চারুকলার ছাত্র ছিলেন কনক আদিত্য। বকুলতলা, পুকুরপাড় কিংবা করিডরে বসেই বন্ধুবান্ধব মিলে আড্ডার ফাঁকে গান শুরু করে দিতেন। এখনকার ছবিরহাটে কাটিয়ে দিতেন ঘণ্টার পর ঘণ্টা। সেই রকম এক আড্ডাতেই জন্ম নেয় ‘তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো’ গানটি। বর্তমানের এফ এম শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় একটি গান। ‘তখনকার সময়টাই ছিল অন্য রকম। চারুকলার ওই সময়গুলো ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়’—বলছিলেন কনক আদিত্য। গানের শুরুও সেই চারুকলাতেই। ‘এমনিতেই গানের প্রতি প্রচণ্ড ঝোঁক ছিল। ওই সময় থিয়েটারে কাজ করা শুরু করলাম। এরপর গান নিয়ে উন্মাদনাটা পেল ভিন্ন মাত্রা। তখন আমার অধিকাংশ গান ছিল থিয়েটারকেন্দ্রিক। আমার সঙ্গী রাহুল আনন্দসহ আরও কয়েকজন বন্ধু। তবে এর বাইরেও নিজেরা নিজেরা কিছু গান করতাম। সেখান থেকেই জন্ম নেয় এই জনপ্রিয় গানটি।’শুনেছি, সে সময় আপনারা অনেক লোকগান করতেন। কনক বললেন, ‘ঠিকই শুনেছেন। তখন আমরা নিয়মিত লোকগান গাইতাম, সংগ্রহ করতাম। এর পেছনে বহু সময় দিয়েছি আমরা। আমাদের সংগ্রহে অনেক বিলুপ্তপ্রায় গানও আছে। শহুরে গায়কদের কাছে এসে অনেক লোকগান তার সুর, মাধুর্য হারিয়ে ফেলে। আমরা সেই জায়গাটা নিয়েও অনেক কাজ করেছি। গানের মূল সুরটা ধরে রাখার চেষ্টা করেছি।’২০০৮ সালে নিয়ন আলোয় স্বাগতম নামের একটি মিশ্র অ্যালবামে ‘তুমি আমার পাশে বন্ধু হে’ গানটি বাজারে আসে। এরপর আপনার আর কোনো গান নেই কেন? ‘এর একটা কারণ আছে। রাহুল আনন্দ ও কয়েকজন বন্ধুকে নিয়ে আমরা জলের গান নামে একটা গানের দল করি। সিদ্ধান্ত নিলাম, এককভাবে আর গান নয়। যা করব জলের গান থেকেই করব।’ এমন সিদ্ধান্ত কেন নিলেন? ‘আমার কাছে মনে হয়েছে, একক ক্যারিয়ার হয়ে গেলে পরে ব্যান্ড হিসেবে কাজ করা অনেক কঠিন হয়ে যাবে। এ ছাড়া আমি গান লেখা, সুর করা খুব ভালো পারি না। ওটা রাহুল ভালো পারে। এই গানটা ঝড়ে বক মরার মতো ভালো হয়ে গেছে। তবে গান তৈরির কাজটা রাহুলের ওপরই ছেড়ে দিয়েছি।’ জলের গান-এর অবস্থা কী? আপনাদের গানের দলের কোনো গান এখনো বের হয়নি কেন? ‘এটা আমাদের অলসতা হতে পারে। আমাদের নিজস্ব বহু গান আছে। নিয়মিত সেগুলো নিজেদের জন্য গাই। ২০০৬ সালে স্কটল্যান্ডে সুফি গানের একটা উৎসবে আমাদের ব্যান্ড অংশ নিয়েছিল। ওটাই ছিল দর্শকদের সামনে প্রথম এবং শেষবারের মতো আমাদের গান করা। তবে এখন আমরা আবার নতুন করে শুরু করছি।’তাহলে কি শিগগির ব্যান্ডের অ্যালবাম দেখতে পাব? কনক আদিত্য বেশ আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলেন, ‘অবশ্যই। আমরা অ্যালবামের কাজ করছি। পাশাপাশি কনসার্ট করার প্রস্তুতি নিচ্ছি। খুব শিগগির জলের গান আসবে ভিন্ন ধরনের কিছু গান নিয়ে।’