তীরে এসে তরি ডুবল ক্রিস্টেন-প্যাটিনসনের!
এ যেন ঠিক তীরে এসে তরি ডোবার মতোই ঘটনা। মাত্র এক সপ্তাহ পরেই প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টকে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিলেন রবার্ট প্যাটিনসন। শুধু তাই নয়, পাঁচ মিলিয়ন পাউন্ড ব্যয় করে লস অ্যাঞ্জেলেসে বাড়িও কিনে ফেলেছিলেন নতুন বউকে নিয়ে থাকার জন্য। কিন্তু সব শেষ করে দিল নির্মাতা রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে ক্রিস্টেনের ঘনিষ্ঠতার খবর।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে যুক্তরাজ্যের ফিমেল ফার্স্ট জানিয়েছে, ক্রিস্টেনের সঙ্গে তিন বছরের সম্পর্ককে স্থায়ী রূপ দিতে চেয়েছিলেন প্যাটিনসন। এ জন্যই লস অ্যাঞ্জেলেসে বাড়ি কেনেন তিনি। তাঁর আশা ছিল, ক্রিস্টেনকে নিয়ে দীর্ঘদিন ওই বাড়িতে থাকবেন। ক্রিস্টেনকে বিয়ের প্রস্তাব দেওয়ারও পরিকল্পনা করেছিলেন প্যাটিনসন। কিন্তু এ পরিকল্পনা বাস্তবায়নের মাত্র সপ্তাহ খানেক আগে রুপার্টের সঙ্গে ক্রিস্টেনের ঘনিষ্ঠতার খবর প্রকাশিত হয় এবং কৃতকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা চান রুপার্ট ও ক্রিস্টেন। সূত্রটি আরও জানিয়েছে, বেশ কিছুদিন ধরে এক বাড়িতেই বসবাস করছিলেন ক্রিস্টেন ও প্যাটিনসন। কিন্তু প্রেমিকার বিশ্বাসঘাতকতার খবর জানার পর বাড়ি ছেড়ে চলে যান প্যাটিনসন। ক্রিস্টেনের ওপর প্রচণ্ড রেগে আছেন তিনি। এখনো পর্যন্ত কোনো বাক্য বিনিময় হয়নি তাঁদের মধ্যে। কেবল এসএমএসের মাধ্যমে মনের ক্ষোভ ঝেড়েছেন। উল্লেখ্য, গত জুনে মুক্তিপ্রাপ্ত ‘স্নো হোয়াইট অ্যান্ড হান্টসম্যান’ ছবিতে কাজ করতে গিয়ে এর পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে ক্রিস্টেনের। সম্প্রতি এ জুটির ঘনিষ্ঠ ছবি ফাঁস করে দেয় যুক্তরাষ্ট্রের একটি পত্রিকা। এরপর প্রকাশ্যে ক্ষমা চান রুপার্ট ও ক্রিস্টেন।