
ভেবে দেখুন, আপনার চিরচেনা-পরিচিত শহরে কেউ আপনাকে চিনতে পারছে না। এমনকি নিতান্ত আপনজনেরাও ভ্রু কপালে তুলে প্রশ্ন করছে, তুমি কি সত্যিই তুমি?! এমন বিচিত্র অভিজ্ঞতা ‘উপহার’ দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্লাস্টিক সার্জনরা। সাধারণত প্লাস্টিক সার্জারির মাধ্যমে চেহারা এক-আধটু বদলে ফেলা যায় বলেই আমরা জানি। কিন্তু দক্ষিণ কোরিয়ার প্লাস্টিক সার্জনরা অপারেশন টেবিলে আমূল বদলে ফেলছেন একজন মানুষের মুখ। সেখানকার চিকিৎসকেরা এতটাই জনপ্রিয়তা পেয়েছেন, একটি জরিপে জানা যায়, দক্ষিণ কোরিয়ায় প্রতি ৭৭ জনে একজন নিজেকে প্লাস্টিক সার্জনের ছুরির নিচে সঁপে দিচ্ছেন। তবে বিপাকে পড়ছেন দক্ষিণ কোরিয়ায় গিয়ে প্লাস্টিক সার্জারি করা ভিনদেশিরা। কদিন আগেই চীনের এক নারী যেমন পাসপোর্টের ছবির সঙ্গে চেহারা না মেলায় কোরিয়া থেকে নিজ দেশে ফিরতে পারছিলেন না। সমস্যা সমাধানে, হাসপাতালগুলো এখন ‘প্লাস্টিক সার্জারি সনদ’ দিচ্ছে! ডেইলিমেইল।