
প্রস্তাবটা প্রথম যখন পেলেন, শিউরে উঠলেন। এ রকম সুযোগ প্রত্যেক অভিনেতার জীবনে আসে না। এলেও বারবার নয়। হিসাবমতো বিনা দ্বিধায় প্রস্তাবটা লুফে নেওয়াই উচিত ছিল তাঁর। কিন্তু এ-ও সত্যি, এই কাজটায় ছিল ঝুঁকি। ছিল প্রচণ্ড চাপ—প্রত্যাশা পূরণ করতে না পারার। নির্ঘুম রাত কাটাল। ‘হ্যাঁ’ বলতে চান। আবার ‘না’-ও বলে দিতে ইচ্ছা করে। কী দরকার খামোখা এত ঝুঁকি নেওয়ার। হয়তো এই কাজটা করলে তিনি বিশ্বনন্দিত তারকা হয়ে উঠবেন। কিন্তু এই ঝুঁকিও তো থাকে, প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে তিনি হয়ে উঠবেন বিশ্বনিন্দিতও!
অনেক ভেবে বেনেডিক্ট কামবারব্যাচ ঠিক করলেন, শার্লক হোমসের চরিত্রে অভিনয় করার প্রস্তাবটা তিনি গ্রহণ করবেন না। খুব বেশি লোক তাঁকে চেনে না। অখ্যাতির আবছা অন্ধকারে পড়ে আছেন। থিয়েটার নিয়ে ব্যস্ত। টিভি আর চলচ্চিত্রেও কাজ করেছেন। কিন্তু কোনোটাই খ্যাতি এনে দেয়নি। শার্লক হোমসের এই চরিত্রটি তাঁর জন্য হতে পারে সিঁড়ি ভেঙে খ্যাতির চূড়ায় পৌঁছে যাওয়া। আবার সিঁড়ি থেকে পা হড়কালেই সব শেষ!
কিন্তু না, শেষ পর্যন্ত আর ‘না’ বলতে পারেননি। ভাগ্যিস বলেননি। আর তাই তো অসাধারণ, এই আধুনিক যুগের আধুনিক শার্লক হোমসকে পেয়ে গেলাম আমরা। আধুনিক শার্লক, কিন্তু তার মধ্যে আদি অকৃত্রিম শার্লকের সব রসই মজুত। আর এই শার্লক করেই অখ্যাতির আঁধার থেকে খ্যাতির ঝলমলে আলোয় কামবারব্যাচ। বৃহস্পতি তাঁর এতটাই তুঙ্গে, কেবল ২০১৩ সালেই পাঁচ-পাঁচটি ছবিতে কাজ করেছেন। যেগুলোর বেশির ভাগই আলোচিত। স্টারট্রেক ইন টু ডার্কনেস, ফিফথ এস্টেট, অগাস্ট: ওসেজ কাউন্টি, দ্য হবিট: ডিসোলেশন অব স্মাগ ও ১২ ইয়ারস অ্যা স্লেভ। এর মধ্যে শেষ ছবিটি কদিন আগে জিতেছে গোল্ডেন গ্লোবের সেরা ছবির পুরস্কার। এবারের অস্কারেও নয়টি বিভাগে পেয়েছে মনোনয়ন।
ফিফথ এস্টেট-এ অভিনয় করেছেন গোপন ও সুরক্ষিত সিন্দুকে লুকিয়ে রাখা তথ্য ফাঁস করে দিয়ে পৃথিবীকে শিকড়সুদ্ধ নাড়িয়ে দেওয়া জুলিয়ান অ্যাসাঞ্জের ভূমিকায়। ২০০৪ সালে হকিং ছবিতে দেখা গেছে স্টিফেন হকিংয়ের চরিত্রে। ২০১১ সালে অস্কারজয়ী পরিচালক ড্যানি বয়েলের মঞ্চ নাটক ফ্রাঙ্কেনস্টাইন-এ অভিনয় করেছেন ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন চরিত্রে। এর সঙ্গে খ্যাপা গোয়েন্দা শার্লক তো আছেই। কত বিচিত্রই না তাঁর কাজের পরিধি!
তাঁর সামনে দুটো পথ ছিল। হয় নেতা হবেন, নয়তো অভিনেতা। লন্ডনে কয়েক পুরুষের বাস তাঁদের। দাদা, দাদার দাদারা ছিলেন রাজনীতির ময়দানের তুখোড় খেলোয়াড়। প্রপিতামহ তো ছিলেন রানি ভিক্টোরিয়ার বিশেষ দূত। দাদা লড়েছেন দুটো বিশ্বযুদ্ধেই। তবে তাঁর বাবা নেতা না হয়ে অভিনেতা হয়েছিলেন। অভিনয় করতে গিয়েই তাঁর বাবা টিমোথি কার্লটন প্রেমে পড়েছিলেন সহশিল্পী ওয়ান্ডা ভেন্থামের। দুজনের ৩৭ বছরের দীর্ঘ সুখী দাম্পত্য জীবন। ১৯৭৬ সালে টিমোথি আর ওয়ান্ডা যখন বিয়ে করেন, সেই বছরই জন্ম কামবারব্যাচের।
দুটো পথ খোলা থাকলেও সত্যি বলতে কি, অভিনেতা হওয়া ছাড়া বেনেডিক্টের আসলে কোনো উপায় ছিল না। উত্তরাধিকার সূত্রে রক্তে অভিনয়ের নেশাই পেয়েছেন। স্কুল থেকেই যুক্ত মঞ্চের সঙ্গে। স্নাতক সম্পন্ন করেছেন নাটক নিয়ে। স্নাতকোত্তর ডিগ্রি? সে-ও ক্ল্যাসিক্যাল অ্যাক্টিং ফর দ্য প্রফেশনাল থিয়েটার।
২০০০ সালে প্রথম কাজ করেছেন টিভিতে। পরের বছর সুখ্যাত ওপেন এয়ার থিয়েটারের হয়ে মঞ্চে কাজ করা শুরু। তারও পরের বছর হিলস লাইক হোয়াইট এলিফ্যান্টস নামের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক। তবে আসল কামবারব্যাচকে সবাই চিনল ‘শার্লক’ দিয়েই। অথচ সেই শার্লকেই নাকি কাজ করতে চাননি তিনি! একটু হলেই ফিরিয়ে দিচ্ছিলেন প্রস্তাব!
কেন, সেই ব্যাখ্যাই দিলেন কামবারব্যাচ, ‘আমার মনে হচ্ছিল, এটা এমন একটা আইকনিক চরিত্র, সবার প্রচুর মনোযোগ থাকবে এর ওপর। এর আগে আমি সে রকম কোনো সাফল্য পাইনি, তার পরও জানতাম, এর ওপর অনেক নজর থাকবে। এর আগে এমন কাজ করেছি যার সঙ্গে হোমসের মতো ভীষণ জনপ্রিয় কোনো চরিত্রে অভিনয় করা মেলেই না। তাই আমাকে দ্বিতীয়বার ভাবতেই হয়েছিল।’
ভাগ্যিস মতটা শেষ পর্যন্ত বদলেছিলেন। এই চরিত্রটির সঙ্গে এমনভাবে মিশিয়ে দিয়েছেন নিজের সত্তা, কামবারব্যাচকে ছাড়া শার্লক এখন ভাবাই যায় না।
রাজীব হাসান, হলিউড রিপোর্টার অবলম্বনে