তিশমার ‘দ্য রক প্রিন্সেস-এক্সপোজড’
পড়াশোনা ও নিজের নতুন দুটি একক অ্যালবামে কাজ করার ফাঁকে একটি ভিডিও অ্যালবাম তৈরি করছেন তিশমা। নাম দ্য রক প্রিন্সেস-এক্সপোজড। এতে তাঁর সুর করা চার-পাঁচটি নতুন গানের মিউজিক ভিডিও থাকবে। এগুলো নির্বাচন করা হয়েছে তাঁর দুটি একক অ্যালবাম থেকে। গানের পাশাপাশি থাকছে রেকর্ডিংয়ের ভিডিওচিত্র, স্থিরচিত্রসহ তিশমার লাইফস্টাইল। ভিডিও অ্যালবামটি এ বছরের শেষে কিংবা আগামী বছরের গোড়ার দিকে বের করার ইচ্ছা তিশমার। তিশমা বলেন, ‘এখন পড়াশোনা এবং অডিও আর ভিডিও অ্যালবামের জন্য কাজ করছি। তাই টিভি অনুষ্ঠান ও কনসার্টে অংশ নিচ্ছি না।’ জানা গেছে, তিশমার সামনের দুটি অ্যালবামের একটিতে সফট, মেলোডি ও শাস্ত্রীয় ধারার গান থাকবে। অন্য অ্যালবামে থাকবে রক, ফাঙ্ক, ব্যালাড, অল্টারনেটিভ, সফট রক ও নিরীক্ষাধর্মী গান। সুর ও সংগীতায়োজনের পাশাপাশি দুটি অ্যালবামের কয়েকটি গানের কথা লিখেছেন তিনি। তিশমা বলেন, ‘সফট আর মেলোডি গান তৈরি করতে ও গাইতে ভালো লাগে আমার। তাই এ ধরনের গান তৈরির কাজটা বেশ উপভোগ করি।’