তিশমার পিছু হটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিশমা
তিশমা

বেশ কয়েকবার অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিলেও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে পিছু হটেছেন তিশমা। এমন পরিস্থিতিতে দেশে স্টেজ শোর সংখ্যাও এখন কমে গেছে। দেশের বাইরে মাঝেমধ্যেই শো করছেন তিনি। তবে দেশে থাকার বাকি সময়টা একেবারেই স্টুডিওকেন্দ্রিক কাজ নিয়ে ব্যস্ত তিশমা। আরও কিছু নতুন গান তৈরি করছেন। এর থেকে বাছাই করা গানগুলোই অ্যালবামে রাখবেন বলে জানিয়েছেন তিনি।
রক, মেলোডি, ব্যালাড, অলটারনেটিভ গান নিয়ে একটি রক অ্যালবাম করছেন তিশমা। নাম রেখেছেন ‘রকস্টার’। এর বাইরে একটি ভিডিও অ্যালবামের কাজও করছেন। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলেই রক অথবা মেলোডি গান নিয়ে করা একটি অ্যালবাম প্রকাশ করবেন তিশমা।
তিশমা বলেন, ‘অনেক আগেই নতুন অ্যালবামের গান শ্রোতাদের হাতে তুলে দেওয়ার ইচ্ছে করেছিলাম। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে সাহস পাচ্ছি না। এতে অনেক দেরিও হয়ে যাচ্ছে। এত কষ্ট করে তৈরি করা অ্যালবাম এ রকম অসুস্থ একটি পরিবেশে প্রকাশ করতে চাচ্ছি না। কারণ, অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন শ্রোতারা। তাই অস্থিরতা কেটে গেলেই অ্যালবাম প্রকাশ করব।’