তিনি এমনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাকের ভাইয়ের কিছু হলে, হুমায়ূন আহমেদকে ছাড়ব না’—নেত্রকোনা শহরের মহুয়া থিয়েটার আয়োজিত অনুষ্ঠানে দর্শকেরা যখন চিৎকার করে এই কথাগুলো বলছিলেন, সেখানে তখন অষ্টম শ্রেণী পড়ুয়া আমিও উপস্থিত। অন্য সবার মতো এসেছি অনুষ্ঠান দেখতে। হুমায়ূন আহমেদ এই অনুষ্ঠানের অতিথি। সেই প্রথম আমার সরাসরি হুমায়ূন স্যারকে দেখা। কোথাও কেউ নেই ধারাবাহিকটি দারুণ জনপ্রিয় তখন। বাকের ভাইয়ের ফাঁসি হবে কি হবে না— এই দোলাচলে মগ্ন সবাই। এসময়েই হুমায়ূন আহমেদের নেত্রকোনায় আগমন।পরে জেনেছি, তাঁর বাড়ি আমার পাশের গ্রামে—কুতুবপুর। ভাবতাম, ভবিষ্যতে আমি হুমায়ূন স্যারের সঙ্গে কাজ করব। সে জন্য প্রস্তুতিও নিয়েছি বিস্তর— নেত্রকোনা থেকে ঢাকায় এসে থিয়েটার স্কুলে ভর্তি হওয়া, আবৃত্তি শেখা, চলচ্চিত্র পরিচালনা ও ক্যামেরার ওপর কোর্স করা—সবকিছুই তাঁর সান্নিধ্য পাওয়ার আশায়।অবশেষে সুযোগ মিলল একসময়। হুমায়ূন আহমেদের ছোট বোন সুফিয়া খাতুন, মিরপুর সরকারি বাঙলা কলেজে আমার সরাসরি শিক্ষক। তাঁর মাধ্যমে একদিন আমার বিভিন্ন কোর্সের সনদপত্র নিয়ে গেলাম হুমায়ূন স্যারের বাসায়। তাঁকে দেখালাম সেগুলো। আমার সনদ দেখে স্বভাবসুলভ রসিকভঙ্গিতে স্যার বললেন, ‘তুমি তো দেখি অভিনয়, আবৃত্তি, চলচ্চিত্র পরিচালনা—সব বিষয়েই কোর্স করেছ। এখন বলো আর কোন বিষয়ে কোর্স করা বাকি আছে তোমার?’ এ প্রশ্নে আমি কোনো কথা বলি না। অতঃপর একসময় তিনিই বললেন, ‘আমার সঙ্গে কাজ করতে পারো, তবে প্রথমে শিখতে হবে।’ আমি বললাম, ‘স্যার, আমি শিখতে চাই, আপনার সঙ্গে থাকতে চাই।’ স্যারের একটি প্রিয় গালি হলো ‘ফাজিল’। আর সর্বোচ্চ শাস্তি কান ধরা—এর বেশি কাউকে কোনো শাস্তি দিতে পারতেন না তিনি। একবার প্রডাকশনের টাকা ছিনতাই হলো আমার কাছ থেকে। টাকা বাঁচাতে ছিনতাইকারীদের সঙ্গে মারামারি করে সামান্য আহত হলাম। ঘটনা শুনে মেজাজ তিরিক্ষি হয়ে গেল স্যারের। বললেন, ‘টাকা গেছে ক্ষতি নেই, কিন্তু তুমি ওদের সঙ্গে মারামারি লাগতে গেলে কেন?’ তাঁর চোখে সেদিন অসাধারণ মমতা দেখেছি আমি।আমরা যারা তাঁর সঙ্গে কাজ করেছি, প্রতি মুহূর্তেই শিখেছি। নাটক রচনা ও নির্মাণের খুঁটিনাটি বিষয় অনেকটা হাতে ধরিয়ে শিখিয়েছেন আমাদের। সব সময় নিজের হাতে নাটক লিখতেন। তবে গত মে মাসে আমেরিকা থেকে শেষবার বাংলাদেশে ফিরে আমাকে একটি নাটকের ডিকটেশন নিতে বললেন তিনি। আমার জন্য ঘটনাটি ছিল একেবারেই নতুন। তিনি বলেন, আমি লিখি। এমন ঘটনা স্যারের জীবনে এই প্রথম। স্যার তখন কলম ধরতে পারছিলেন না। আঙুল অসাড় হয়ে যাচ্ছিল। ওই অবস্থাতেই লেখা হলো গুঁড়ামরিচ পার্টি নামে নাটকটি। এই নাটক লেখার একপর্যায়ে স্যার আমায় বললেন, ‘একটা গল্প পড়ার পর দেখবে গল্পের ভেতরে এমন দু-তিন লাইন আছে, যা গল্পটির মোড় ঘুরিয়ে দেয়। আমেরিকা থেকে ফিরে এসে তোমাকে পুরোটা বুঝিয়ে দেব।’ঈশ্বর সেই সুযোগটি তাঁকে আর দিলেন না। আমারও জানা হলো না, গল্পের কোনো রহস্য আমার মতো ‘ফাজিল’কে বোঝাতে চেয়েছিলেন তিনি! জুয়েল রানা: প্রধান সহকারী পরিচালক, নুহাশ চলচ্চিত্র