তুমি আমার সকালবেলার সুর
সকাল সাড়ে ১০টা। ছায়ানট ভবনের সামনে শিক্ষার্থী আর সংগীতানুরাগীদের ভিড়ে সরগম। বাইরে থেকে শোনা যাচ্ছে নজরুলের গান আর নজরুলবিষয়ক আলোচনা। সেদিনটা ছিল নজরুলের ৩৪তম প্রয়াণ দিবস। অনুষ্ঠান শেষ হওয়ার পরই দেখা মিলল প্রিয়াংকা গোপের। আমরা কথা শুরু করি। জানা গেল, ২০০৯ সালে ছায়ানটের শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন প্রিয়াংকা গোপ। তাই ব্যস্ততাও কিছুটা বেড়েছে। কথায় কথায় প্রিয়াংকা ফিরে যান তাঁর শৈশবে। ‘দিদির গান গাওয়া দেখে হারমোনিয়ামে “সা রে গা মা পা” তোলা। গানের প্রাতিষ্ঠানিক হাতেখড়িটা আমার ওস্তাদ আনন্দ চক্রবর্তীর কাছে। এরপর ভাগ্যক্রমেই মিলে যায় বিশ্বভারতীর বৃত্তি।’ বিশ্বভারতী থেকে শাস্ত্রীয় সংগীতের ওপর তিন বছরের অনার্স আর দুই বছরের মাস্টার্স শেষ করেন প্রিয়াংকা। তাহলে কি শুধু শাস্ত্রীয় সংগীত?—জানতে চাই। মিষ্টি করে হেসে উত্তর দেন, ‘তা কেন? আমি নজরুল, রবীন্দ্রসহ সব ধরনের গানই করি। তবে ঝোঁকটা ওই ক্ল্যাসিক গানের ওপরই বেশি।’ছায়ানটেও তিনি উচ্চাঙ্গ সংগীতের শিক্ষক। প্রিয়াংকা বলেন, ‘নতুন প্রজন্মের যারা গান শিখছে, তারা উচ্চাঙ্গ সংগীতটা একটু এড়িয়ে চলতে চায়। হ্যাঁ, এটা ঠিক, হিন্দির আদলে ব্রজবুলি ভাষায় রচিত ক্ল্যাসিক গান গাওয়া সহজ বিষয় নয়। তবে গান শিখতে গেলে ক্ল্যাসিকের পথ না মাড়িয়ে চলা অসম্ভব। বলা যেতে পারে, ক্ল্যাসিক্যাল বা শাস্ত্রীয় সংগীত হলো গানের ভ্রূণ। গলাটাকে তৈরি করে দেয় ক্ল্যাসিক গান।’ তবে শিক্ষার্থীদের গান শেখালেও নিজের শেখাটাকে এখনো অব্যাহত রেখেছেন তিনি। বর্তমানে তালিম নিচ্ছেন পণ্ডিত অরুণ ভাদুড়ীর কাছে। যাকে বলে ‘নাড়া বেঁধে’ শিক্ষা নেওয়া। যেখানে একজন শিষ্য গানের জন্য সবকিছু অর্পণ করে দেন গুরুর চরণে। তিন মাস অন্তর কলকাতায় যান দীক্ষা নিতে। কেবল ছায়ানটেই নয়, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ-ইউডায়ও খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন প্রিয়াংকা। বাংলাদেশ বেতার ও টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী প্রিয়াংকা গোপ এরই মধ্যে গান গেয়েছেন টেলিভিশনে প্রচারিত নজরুলের একটি নাটকে। এ ছাড়া একটি মিশ্র অ্যালবামেও কাজ করেছেন তিনি। নজরুল ও রবীন্দ্রনাথের গান নিয়ে একটি একক অ্যালবামের কাজ চলছে তাঁর। কলকাতায় গানের ওপর পড়াশোনা করলেও প্রিয়াংকা বহুবার ভারতের বিভিন্ন প্রদেশে গান পরিবেশন করেছেন। কখনো শাস্ত্রীয়, কখনো বা নজরুলসংগীত নিয়ে হাজির হয়েছেন শ্রোতাদের সামনে। তাই প্রাপ্তির ঝোলাটা হালকা নয় প্রিয়াংকা গোপের। সংগীতসাধনার এই অল্প সময়েই বেশ কিছু পদক পেয়েছেন কাজের স্বীকৃতিস্বরূপ। বিশ্বভারতী থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে পাস করা প্রিয়াংকা সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন ভারতের বড় প্রতিযোগিতা ‘ডোভারলেন মিউজিক কনফারেন্স’-এ শাস্ত্রীয় সংগীত ঠুমরিতে প্রথম আর খেয়ালে দ্বিতীয় স্থান অধিকার করে।প্রিয়াংকা গোপের শৈল্পিক প্রতিভা কিন্তু এখানেই শেষ নয়, ক্ল্যাসিক গানের ওপর বেশ কিছু লেখাও প্রকাশিত হয়েছে তাঁর। বেশ জোর গলায়ই তিনি বলেন, ‘আমার উদ্দেশ্যটা হলো, শাস্ত্রীয় গানের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ তৈরির সঙ্গে সঙ্গে একটি প্লাটফর্ম তৈরি করা, যাতে শুদ্ধ ব্যাকরণ ও উচ্চারণে তারা ক্ল্যাসিক্যাল গাইতে পারে। এতে সবাই জানবে যে ক্ল্যাসিক শেখা ও গাওয়ার জন্য অন্তত একটি জায়গা আছে।’ কথা হয়তো আরও অনেক দূর গড়াত, কিন্তু ঘড়ির কাঁটা থেমে নেই। ক্লাসের সময় হয়ে গেছে, তাই উঠে পড়ার প্রস্তুতি নেন প্রিয়াংকা। তবে যাবার বেলায় শুনিয়ে যান বিশেষ দিনে নজরুলের স্মরণে একটা গান—‘তুমি আমার সকালবেলার সুরহূদয় অলস উদাস করা অশ্রুভরাতুরসকাল বেলার সুর।’সংগীতের প্রতি এই অপরিসীম ভালোবাসাকে আমৃত্যু লালন করতে চান প্রিয়াংকা গোপ। গান গাইতে চান জীবনের শেষ দিন পর্যন্ত।