তীরে ভিড়ল সাইফিনার তরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের বহুল আলোচিত তারকাযুগল সাইফ আলী খান ও কারিনা কাপুরের প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০০৭ সালের অক্টোবরে। ভারতের রাজস্থান ও লাদাখে যশরাজ ফিল্মসের ‘তাসান’ ছবির শুটিং করার সময় একে-অন্যের প্রতি দুর্বল হয়ে পড়েন সাইফ-কারিনা। সেই শুরু তাঁদের প্রেমের তরী বাওয়া। পাঁচ বছর পর সেই তরী এসে তীরে ভিড়ল এ বছরের ১৬ অক্টোবর। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লক্ষ্মী ছেলের মতো মা শর্মিলা ঠাকুরের পূর্বঘোষিত তারিখেই দীর্ঘদিনের প্রেমিকা কারিনাকে বিয়ে করলেন সাইফ।সাইফের প্রথম ভালোবাসা ছিলেন আশির দশকের জনপ্রিয় বলিউডি অভিনেত্রী অমৃতা সিং। ১৯৯১ সালে বয়সে ১১ বছরের বড় অমৃতাকে বিয়ে করেছিলেন সাইফ। মজার বিষয় হলো, সেই বিয়েতে হাজির হয়েছিলেন ১০ বছর বয়সী কারিনা। তিনি সাইফ এবং অমৃতাকে অভিনন্দনও জানিয়েছিলেন। জবাবে সাইফ বলেছিলেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ খুকি।’ সাইফ এবং অমৃতার ১৩ বছরের দাম্পত্য জীবনে তাঁদের ঘরে আসে দুই সন্তান—সারা ও ইব্রাহিম। দীর্ঘদিন এক ছাদের নিচে বাস করলেও শেষ পর্যন্ত অমৃতার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় সাইফের। এরপর তিনি টানা তিন বছর চুটিয়ে প্রেম করেছেন ইতালীয় বংশোদ্ভূত সুইস মডেল রোজা ক্যাটালানোর সঙ্গে। পতৌদির নবাব প্রয়াত মনসুর আলী খান ও একসময়ের পর্দাকাঁপানো বলিউডি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ছেলে সাইফ তখনো পতৌদির নবাব হননি, তাঁর পরিচিতি ছিল ‘ছোটে নবাব’ হিসেবে। ২০০৭ সালে ছোটে নবাবের প্রেমে পড়ার আগে বলিউডের আরেক অভিনেতা শহীদ কাপুরের সঙ্গে প্রেম করেছেন বলিউডের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র পরিবার কাপুর খানদানের মেয়ে কারিনা। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা তিন বছর প্রেমের জোয়ারে ভেসেছেন শহীদ-কারিনা। কিন্তু ২০০৭ সালের ২৬ অক্টোবর মুক্তি পাওয়া ‘যব উই মেট’ ছবির শুটিং চলাকালে ভেঙে যায় তাঁদের প্রেম। তবে খুব বেশি দিন বিচ্ছেদের যন্ত্রণা সইতে হয়নি কারিনাকে, অল্পদিনের মধ্যেই সাইফের মধ্যে নতুন জীবনসঙ্গীর সন্ধান পান তিনি।বলিউডের চিরাচরিত প্রেমের রীতি অনুসরণ না করে শুরু থেকেই নিজেদের ভালোবাসার কথা সবাইকে খুলে বলেছেন সাইফ ও কারিনা। প্রেম নিয়ে লুকোচুরি না করে সানন্দেই আলোকচিত্রীদের সুযোগ করে দিয়েছেন তাঁদের ছবি তুলতে। একে-অন্যকে ছেড়ে খুব কমই জনসমক্ষে আসতে দেখা গেছে এই জুটিকে। কারিনার সঙ্গে প্রণয়ে জড়ানোর পর পরিবার ও সন্তানদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন সাইফ। তাদের ছেড়ে আসায় সে সময় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। কিন্তু বরাবরই আত্মপক্ষ সমর্থন করে সাইফ বলে এসেছেন, ‘কারিনাকে অন্ধের মতো ভালোবাসি বলেই সবাইকে ছেড়ে এসেছি আমি।’ অন্যদিকে, সাইফের সঙ্গে প্রেমবিষয়ক প্রশ্নের জবাবে প্রতিবারই কারিনা বলেছেন, ‘নিয়তি আমাদের দুজনকে এক করেছে। আমার জীবনে সাইফই সেরা।’ সাইফ-কারিনার প্রেমের খবরের পাশাপাশি তাঁদের প্রেমে ভাঙনের সুরও চাউর হয়েছে বলিউডকেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যমে। সর্বশেষ ২০১১ সালের জুনে এই জুটির ভাঙনের গুজব ডালপালা মেলেছিল। কিন্তু তাঁরা সাফ জানিয়ে দেন, সেসব গুজবের কোনো ভিত্তি নেই। এমন খবরও রটেছিল, কারিনা নাকি সাইফের দুই সন্তানকে একদমই সহ্য করতে পারেন না। পরে এই গুজবও মিথ্যা প্রমাণিত হয়েছে। আদতে কারিনাকে খুবই পছন্দ করে সাইফের ১৬ বছর বয়সী মেয়ে সারা এবং ১১ বছর বয়সী ছেলে ইব্রাহিম। বাস্তব জীবনে জুটি হিসেবে সফল হলেও পর্দায় সাইফিনা জুটি খুব বেশি সাফল্য পায়নি। এ জুটি অভিনীত ‘তাসান’, ‘কুরবান’ ও ‘এজেন্ট বিনোদ’—তিনটি ছবিরই ভরাডুবি ঘটেছে বক্স অফিসে। বলিউডের ছবির ইতিহাসে দেখা গেছে, বাস্তব জীবনের প্রেমিক তারকাযুগল পর্দায় প্রেমিক-প্রেমিকারূপে আবির্ভূত হলে ছবি দারুণ ব্যবসাসফল হয়। কিন্তু সাইফ-কারিনার ক্ষেত্রে মোটেও তেমনটা ঘটেনি। প্রেম নিয়ে লুকোচুরি করেননি বলেই সম্ভবত পর্দায় এই জুটিকে প্রেমিক-প্রেমিকারূপে দেখতে খুব একটা আগ্রহ প্রকাশ করেনি দর্শক। ফলাফল—সাইফিনা জুটির তিনটি ছবিই ফ্লপের খাতায় নাম লিখিয়েছে। সব সম্পর্ক ছাপিয়ে বন্ধুত্বকেই সবার ওপরে ঠাঁই দিয়েছেন সাইফ ও কারিনা। কারিনার ভাষ্য, ‘আমার সবচেয়ে কাছের বন্ধু সাইফ। প্রেমে পড়াটা যত সহজ, বন্ধু হয়ে থাকাটা কিন্তু মোটেও তত সহজ নয়। আমরা এই কঠিন কাজটিই সহজভাবে করতে পেরেছি। আমাদের সম্পর্কের মূল ভিত্তি বন্ধুত্ব। সাইফের মধ্যে আগে ভালো একজন বন্ধুকে খুঁজেছি আমি। পরে আপনা-আপনিই ভালোবাসা ঘর বেঁধেছে সেই বন্ধুত্বের সম্পর্কে। সাইফ আর আমি প্রথম বন্ধু হয়েছিলাম ‘তাসান’ ছবিতে একসঙ্গে কাজ করার সময়। পরে আমরা ভালোবাসার সম্পর্কে জড়াই। সন্তানদের প্রতি সাইফের অকৃত্রিম ভালোবাসাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল আমার। এককথায়, চমৎকার একজন বাবা সে। বন্ধু ও বাবা হিসেবে সাইফের ভূমিকা আমাকে মুগ্ধ করেছিল। মূলত, এ কারণেই জীবনসঙ্গী হিসেবে তাঁকে বেছে নিয়েছি আমি।’ কারিনা আরও বলেন, ‘সাইফের অতীত টেনে এনে অনেকে হয়তো প্রশ্ন তুলতে পারেন, স্বামী হিসেবে সে কি এক শতে এক শ পাওয়ার যোগ্যতা রাখে? আমার মতে, পৃথিবীতে কোনো পুরুষই শতভাগ যোগ্য স্বামী হতে পারে না। সাইফকে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে চিন্তাভাবনা কিংবা যুক্তির আশ্রয় না নিয়ে আমি আমার হূদয়ের কথা শুনেছি। আমি নিশ্চিত, আমার এ সিদ্ধান্ত পুরোপুরি সঠিক। এ জন্য আমি অনেক বেশি খুশি।’বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম কারিনা কাপুর। ‘থ্রি ইডিয়টস’, ‘রা ওয়ান’ ‘বডিগার্ড’, ‘হিরোইন’-এর মতো ছবিতে অভিনয় করে সাফল্যের শীর্ষবিন্দু ছুঁয়েছেন তিনি। ক্যারিয়ারের এমন সেরা সময়ে বিয়ে করার মতো সাহস বলিউডের আর কোনো অভিনেত্রী দেখাতে পারতেন কি না তা নিয়ে সন্দেহের অবকাশ আছে। কিন্তু ভালোবাসা ও পরিবারের মানুষজনের প্রতি সততা থেকে এই দুঃসাহসী কাজটি করে দেখালেন কারিনা, যা অবশ্যই দৃষ্টান্ত হয়ে থাকবে। সাইফ ও কারিনা সুখী দাম্পত্য জীবন কাটানোর পাশাপাশি অগণিত ভক্ত ও চলচ্চিত্রপ্রেমী দর্শককে ভালো ভালো ছবি উপহার দেবেন—এমনটাই প্রত্যাশা সবার।