তিন্নির ফেরা হলো না
‘আমি আসছি। অনেক দিন ক্যামেরার সামনে থেকে দূরে আছি। দোষটা আসলে আমারই। মনে হলো, কাজ করব না, ভালো লাগছে না, তাই করিনি। সব ছেড়ে দূরে চলে গিয়ে নিজের মতো করে ছিলাম। আর ভালো লাগছে না। মন পড়ে আছে অভিনয়ে। শুধু ভাবছি, কবে আবার ক্যামেরার সামনে দাঁড়াব। অনেক দিন তো বিশ্রাম নিয়েছি। এখন আবার কাজ শুরু করছি।’ কয়েক দিন আগে প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে এভাবেই অভিনয়ে ফিরে আসার ঘোষণা দিয়েছিলেন অভিনয়শিল্পী তিন্নি। কথা ছিল, ২৫ ও ২৬ নভেম্বর তিনি একটি ধারাবাহিক নাটকের শুটিং করবেন। চয়নিকা চৌধুরীর পরিচালনায় ধারাবাহিকটির নাম ‘আলোতে অন্ধকার’। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী তিন্নি শুটিং শুরু করতে না পারলেও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আবার দিনক্ষণ ঠিক হয়। কিন্তু তা-ও আর হলো না। সবকিছু মিলিয়ে এ যাত্রায় অভিনয়ে ফেরা হচ্ছে না তিন্নির। তিন্নির পারিবারিক সূত্র জানিয়েছে, ‘এটা ঠিক যে কিছুদিন আগেও অভিনয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল তিন্নি। কিন্তু হঠাত্ করে আবার পরিস্থিতি বদলে যায়। তাই আপাতত তিন্নিকে শুটিং থেকে বিরত থাকতে বলা হয়েছে।’তিন্নির পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তাঁরাও চান যে তিন্নি আগের মতোই অভিনয়ে ব্যস্ত থাকুন। তবে এর জন্য তাঁকে পুরোপুরি প্রস্তুত হতে হবে। তাই আরেকটু সময় নিচ্ছেন তিনি।প্রসঙ্গত, গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তিন্নি অভিনীত চলচ্চিত্র ‘সে আমার মন কেড়েছে’। এই ছবিতে তিন্নি অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে। ছবিতে তিন্নির অভিনয় বেশ প্রশংসিত হয়।