তিশার সিনেমায় ডুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিশা যখন ডুব–এ ছিলেন
তিশা যখন ডুব–এ ছিলেন

‘তিশা খুব ভালো অভিনয় করে। ভালো নাচও জানে। আমি তো বলব, তার শুধু সিনেমাতেই অভিনয় করা উচিত। সিনেমার অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় হরহামেশা দেখা গেলে সিনেমায় তাঁর আবেদন কিছুটা কমে যায়। তখন টাকা খরচ করে দর্শকেরা তাকে হলে দেখতে যাবেন না। তাই আমি তাকে শুধুই সিনেমায় মনোযোগী হওয়ার অনুরোধ করব।’ চিত্রনায়ক শাকিব খান এ কথাগুলো তিশাকে নিয়ে বলেছেন। এরপর থেকেই তিশার ভক্তকুলের মনে দ্বিধা। নাটককে বিদায় জানিয়ে তবে কি তিশা হচ্ছেন সিনেমামুখী? এ প্রশ্নের জবাব খুঁজতেই এক বিকালে তাঁর বনানীর বাসায় আড্ডায় বসা।

তিশা এখন মেন্টালময়। তিনি নিজেই তাঁর এই অবস্থার কথা জানালেন। বললেন, ‘বহু সাধনার পর অবশেষে মেন্টাল (সেন্সর ছাড়পত্রে ছবির নাম রানা পাগলা) এসেছে। দর্শক ছবিটি ভালোভাবে নিয়েছেন। আর আমি? আমিও মেন্টালময় হয়ে আছি। হা হা হা।’

তিশার হাসি কি কিছু বলল? তাহলে কি শাকিব খানের পরামর্শ গ্রহণ করেছেন তিনি? হয়তো হ্যাঁ, কিংবা না। কারণ অনেক কিছু বোঝা গেলেও তিশার হাসিতে এ বিষয়ে স্পষ্ট আভাস পাওয়া গেল না। মেন্টাল (রানা পাগলা) থেকে প্রসঙ্গ নিয়ে আসি ডুব–এ। তাঁর কথায় ভেসে ওঠে ডুব-এর স্মৃতি।

তিশার নতুন ছবি ডুব-এর শুটিং সময়ে ক্রিকেট খেলা, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী আর অভিনেতা ইরফান খানের সঙ্গ কাটানো মুহূর্ত আর ডুব অভিজ্ঞতায় একেবারেই বুঁদ এই অভিনেত্রী।

সে সময়কার ঘটনাগুলো মনে করে তাঁর বনানীর বাসায় হাসতে হাসতে গড়িয়ে পড়ছেন তিশা, ‘জানেন, ডুব-এর শুটিং যখন চলছিল, শুটিং ইউনিটে সমানতালে চলছিল ক্রিকেট খেলাও। বাংলাদেশ একাদশ বনাম ভারতীয় একাদশ। একপক্ষের অধিনায়ক মোস্তফা সরয়ার ফারুকী, অন্য দলের দলপতি ইরফান খান। তবে দুই অধিনায়কের কেউই চাইতেন না আউট হতে, খেলতে গিয়ে বারবারই কান্টামি করতেন তাঁরা। কিন্তু এভাবে কি চলে! অগত্যা নিয়ম বানালেন ওঁরা, তৃতীয় দফায় আউট হলে তবেই ছাড়বেন ক্রিজ।’

>‘তিশা খুব ভালো অভিনয় করে। ভালো নাচও জানে। আমি তো বলব, তার শুধু সিনেমাতেই অভিনয় করা উচিত।...’ —শাকিব খান

ক্রিকেটের গল্প বলতে গিয়ে তিশার চোখে যে খেলা করছে স্মৃতির রোদ্দুর, বেশ বোঝা গেল।

: শুটিংয়ের ফাঁকে ইরফান খানের সঙ্গে আমি ব্যাডমিন্টন খেলেছি জমিয়ে। তবে এ খেলার মধ্যে কোনো ‘কান্টামি’ ছিল না...।

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন এই ছবিতে ইরফান খানের সঙ্গে অভিনয় করেছেন তিশা। তাঁর কাছে আমরা জানতে চাই ডুব ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা, ইরফানের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতাও চাই শুনতে। তবে তাঁর অন্যান্য কাজকর্মের খবর আর বাদ যাবে কেন? 

