তুমি রবে নীরবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ ডিসেম্বর ছিল বাংলা গানের কিংবদন্তি শিল্পী মাহমুদুন্নবীর জন্মদিন। ২০ ডিসেম্বর তাঁর ২৩তম মৃত্যুবার্ষিকীও। এ শিল্পীর স্মরণে তাঁর দুই মেয়ে সংগীতশিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী সেদিন এক আড্ডায় একমনে আওড়ে গেলেন প্রিয় বাবার স্মৃতি

বাবা মাহমুদুন নবীকে নিয়ে স্মৃতিচারণা করছেন সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী। ছবি: আনন্দ
বাবা মাহমুদুন নবীকে নিয়ে স্মৃতিচারণা করছেন সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী। ছবি: আনন্দ

সামিনা চৌধুরীর ধানমন্ডির ফ্ল্যাটে বসে যখন কথা হচ্ছিল দুই বোনের সঙ্গে, তখন সন্ধ্যা নেমেছে। আলো-আঁধারিতে মিশে যাওয়া সে সন্ধ্যার আভা যেন ছুঁয়ে গেল ফ্ল্যাটের ড্রয়িং রুমে বসে থাকা সংগীতশিল্পী দুই বোনকেও। বাবা বরেণ্য শিল্পী মাহামুদুন্নবীকে নিয়ে কথা বলবেন তাঁরা—পুরো পরিবেশটাই ততক্ষণে ডুবে গেছে এক অদ্ভুত বিষণ্নতায়।

বাবা ছাড়া জীবনটা কেমন?
কথার শুরুতে এমন প্রশ্নে দুই বোন একেবারেই চুপ। তাঁদের চোখ বেয়ে গড়িয়ে পড়া জল দেখে অপরাধী মনে হলো আমাদের। একটু সামলে নিয়ে শুরু করলেন সামিনা চৌধুরী, ‘বাবা ছাড়া জীবনটা একেবারেই একঘেয়ে। বাবার মৃত্যুর প্রথম ১০ বছর এক মুহূর্তের জন্যও মনে হয়নি “বাবা নেই”। রাস্তায় বের হলেই মনে হতো, এই বুঝি “ওই রিকশা যাবা?” বলে বাবা আমাকে রিকশা ঠিক করে দিচ্ছেন। মাঝেমধ্যে আনমনেই জি বলে উঠতাম, মনে হতো বাবা আমাকে ডেকেছেন, ‘এই সোমা’ (আমার ডাকনাম) নামে।’ এর মধ্যে বোন সামিনার কথাটা কেড়ে নিলেন আরেক বোন ফাহমিদা নবী, ‘বাবার মৃত্যুর বেশ কয়েক বছর আমি ঠিকমতো ঘুমাতে পারিনি, মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যেত। তখন খেয়াল করতাম, চোখ দিয়ে পানি পরছে। বাবা নেই, এটা মনে হয় না কখনোই, কিন্তু বাবার শারীরিক অনুপস্থিতিই সে কথা বুঝিয়ে দেয় সব সময়।’

রঙের দিনগুলো...
ছোট বোন সামিনার কাছে মা-বাবা আর বড় বোনকে সঙ্গে নিয়ে রিকশায় ঘুরতে যাওয়াটাই খুব মজার স্মৃতি। বাবার হাতে খাওয়া আম-দুধের স্বাদ এখনো জিবে লেগে আছে তাঁর। তাই যেন বা বড় বোন ফাহামিদা সামিনাকে বলতে না দিয়ে নিজেই বলে ফেললেন তাড়াহুড়ো করে, ‘ও তো খুব দুষ্টুমি করে বেড়াত সারাক্ষণ। প্রতিদিন বাবার বকা না খেলে ওর চলত না। আমি তো ছিলাম বাবা-মায়ের লক্ষ্মী মেয়ে।’ এ সময় সামিনা কিছু বলতে যাবেন কিন্তু তাঁকে থামিয়ে দিলেন ফাহমিদা, ‘আসলে বাবা আমাদের খুব একটা বকাবকি করতেন না। খুব আত্মভোলা মানুষ ছিলেন তিনি। খুব মজা হতো, যখন আমি আর সোমা বাবার মোটরসাইকেলে করে স্কুল থেকে বাসায় ফিরতাম!’

আত্মভোলা বাবা...
‘বাবাকে নিয়ে সবচেয়ে বেশি ঝামেলায় ছিলেন মা। একবার হলো কি! আমরা সবাই মিলে দিনাজপুর যাচ্ছিলাম। রংপুর গিয়ে বাসটি ২০ মিনিটের যাত্রাবিরতি নিল। বিরতি শেষে বাসটি যখন ছেড়ে দেবে, দেখা গেল বাবা নেই। মা তো রেগে একাকার, বললেন, “গিয়ে দেখ, বড় বড় ফুঁ দিয়ে চা খাচ্ছে এখনো।” মা ড্রাইভারকে বললেন বাস ছেড়ে দিতে। অল্প একটু দূরে গিয়ে বাসটি আবার থামলে বাবাকে খুঁজতে গিয়ে দেখি, মায়ের কথাই ঠিক। বাবা তখন আমায় দেখে বললেন, “বাসটি কখন গেল? দেখলামই না!”’—ফাহমিদার গল্প শেষ না হতেই সামিনার কণ্ঠে শুরু হলো আরেকটি গল্প, ‘একদিন বাবা মাকে নিয়ে বাইরে যাচ্ছিলেন। মা হোন্ডায় মাত্রই উঠে বসবেন, এমন সময় বাবা হোন্ডা চালিয়ে চলে গেলেন। পথে গিয়ে পেছনে মাকে না দেখে ফিরে এলেন আবার। এরপর কোনো রকম অনুতপ্ত না হয়েই বললেন, ‘আরে, তুমি উঠতে পারোনি? হা হা হা।’ ছোটবেলায় আমাকে স্কুল থেকে আনতে গিয়েও বাবা একই কাণ্ড করেছেন।’—সামিনা চৌধুরী হাসতে হাসতে বলে চলছেন বাবা মাহামুদুন্নবীর মজার ঘটনাগুলো।

যেটুকু অভিমান...
শিল্পী মাহমুদুন্নবী তাঁর জীবদ্দশাতেই পেতে পারতেন একুশে পদক। তালিকায় নাম থাকার পরও সেটি থেকে নিজেকে বঞ্চিত হতে দেখে অভিমানে গান থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন সে সময়। সে অভিমান ছুঁয়ে গেছে তাঁর মেয়েদেরও। শেষ প্রচেষ্টা হিসেবে তাঁর সুযোগ্য দুই মেয়ে এবার আবেদন করেছেন এ শিল্পীকে মরণোত্তর একুশে পদক দেওয়ার জন্য। সে আবেদনে কতটুকু সাড়া মেলে, সেটা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন।