তিনি কুরোসাওয়া
আজ আকিরা কুরোসাওয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকী। প্রাক্তন সামুরাইদের বংশধর আকিরা কুরোসাওয়া (২৩ মার্চ, ১৯১০-৬ সেপ্টেম্বর, ১৯৯৮) প্রখ্যাত জাপানি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সম্পাদক ও চিত্রনাট্যকার। বিংশ শতাব্দীর সেরা পরিচালকদের একজন তিনি। তাঁর প্রথম চলচ্চিত্র ছিল সানশিরো সুগাতা (১৯৪৩) এবং শেষ চলচ্চিত্র মাদাদাইয়ো (১৯৯৩)। তাঁর দুটি চলচ্চিত্র সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার লাভ করে। তিনি একাডেমি অ্যাওয়ার্ডসহ বহু আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।১৯৩৬ থেকে পরিচালক কাজিরো ইয়ামামোতো তাঁকে সহকারী পরিচালক হিসেবে নিয়ে বেশ কিছু কাজ করেন। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আকিরা তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি নির্মাণ করেন, যার নাম ছিল সানশিরো সুগাতা। অভিনেতা তোশিরো মিফুনেকে নিয়ে ১৯৪৮ সালে নির্মাণ করেন ড্রাঙ্কেন অ্যাঞ্জেল। কুরোসাওয়া ও মিফুন এরপর একে একে ১৬টি ছবিতে জুটি বেঁধে কাজ করেন। জাপানি চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা ছবি রশোমন (১৯৫০)-এর জন্মও এই জুটির হাত ধরেই। কুরোসাওয়া এই ছবি দিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন এবং পরবর্তীকালেএকাডেমি পুরস্কার লাভ করেন। তার চেয়েও বড় পুরস্কার হলো, রশোমন দিয়েই জাপানি চলচ্চিত্র নিজেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যায়। ওই সময় কুরোসাওয়া এমন কিছু কৌশল রপ্ত করেছিলেন, যা তাঁর ছবিগুলোকে অনন্য করে তুলত। ছবির শুটিংয়ের সময় তিনি টেলিফটো লেন্স ব্যবহার করতেন। কারণ, তাঁর বিশ্বাস ছিল, অভিনেতার কাছ থেকে ক্যামেরা দূরে রাখলে অভিনয় ভালো হয়। এ ছাড়া তিনি একাধিক ক্যামেরা ব্যবহার করতে পছন্দ করতেন। একাধিক ক্যামেরা ব্যবহারের জন্যই অ্যাকশন দৃশ্যগুলো বিভিন্ন কোণ থেকে দেখানো সম্ভব হতো। কুরোসাওয়ার ছবির আরেকটি বড় ট্রেডমার্ক হলো, ভাব সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আবহাওয়ার সাহায্য নেওয়া। রশোমন-এর শুরুর দৃশ্যে অঝোর বৃষ্টিপাত, সেভেন সামুরাই-এর শেষ যুদ্ধের দৃশ্য, স্ট্রে ডগ-এর প্রচণ্ড উত্তাপ, ইয়োজিম্বোতে তীব্র শীত, ইকিরুতে তুষারপাত এবং কুমোনোসুজোতে কুয়াশা।আকিরা চলচ্চিত্র মহলে টেনো বা সম্রাট হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। কাঙ্ক্ষিত ভিজ্যুয়াল ইফেক্ট তৈরির জন্য তিনি বিপুল সময় ও শ্রম ব্যয় করতেন। এ ক্ষেত্রে তাঁকে পারফেকশনিস্ট বলা চলে। রশোমনের শুরুর দৃশ্যে ভারী বৃষ্টিপাত ফুটিয়ে তোলার জন্য শুটিং এলাকার স্থানীয় পানির পুরো সাপ্লাই শেষ করে ফেলেছিলেন। আর এই পানির সঙ্গে ক্যালিগ্রাফির কালি মিশিয়ে কালো রঙের সৃষ্টি করেছিলেন। কারণ, কালো রঙের বৃষ্টির গাঢ়তা আরও ভালো বোঝা যায়। তিনি মনে করতেন অভিনেতাকে সিনেমার শটের জন্য সম্পূর্ণ নতুন পোশাক দিলে বিষয়টা বাস্তবসম্মত হয় না। এ জন্য অনেক সময় তিনি অভিনেতাদের শুটিংয়ের এক সপ্তাহ আগে পোশাক দিয়ে দিতেন। অভিনেতাদের প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ের জন্য এই পোশাক পরতে হতো এবং পোশাকের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হতো। বিশেষ করে সেভেন সামুরাই ছবিতে এটার দরকার পড়েছিল। কারণ, এ ছবির লোকজন অধিকাংশই ছিলেন গরিব কৃষক। এ কারণে অভিনেতাদের বলে দেওয়া হয়েছিল, তাঁরা যেন কাপড়গুলো এমনভাবে পরেন, যেন শুটিংয়ের সময় বোঝা যায়, সেটার অবস্থা ভালো না। আবহ সংগীত নিয়েও তাঁর ছিল ভিন্নমত। পরিপূর্ণ সংগীত চলচ্চিত্রের সঙ্গে যায় না বলে বিশ্বাস করতেন তিনি। এ কারণে ছবির জন্য গান ও সুর নির্বাচনের বেলায় তিনি সেটাকে একটি মাত্র বাদ্যযন্ত্রে নামিয়ে আনতেন। অর্থাৎ একটি সুরের জন্য কেবল একটি বাদ্যযন্ত্রই ব্যবহূত হতো। অবশ্য ছবির শেষের দিকে পরিপূর্ণ সংগীতের ব্যবহার বাড়িয়ে দিতেন।আকিরা কুরোসাওয়ার সেরা ১০টি চলচ্চিত্র ১. ড্রাঙ্কেন অ্যাঞ্জেল (১৯৪৮)২. স্ট্রে ডগ (১৯৪৯)৩. রশোমন (১৯৫০)৪. দ্য ইডিয়ট (১৯৫১)৫. ইকিরু (১৯৫২)৬. সেভেন সামুরাই (১৯৫৪)৭. থ্রোন অব ব্লাড (১৯৫৭)৮. দ্য হিডেন ফোরট্রেস (১৯৫৮)৯. ইয়োজিম্বো (১৯৬১)১০. র্যান (১৯৮৫)