
এনজি শট নিয়ে কথা বলার আগে বলি, আমার কিন্তু হাসির রোগ আছে। একবার হাসি শুরু হলে হা হা হি হি চলতে থাকে ননস্টপ। আবার আমার সামনে কাউকে হাসতে দেখেও হাসি শুরু হয়ে যায় আমার। কথাটি শুনে আপনারা হয়তো হাসছেন। কিন্তু কয়েক দিন আগে হাসির জন্য বেশ খেসারত দিতে হয়েছে আমাকে—একটি নাটকে আমার অসংখ্য শট এনজি হয়েছে এই হাসির কারণে। এবার খুলে বলি ঘটনাটি।
ইরানী বিশ্বাসের পরিচালনায় ভূতের সাথে প্রেম নামে একটি নাটকের শুটিং করছিলাম। শুটিং হচ্ছিল উত্তরায়। নাটকে আমার সহ-অভিনেতা ছিলেন আগুন। সেখানে একটি দৃশ্যে আগুন ভাই আমার উদ্দেশে সংলাপ দেবেন: ‘তুমি তো ভূত। তোমার সাথে কীভাবে বিয়ে হবে আমার?’
দৃশ্য ধারণের আগে পরিচালক সবকিছু বুঝিয়ে দিলেন আমাদের। কিন্তু এর আগে থেকেই ‘ভূত ভূত’ বলে আগুন ভাই খেপাচ্ছিলেন আমাকে। এবার দৃশ্য ধারণ শুরু হলো। পরিচালক বললেন, ‘অ্যাকশন।’ এখন তো আগুন ভাই সংলাপ দেবেন, ‘তুমি তো ভূত। তোমার সাথে আমার...।’ কিন্তু কোথায় সংলাপ! সংলাপ বলতে গিয়ে আগুন ভাই তো হেসেই কুটিকুটি। আর তাঁর হাসি দেখে আমার ভেতরকার হাসির রোগটিও ততক্ষণে সাবালক হয়েছে। আগুন ভাই হাসছেন, হাসছি আমিও—সে এক এলাহি কাণ্ড! এদিকে পরিচালকের তো বারোটা বাজছে—বারবার শট এনজি হচ্ছে।
হাসি থামিয়ে সিরিয়াস হওয়ার চেষ্টা করলাম আমরা। পরিচালক আবারও শট নেওয়ার জন্য প্রস্তুত। ক্যামেরার রোলিং শেষ। পরিচালকের মুখ থেকে ‘অ্যাকশন’ শব্দটিও বেরিয়ে গেছে। আগুন ভাই সংলাপ দিচ্ছেন, ‘তুমি তো ভূত। তোমার সাথে কীভাবে বিয়ে হবে আমার?’
ওমা, এবারও হাসি! সংলাপ বলতে গিয়ে যেন হেসে খুন হয়ে যাচ্ছেন তিনি। এদিকে তাঁকে হাসতে দেখে আমি কি না-হেসে পারি? আমি তো এমনিতেই হাসি, তার ওপরে হাসির মচ্ছব বসিয়েছেন আগুন ভাই। তাই আমার মুখ থেকেও বেরোচ্ছে হা হা হি হি...। এই শটও যথারীতি এনজি হলো।
অগত্যা পরিচালক আমাদের বললেন, ‘আপনাদের এক ঘণ্টার ব্রেক দেওয়া হলো। এই এক ঘণ্টা প্রাণখুলে হেসে নেন। তারপর দৃশ্যটি ধারণ করব।’
এরপর আমরা আসলে প্রাণখুলেই হাসলাম। তারপর অনেক কষ্টে ‘ওকে’ হলো ওই দৃশ্য: ‘তুমি তো ভূত। তোমার সাথে কীভাবে বিয়ে হবে আমার?’
অনুলিখন: আলতাফ শাহনেওয়াজ