
গতকাল কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনের সামনে মার্বেল পাথরে তৈরি তাঁর প্রতিকৃতির সাজটা ছিল একটু ভিন্ন। প্রতিকৃতিটি সাজানো হয়েছে ফুলে ফুলে। তাঁর পাশেই গড়া হয়েছে অস্থায়ী মঞ্চ। সেখানে কথাসাহিত্যিকের জন্মশতবর্ষ ঘিরে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হলো।
সকালে মিলনায়তনের সামনে উন্মুক্ত চত্বরে উৎসবের উদ্বোধন করেন লেখক, রবীন্দ্র গবেষক ও প্রবন্ধকার আহমদ রফিক। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উদীচীর শিল্পীরা পরিবেশন করেন ‘আমরা পুবে পশ্চিমে’, ‘মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই’ গানগুলো। শওকত ওসমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আহমদ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্দালিব রাশদী। আলোচনায় অংশ নেন হায়দার আকবর খান রনো, রাকিবুল ইসলাম ও শওকত ওসমানের ছেলে আশফাক ওসমান।
বিকেল চারটায় ছিল আলোচনা অনুষ্ঠান। আহমদ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘তাঁর রূপক উপন্যাস ক্রীতদাসের হাসি আমাকে খুবই আকৃষ্ট করেছিল। পরবর্তীতে তিনি আমার বন্ধু হয়ে যান।’
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাদের সকল ক্ষেত্রে সাহসী মানুষ কমে গেছে। সমাজে এখন আমরা আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি। নিজের ভাগ্য রচনা করতে আমরা বেশি ব্যস্ত। এমন একটি সমাজে জঙ্গিবাদের জন্ম হতে পারে। সেটিকে প্রতিহত করতে শওকত ওসমানের মতো সাহসী মানুষের দরকার।’ অনুষ্ঠানে শওকত ওসমানের ছেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বাবার স্মৃতিচারণা করে বলেন, তখনকার সময়ে বাবারা হেডমাস্টারের ভূমিকায় আবির্ভূত হতেন। কিন্তু তাঁর বাবা ছিলেন ব্যতিক্রম। তিনি ছিলেন বন্ধুর মতো।
অনুষ্ঠানের শুরুতে আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমাম। অতিথিরা কথাশিল্পী শওকত ওসমান জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ ও তাঁর ছবি নিয়ে একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। সন্ধ্যায় শওকত ওসমান রচিত ক্রীতদাসের হাসি উপন্যাস অবলম্বনে রচিত একই নামের নাটক পরিবেশন করে নাগরিক নাট্যাঙ্গন। কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর যৌথ আয়োজনে এ উত্সব চলবে আজও। আজ বিকেল চারটায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।