তিশার গল্পে সোহম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিশা
তিশা

তোর নামে লিখেছি হৃদয় নামে একটি গল্প লিখেছিলেন অভিনেত্রী তিশা। সেই গল্প থেকেই এখন তৈরি হচ্ছে চলচ্চিত্র। এতে তিশার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ছবিটি তৈরি হচ্ছে। এরই মধ্যে ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধও হয়েছেন সোহম। যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশ থেকে এসএস মাল্টিমিডিয়া হাউস ও কলকাতার নায়াগ্রা এন্টারটেইনমেন্ট।
এই ছবিতে অভিনয় নিয়ে তিশা বলেন, ‘খুব আশাবাদী ছবিটি নিয়ে। সেই সঙ্গে সহশিল্পীদের নিয়েও দারুণ উচ্ছ্বসিত।’ কলকাতা থেকে মুঠোফোনে সোহম বলেন, ‘কিছু কারণে আপাতত সব ছবির শুটিং বন্ধ রেখেছি। আগামী মে মাস থেকে কাজে যোগ দেব।’
তোর নামে লিখেছি হৃদয় ছবিটির শুটিং আগামী ২ জুন থেকে ঢাকায় শুরু হবে। এই ছবিতে আরও অভিনয় করছেন বাংলাদেশের মিশা সওদাগর, সুচরিতা, ডন এবং কলকাতার খরাজ মুখার্জি ও সুপ্রিয়। তিশার গল্প থেকে এই ছবির সংলাপ লিখেছেন সোমেশ্বর ওলি।
যৌথ প্রযোজনার নতুন এই ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার ভুবন চ্যাটার্জি। যদিও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে অনন্য মামুনের ওপর একটি নিষেধাজ্ঞা রয়েছে। এ ব্যাপারে পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার জানান, আগামী তিন মাসের জন্য অনন্য মামুনকে অস্থায়ীভাবে কাজের অনুমতি দেওয়া আছে। পরবর্তী সময়ে সমিতির সাধারণ সভায় তাঁর কাজের অনুমতির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।