তিনি সবাইকে মাতিয়ে রাখতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

খলিল উল্যাহ খান বাংলাদেশের চলচ্চিত্রজগতের এক গুরুত্বপূর্ণ নাম। সব শ্রেণির দর্শকদের কাছে তিনি ছিলেন খুব পরিচিত। আজ ৭ ডিসেম্বর তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। প্রয়াত অভিনেতার সঙ্গে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা রোজিনা। অভিনেতা খলিলকে নিয়ে আজ স্মৃতিচারণা করলেন তিনি।

বিটিভিতে প্রচারিত সংশপ্তক নাটকে খলিল
বিটিভিতে প্রচারিত সংশপ্তক নাটকে খলিল


খলিল ভাই যখন মারা যান, তখন আমি যুক্তরাজ্যে। মৃত্যুর আগে বিভিন্নজনের মাধ্যমে তাঁর অসুস্থতার খবর রাখতাম। খবরটা প্রথম জানতে পারি আলমগীর ভাইয়ের (চিত্রনায়ক) মুঠোফোনে। তাঁর সঙ্গে একাধিক ছবিতে অভিনয়ের অনেক স্মৃতি বারবার চোখে ভাসছিল। একটা স্মৃতি খুব মনে পড়ে এখনো।

ছবির নাম মনে নেই। সময়টা ১৯৮৭-৮৮ হবে। সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় শুটিং চলছিল। ছবিতে খলনায়কের চরিত্র করছিলেন খলিল ভাই। একটি দৃশ্যে তাঁর লোকজন তাড়া করে আমাকে। আমি দৌড়ে পালাতে গিয়ে ঝরনার পানিতে পড়ে যাই। পরিচালক আজিজুর রহমানসহ ইউনিটের লোকজন ভাবছিলেন, আমি বুঝি অভিনয়ই করছি। কিন্তু আমি যে সত্যিই পড়ে গেছি, একমাত্র খলিল ভাই তা বুঝতে পারেন। দৌড়ে গিয়ে আমাকে উদ্ধার করেন। হাত কেটে রক্ত ঝরছিল। সেই দাগ এখনো আমার হাতে আছে। মনে আছে, সেদিন খলিল ভাই তাঁর গলার মাফলার দিয়ে আমার হাত বেঁধে দিয়েছিলেন।

খলিল ভাইয়ের সঙ্গে শ খানেক ছবিতে অভিনয় করেছি আমি। ঝুমকা, তুফানমেল, লাল বেনারসি, জাঁদরেল বউ, বউ মা, ক্ষতিপূরণ... এসব ছবিতে কখনো তিনি খলনায়ক, কখনো আমার বাবা। আমার প্রযোজিত দোলনা ছবিতে আমার বাবার চরিত্রে তিনি ছিলেন। ছবিতে একটা সময় মানসিক ভারসাম্যহীন হয়ে যাই আমি। ওই দৃশ্যটির শুটিং হচ্ছিল নেপালের পাহাড়ি অঞ্চলে। চরিত্রের প্রয়োজনে খলিল ভাই আমাকে চড় মেরেছিলেন। চরিত্রের ভেতর এতটাই ঢুকে পড়েছিলেন যে চড়টা খুব জোরেই মেরেছিলেন। আমি ঘুরে মাটিতে পড়ে গিয়েছিলাম। এ জন্য পরে খুবই অনুতপ্ত হয়েছিলেন খলিল ভাই। ক্ষমাও চেয়েছিলেন আমার কাছে।

ছবিতে সবাই খারাপ মানুষ হিসেবে দেখেন খলিল ভাইকে। কিন্তু বাস্তব জীবনে তিনি ছিলেন ঠিক উল্টো। মজার মজার কৌতুক বলে সবাইকে মাতিয়ে রাখতেন। তিনি শুটিংয়ে থাকলে সেটের কেউ কখনো একঘেয়েমি বোধ করতেন না।

(অনুলিখিত)