প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তিতে ভাষা আন্দোলনের মাসে তিন দিনের নাট্যায়োজন করেছে তির্যক নাট্যদল। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউটের মুক্তমঞ্চে এর উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।
অধ্যাপক ড. অনুপম সেন বলেন, একটি নাট্য সংগঠন ৪০ বছর ধরে নাটক করছে, যা অবাক করা বিষয়। তির্যক সীমাহীন দক্ষতার সঙ্গে নাট্যচর্চা করছে। তির্যক চট্টগ্রামের নাট্যচর্চাকে অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে।
রণজিৎ রক্ষিতের আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় ‘নাট্যভাষা বাংলা আমার’ নামের এই আয়োজন। নৃত্য পরিবেশন করে ওডিশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার ও স্কুল অব ওরিয়েন্টাল ডান্সের শিক্ষার্থীরা।
স্বাগত বক্তব্য দেন তির্যকের দলপ্রধান আহমেদ ইকবাল হায়দার। ইনস্টিটিউটের গ্যালরিতে তির্যকের ৪০ বছরের স্মারক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
নাট্যায়োজনের প্রথম দিন সন্ধ্যায় ছিল আহমেদ ইকবাল হায়দারের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী। পরিবেশন করে তির্যক।