একদিন কথা হচ্ছিল সুচিত্রাদির কলকাতার বাসায়। আশ্রমে দেখতাম সুচিত্রাদি খালি পায়ে হাঁটতেন। একেবারে নিঃশব্দে এসে ওস্তাদজিকে সালাম করে গিয়ে সামনে বসতেন। ওস্তাদজির কথা উঠতেই সুচিত্রাদি বললেন, ‘ভয়ানক রাগী ছিলেন তিনি। স্বরটা যদি না লাগত, মনে হতো তবলার বায়া ছুড়ে মারবেন। তবে তোমরা সেই রাগ দেখোনি। তখন রাগটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল।’বিটিভির রজতজয়ন্তী উপলক্ষে ১৯৮৬ সালে ঢাকায় এসেছিলেন সুচিত্রা মিত্র। তখন সংগীত ভবনে আমি আর রেজওয়ানা চৌধুরী বন্যা শিক্ষকতা করতাম। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন কলিম শরাফী। সুচিত্রাদির সঙ্গে তাঁর দারুণ বন্ধুত্ব ছিল। তাঁরা একসঙ্গে গণনাট্য সংঘ করতেন। তিনি সুচিত্রাদিকে সংগীত ভবনে নিয়ে এলেন। আমাদের ছেলেমেয়েরা তাঁকে শোনাল ‘এই তো ভালো লেগেছিল’ গানটি। শুনে ছেলেমেয়েদের খুব প্রশংসা করেছিলেন। কারণ, আমরা শান্তিনিকেতনে শান্তিদেব ঘোষের কাছ থেকে যেভাবে শিখেছিলাম, এখানেও তিনি গানের সেই স্বাদটা পেয়েছিলেন। আর এ কারণেই তাঁর এত বেশি ভালো লেগেছিল।রবিরাগের দুই যুগ পূর্তি উপলক্ষে আমরা সুচিত্রা মিত্রকে অতিথি হিসেবে আনতে চেয়েছিলাম। উদ্দেশ্য ছিল, তাঁকে দিয়েই উৎসব উদ্বোধন করাব।সুচিত্রা মিত্রকে আমন্ত্রণ জানাতে কলকাতায় তাঁর ফ্ল্যাটে যাই। দেখি, তিনি খুব অসুস্থ। কেমন যেন ছোটখাটো হয়ে গেছেন। কেয়ারটেকার বাবু তাঁর দেখাশোনা করে। আমার সঙ্গে আরও ছিলেন আমিনা আহমেদ। আমাদের আমন্ত্রণ পেয়ে তিনি বললেন, ‘ঢাকায় যাওয়ার খুব ইচ্ছে হয়। দেখি, যদি শরীরটা অনুমতি দেয়, তাহলে নিশ্চয়ই যাব। আমি এখন আর গান গাইতে পারি না। যদি যাই, তাহলে আবৃত্তি করব।’কিন্তু সুচিত্রাদি আসতে পারেননি। পরে আমাদের এই উৎসব উদ্বোধন করেছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়।কলকাতার ওই ফ্ল্যাটেই সুচিত্রাদির সঙ্গে আমার শেষ কথা হয়। বাংলাদেশে আসার বড় সাধ ছিল তাঁর। কিন্তু পারলেন না। তবে আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ এই গুণী শিল্পীকে কখনো ভুলবে না। তাঁর গানই তাঁকে আমাদের সবার মাঝে বাঁচিয়ে রাখবে।