মেন্টাল (রানা পাগলা) ছবিতে তিশা ও শাকিব খান
মেন্টাল (রানা পাগলা) ছবিতে তিশা ও শাকিব খান

ডুব-এ যখন ডুব দিয়েছি
বেশ কিছুদিন আগের ঘটনা। ফেসবুকে ‘বিগ থিঙ্ক’, কথাটি লিখে তার বড় একটি পেনসিলের ছবি যুক্ত করলেন ফারুকী। তখনই সবাই জানলেন, ঘটতে যাচ্ছে বড়সড় কিছু। এরপরের ঘটনাগুলো সবার জানা, ডুব ছবিতে অভিনয়ের জন্য বাংলাদেশে এলেন স্লামডগ মিলিয়নিয়ার, লাইফ অব পাই, দ্য লাঞ্চ বক্স-এর মতো সাড়াজাগানো ছবির অভিনেতা ইরফান। ঢাকার পাঁচতারা হোটেলে হলো ছবির জমকালো মহরত। তখনই জানা গেল, ইরফান কেবল এই ছবির অভিনেতাই নন, সহ-প্রযোজকও। পুরোনো কাসুন্দি ঘাঁটার মতো এই জানা কথাগুলো তিশাকে যখন মনে করাচ্ছি, বললেন, ‘টেলিভিশন থেকে ডুব-ফারাক কিন্তু অনেক।’
: সেই ফারাকটি কেমন?
: টেলিভিশনে আমার চরিত্রটি ছিল রসবোধসম্পন্ন এক মেয়ের। এখানে তার থেকে ভিন্ন। এ সিনেমার গল্পটাই তো অন্য রকম, প্রেক্ষাপটটা নগরকেন্দ্রিক। ডুব-এ আমার চরিত্র ও অভিনয়শৈলীটা একেবারেই আলাদা। ছবিতে অন্য এক তিশাকে খুঁজে পাবেন দর্শক।

তিশা ও ইরফান খান
তিশা ও ইরফান খান

ইরফান পর্ব
ইরফান খানের সঙ্গে শুটিং করতে কেমন লাগল?
: তিনি অনেক বড় অভিনেতা। কী করব, এসব ভাবনা তো ছিলই। কিন্তু শুটিংয়ের প্রথম দিনেই আমাকে ফ্রি করে দিলেন ইরফানই। বললেন, তুমি যা ফিল করবে, তা-ই করবে। সব ভাবনা উবে গেল মুহূর্তেই। খুবই আনন্দ নিয়ে শুটিং করলাম। দুই দিক থেকে দুই হাতে তালি বাজিয়েই কাজটি করতে পারলাম।
: অভিনয়শিল্পী হিসেবে তিনি কেমন?
: কাজের ব্যাপারে খুবই সিরিয়াস। এই আড্ডা মারছেন, এই কাজ করছেন, তাঁর ধরনটাই এমন। প্রচুর হোমওয়ার্ক করতেন। পরিচালককে ভীষণ রকম অনুসরণ করতেন। একটি চরিত্রকে ঠিকঠাক ফুটিয়ে তুলতে যা যা করা দরকার, কোনো বিষয়েই ছাড় দেননি ইরফান। মার্চের শেষ সপ্তাহে শুরু হয়েছিল শুটিং। ইরফান বাংলাদেশে এসেছিলেন এর আগেই। আগেভাগে এলেন, তার কারণ এ দেশের মানুষের সঙ্গে মেশা, সংস্কৃতি সম্বন্ধে জানা। এটা কী, ওটা কী—কাজের পুরো সময়ে এভাবে বাংলাদেশের নানা কিছু সম্পর্কে জানতে চেয়েছেন। বাংলা ভাষা রপ্ত করার ব্যাপারেও ছিলেন দারুণ মনোযোগী। এ ছবিতে বাংলায় সংলাপ বলতে হয়েছে তাঁকে। তিনি বাংলাভাষী না হলেও এখানে কাহিনির প্রয়োজনে ইম্প্রোভাইজ করেও বাংলা সংলাপ দিয়েছেন। ইম্প্রোভাইজেশনগুলো ছিল আমার সঙ্গেই। আমি ইম্প্রোভাইজ করছি, তিনিও। তবে এ সময় যখন তিনি আর বাংলা সংলাপ বানাতে পারতেন না, তখন ক্যামেরার পেছন দিকে ঘুরে একনাগাড়ে হিন্দি সংলাপ আওড়াতেন। কী যে মজা হতো সেই সময়। হাসির রোল পড়ে যেত পুরো ইউনিটে।

বান্দরবান, রাঙামাটি, পুরান ঢাকা, গাজীপুরের জিন্দা পার্কসহ দেশের বিভিন্ন জায়গায় হয়েছে ডুব-এর শুটিং।