তুমি ধন্যি মেয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর

একটা সময় বাবা যখন শুটিং শেষে বাড়ি ফিরতেন, দৌড়ে গিয়ে তাঁকে জাপটে ধরতেন শ্রদ্ধা কাপুর। এরপর ছোট্ট মেয়েটি অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকত বাবার দিকে। বাবা কেমন যেন অদ্ভুত সাজপোশাকে নিজেকে ঢেকে রেখেছেন। অদ্ভুত তো দেখাবেই, শুটিং শেষে সবেই তো ফিরলেন বাড়ি। না মেকআপ ছাড়া হয়েছে, আর না গেটআপ। তাই বলিউডের খল-অভিনেতার সাজে বাবাকে অবাক দৃষ্টিতে দেখা ছাড়া তো আর কোনো উপায় ছিল না শ্রদ্ধার। একটা সময় তো শ্রদ্ধা তাঁর ‘ভিলেন’ বাবা শক্তি কাপুরকে কোনো এক ‘সুপারহিরো’ ভাবতে শুরু করেছিলেন। সেবার অনেক কষ্টে ছোট্ট শ্রদ্ধাকে বুঝিয়েছিলেন বাবা, তিনি অতিমানব নন। কিন্তু এখন শ্রদ্ধার বাবাকে কে বোঝাবেন? তাঁর মেয়ে তো ইদানীং অতিমানবসুলভ কাজ করেই চলেছেন। কারণ, এমন একের পর এক সাফল্য অর্জন তো আর চাট্টিখানি কথা নয়!
ধন্যি মেয়ে বললে ভুল হবে না। শুরুতে দুয়েক কদম হোঁচট খাওয়ার পর থেকে এমন শুধরে গেছেন শ্রদ্ধা কাপুর, যে ব্যর্থতা এখন আর তাঁর নাগাল পায় না। আশিকি টু থেকে শুরু হালের এবিসিডি টু—প্রতিটি ছবিতেই শ্রদ্ধা নিজেকে প্রমাণ করেছেন বারবার। আশিকি টুর আগে শ্রদ্ধা যে পথ দিয়ে হেঁটেছেন, সেই পথটাই তাঁকে আজ এত গোছানো বর্তমানে নিয়ে এসেছে। অভিনেতার মেয়ে বলে যে সোনার চামচ মুখে দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল শ্রদ্ধার, এমনটি মোটেও নয়। বরং শ্রদ্ধার অভিষেকের কথা তো অনেকের মনেও নেই। শ্রদ্ধার ছিল খুব সামান্য একটা চরিত্র। তাঁর প্রথম ছবি তিন পাত্তির কেন্দ্রবিন্দুতে ছিলেন বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন। তাই মহাতারকার তেজের সামনে প্রথম ছবিতে ঠিকমতো জ্বলেই উঠতে পারেননি। সেই ছিল শ্রদ্ধার প্রথম হোঁচট।
তিন পাত্তি ছবির কাজ শেষ হওয়ার পরপরই সঞ্জয়লীলা বানশালীর মাই ফ্রেন্ড পিন্টো ছবিতে কাজের প্রস্তাব পান শ্রদ্ধা। কিন্তু তিন পাত্তি মুক্তির পর বক্স অফিসে এর ভরাডুবি দেখে একরাতেই সিদ্ধান্ত নেওয়া হয় বানশালীর ছবিতে থাকছেন না তিনি। সেই প্রত্যাখ্যানটা অনেক কষ্ট দিয়েছিল শ্রদ্ধাকে। বাড়ি ফিরে দরজা আটকে নাকি খুব কেঁদেছিলেন তিনি। নিজেই কথাটা স্বীকার করেছেন এক সাক্ষাৎকারে। তবে শ্রদ্ধা মেয়েটা কিন্তু খুব নরম-সরম নন। এই প্রত্যাখ্যানের ভালো জবাবও দিয়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া সঞ্জয়লীলা বানশালী প্রযোজিত গাব্বার ইজ ব্যাক ছবির জন্য প্রথমে চুক্তি হয় শ্রদ্ধার সঙ্গে। কিন্তু শুটিংয়ের আগে হঠাৎই পিছিয়ে যান তিনি। কারণ হিসেবে শিডিউল-সংকট দেখিয়ে নীরবে-নিভৃতে সেই পিন্টোর বদলা নিয়ে নেন শ্রদ্ধা!
শ্রদ্ধার দ্বিতীয় ব্যর্থ ছবির নাম লাভ কা দ্য এন্ড। যশরাজ ফিল্মসের সবচেয়ে ব্যর্থ ছবির মধ্যে এটি একটি। ছবিটা এত বাজেভাবে বক্স অফিসে মার খেয়েছে ২০১১ সালে, যে তিন ছবির জন্য শ্রদ্ধার সঙ্গে চুক্তি করার পরেও বাকি দুটো ছবি তৈরির আর সাহস করেনি যশরাজ!
এর পরের একটা বছর নিজের ব্যর্থতার ধকল সামলে নিয়ে এক নতুন শ্রদ্ধার জন্ম হয়। ২০১৩ সালে শ্রদ্ধা নাম লেখান আশিকি টু ছবিতে। লক্ষ্মীর রূপে আবির্ভূত হলেন এই কাপুর-কন্যা। ক্যারিয়ারের প্রথম সফল ছবি কড়া নাড়ল তাঁর দ্বারে। তারপর একে একে এক ভিলেন, হায়দার আর এখন এবিসিডি টু। শ্রদ্ধার মুক্তি পাওয়া ছয়টি ছবির মধ্যে চারটিই এখন বলিউডের শতকোটি রুপির ক্লাবে নাম লিখিয়েছে। শুধু অভিনয় নিয়েই নয়, গান দিয়েই এ অভিনেত্রী মাত করেছেন কোটি হৃদয়। বলিউডের ‘ড্রিমগার্ল’ হেমা মালিনি নিজ থেকেই তাঁর ‘ড্রিমগার্ল’ খেতাবের উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছেন শ্রদ্ধার নাম। তবে এতেই তৃপ্ত নন এ বছরই ২৬ শুরু করা এই মেয়ে। তাই তো শাহরুখভক্ত শ্রদ্ধা প্রায়ই বলে থাকেন, ‘পিকচার তো আভি বাকি হ্যায়...’ অর্থাৎ এখনো বাকি অনেক কিছু!
ফিল্মফেয়ার, টাইমস অব ইন্ডিয়া ও বলিউড হাঙ্গামা অবলম্বনে