তিশা ও ফারুকীর বিয়ে
বিয়ের আসরে মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় তাঁদের বিয়ের অনুষ্ঠানের। এর আগে দুপুর ১২টায় বনানীতে তিশার বাবার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে লেখা ছিল, ‘খাওয়া-দাওয়ার সঙ্গে থাকছে হজমের সু-ব্যবস্থা’। হ্যাঁ, একই অনুষ্ঠানের জন্য তৈরি করা হয় দুটি মঞ্চ। একটি মঞ্চে বসেছিলেন বর-কনে। আর অন্য মঞ্চে ছিল আনন্দের আয়োজন। নতুন বর-কনেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অতিথিদের অন্যতম আগ্রহ ছিল এই মঞ্চের দিকে। আরজে অপুর উপস্থাপনায় অনুষ্ঠানে আসা অতিথিদের মধ্য থেকে বিশিষ্ট কয়েকজনকে এই মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। ‘বিয়ের সুফল ও কুফল’ বিষয়ের ওপর কথা বলেন তাঁরা। ছিল গানের আয়োজন। আগেই জানানো হয়, এই মঞ্চে অতিথিদের কথার ফাঁকে ফাঁকে গান করবেন ফাহমিদা নবী, হাবিব, ন্যান্সি ও শিরোনামহীনের তুহিন। ফারুকী ও তিশার বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন কবি, সাহিত্যিক, টিভি-চলচ্চিত্র-বিজ্ঞাপনজগতের তারকা ও নির্মাতারা এবং বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।