তিনি এবার চলচ্চিত্র ও সংগীত পরিচালক
‘সংগীতজীবনে কখনো গানে সুর করার সাহস দেখাইনি। তিন বছর আগে প্রেমের তরী নামের অ্যালবামে একটি গানের সুর করেছিলাম। এবার চলচ্চিত্রে সংগীত পরিচালনার কাজটা করলাম। আমি তো আসলে সুরকার না। আমার কাজ হচ্ছে গান করা। অনেকটা শখের বশেই সুর দেওয়ার কাজটি করা এবং বলতে পারেন সাহসিকতার সঙ্গে চলচ্চিত্র পরিচালনায় নাম লেখানো।’ কথাগুলো বললেন গায়ক ফেরদৌস ওয়াহিদ। ছবিটি পরিচালনাও করবেন ফেরদৌস ওয়াহিদ নিজেই। পাশাপাশি প্রযোজনার কাজটিও করবেন তিনি। তাঁর পরিচালিত ছবিটির নাম হচ্ছে কুসুমপুরের গল্প। এতে মোট গান থাকবে সাতটি। এর মধ্যে একটি গান হচ্ছে হোলি নিয়ে। আর এ গানটির সংগীত পরিচালনার মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে সুর করলেন তিনি। গানের কথা হচ্ছে, ওরে আমার বাঁশিওয়ালা, ধইরো না গো সুর/তুমি আমার মনের রাজা, জানে কুসুমপুর/এত সুন্দর গাঁও তুমি, নাচো গো পারুল/দেখতে বড় সুন্দর লাগে, তোমার মাথার চুল।’ গানটির সুর করার পাশাপাশি এ কণ্ঠও দেবেন তিনি। সহশিল্পী হিসেবে থাকবেন ন্যান্সি। আগামী শুক্রবার ফেরদৌস ওয়াহিদের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেবেন তাঁরা। ছবি পরিচালনা সম্পর্কে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আসলে আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল একটি রুচিশীল ও বাণিজ্যিক ছবি বানানোর।’তবে সেটা অবশ্যই অন্য সিনেমাগুলো থেকে ব্যতিক্রম হবে। এটি হিন্দু সম্প্রদায়ের গল্প নিয়ে নির্মিত হবে। ছবির অভিনয়শিল্পী সম্পর্কে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘একজোড়া মুখ উপহার দিতে যাচ্ছি এই ছবিটির মাধ্যমে।’ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ইউসুফ আল মামুন।