তিশা-ফারুকীর ঐক্যের ডাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াটা তিনিই দিলেন। এক আইডিয়াতেই বুঝিয়ে দিলেন মোস্তফা সরয়ার ফারুকী কেন অন্যদের চেয়ে আলাদা। বললেন, ‘এক কাজ করি, আমি আর তিশা মিলে বৃহত্তর ঐক্যের ডাক দিই।’

ঐক্যসংক্রান্ত কথাবার্তা সাধারণত রাজনীতিকদের মুখে শোনা যায়। কিন্তু ফারুকী-তিশা রাজনীতি থেকে দূরেই আছেন। তাঁরা ঐক্যের ডাক দিচ্ছেন বিশ্বকাপ নিয়ে। বিশ্বকাপ উপভোগের অপেক্ষায় থাকা এ দেশের তাবত্ ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ‘বৃহত্তর ঐক্যে’র ডাক দিয়েছেন ফারুকী, সঙ্গে থাকছেন তাঁর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

ব্যাপারটা খুলেই বলা যাক। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রথম আলোর পক্ষ থেকে তারকা দম্পতিদের প্রিয় দল নিয়ে কিছু বলতে বলা হয়েছিল। দম্পতিদের দুজন দুটি ভিন্ন দলের হলে ব্যাপারটা ভালো জমবে এমন আকাঙ্ক্ষায় ফারুকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এক কথাতেই রাজি হয়ে গেলেন। কিন্তু সমস্যা বাধলো অন্য জায়গায়। ফারুকী-তিশা দুজনেই ব্রাজিলের পাঁড় ভক্ত। দুজনেই একই দলের সমর্থক হওয়ায় পুরো বিষয়টি আদৌ জমবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হলো। আইডিয়া হাতড়াতে হাতড়াতে ফারুকী-তিশা দম্পতির বনানীর ফ্ল্যাটে উপস্থিত হতেই ফারুকী এলেন তাঁর এই আইডিয়া নিয়ে। ফারুকীর আইডিয়া! দুর্দান্ত না হয়ে যায়ই না।

ঐক্যের ডাক তিশা-ফারুকীর
ঐক্যের ডাক তিশা-ফারুকীর

আইডিয়া অনুয়ায়ী ফারুকী তিশাকে বললেন, আমাদের দুজনের একজন আর্জেন্টিনা হই, আরেকজন ব্রাজিল থাকি। তার মানে আমি আর্জেন্টিনা আর তুমি ব্রাজিল। কথা শেষ না হতেই ফারুকীকে তিশা বলল, তোমার দল পরিবর্তন করার দরকার নাই। আমিই আর্জেন্টিনা হই, সেটাই ভালো। বিষয়টিকে তিশাও খেলা হিসেবে নিলেন। তারপর আর্জেন্টিনার জার্সি পরে নিলেন তিশা। দুটি দুই মেরুর সমর্থক গোষ্ঠীকে এক করার আহ্বানে সমর্থন-টমর্থনের চেয়ে আনন্দটাই সবচেয়ে বড় হয়ে দেখা দিল তিশার জন্য। ‘যদিও আমি ব্রাজিল কিন্তু সংসারের ভারসাম্য রক্ষার জন্য আমি এখন আর্জেন্টিনা।’ ফারুকী সায় দিলেন তিশাকে, ‘আমরা আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই সমর্থক মিলে বাংলাদেশের সকল আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকের মধ্যে বৃহত্তর ঐক্যের ডাক দিচ্ছি।’

সবাই যদি তাঁদের মতো হতেন!