তুমি রবে নীরবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশন ইম্পসিবল ফাইভ ছবির সেটে এমিলি ও টম ক্রুজ
মিশন ইম্পসিবল ফাইভ ছবির সেটে এমিলি ও টম ক্রুজ

পরনে খাদি সফেদ পাঞ্জাবি। গালে কদিনের না-কামানো খোঁচা খোঁচা দাড়ি। চোখের দৃষ্টিতে বিরহের বিহ্বলতা। আর কণ্ঠে গান, ‘তুমি রবে নীরবে, হৃদয়ে মম...’। কিংবা, ‘ও কি এল, ও কি এল না-বোঝা গেল না, গেল না। ও কি মায়া, কি স্বপনছায়া-ও কি ছলনা!’
কল্পনার ঘোড়াটাকে থামাতেই হচ্ছে এবার। টম ক্রুজের পরনে পাঞ্জাবি আর গালে খোঁচা খোঁচা দাড়ি পর্যন্ত মেনে নেওয়া যায়। কিন্তু তাই বলে গলায় রবীন্দ্রসংগীত? এ তো রীতিমতো গল্পের গাছ গরুতে চড়ে বসার মতো কাণ্ড!
তবে বাংলার দেবদাস তিনি না-ইবা হলেন। কিন্তু জর্জ মাইকেলের কাছ থেকে ধার করে তো গাইতেই পারেন, ‘টাইম ক্যান নেভার মেন্ড।’ যে সময় চলে গেছে, ঘড়ির কাঁটা উল্টিয়ে তাঁকে আর ফেরত আনা যায় না। গেলে সবাই অতীতের ভুলগুলো সব শুধরে নিত। সময়, তুমি বুড়োটে এক যাযাবর!
সেই সময় ঘোড়ায় চেপে কত কিছুই না বদলে গেছে। ক্রুজ আগামী মাসে পা রাখতে চলেছেন ৫৪ বছর বয়সে। কী, বিশ্বাস হচ্ছে না? ১৯৬২ থেকে হিসাব কষে দেখুন।
আশ্চর্য জাদুমন্ত্রে বয়সের ঘড়িটাকে আটকে রাখা ক্রুজ নাকি প্রেমে পড়েছেন আবার। এ নিয়ে হলিউডের বাজারে বেশ শোরগোল। শোরগোলটা এবার বেশি মাত্রায় হচ্ছে। বেশ কয়েকটি কারণে। ক্রুজের কথিত প্রেমিকা নামকরা কেউ নয়। নাম এমিলি, মিশন ইম্পসিবল ফাইভ-এর সেটে কাজ করা প্রযোজনা সহকারী। বয়স ২২, ক্রুজ বয়সে ঠিক ৩১ বছর বড়। আগামী মাসে মুক্তি পেতে যাওয়া তাঁর সবচেয়ে সফল সিরিজের পঞ্চম ছবিটি নয়, ক্রুজের ‘মিশন ইম্পসিবল’ নাকি এখন এমিলির মন জয় করাই!
মেয়ের বয়সী (কথাটা আক্ষরিক অর্থেও নিতে পারে, ক্রুজের দত্তক নেওয়া মেয়েবেলার বয়সও তা-ই) একজন তরুণীর সঙ্গে প্রেম করছেন বলে হইচই হচ্ছে এমনটা নয়। মার্কিন দৃষ্টিভঙ্গি কিংবা হলিউডি কেতায় এটা সে রকম বেখাপ্পাও নয়। খবরটা (কিংবা গুজব) ছড়িয়ে পড়েছে এমিলির চেহারার কারণে। এমিলি নাকি দেখতে প্রায় কেটি হোমসের মতো। যেন ছোট্টবেলায় মেলার ভিড়ে হারিয়ে যাওয়া হোমসের যমজ বোন!
আসছে ২৯ জুন হোমসের সঙ্গে তাঁর বিচ্ছেদের তিন বছর পূর্তি হতে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, একাধিক সম্পর্ক তো বটেই, তিন-তিরিকে নয়বার ‘আই ডু’ (সায়েন্টোলজিতে ‘আই ডু’ বলে বিয়ে করার রীতি আছে কি না কে জানে) বলেছেন। সেই ক্রুজ হোমসের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর কোনো সম্পর্কের গুঞ্জনের জন্ম পর্যন্ত হতে দেননি। হ্যাঁ, বাতাসে হালকা কথা ভেসেছে। কিন্তু সব মেঘই তো আর বৃষ্টি ঝরায় না। সেসব ‘গুঞ্জন’ও ‘খবর’ হয়ে উঠতে পারেনি।
অনেকেই বলেন, হোমসকে নাকি এখনো ভুলতে পারেননি ক্রুজ। তাঁদের সম্পর্কটাই তো একটা হলিউডি গল্প। ১৯৮১ সালে যখন রুপালি পর্দায় ক্রুজের অভিষেক হয়, হোমসের বয়স মাত্র তিন বছর। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্নের নায়ক, হাল-আমলের চলতি ভাষায় যাকে বলে ‘ক্রাশ’।
হলিউডে পা রাখার পর মুখ ফসকে হোমস একবার বলে বসেছিলেন, বিয়ে করলে ক্রুজকেই করবেন। এবং সত্যি সত্যিই হলোও তা-ই। ২০০৫ সালে ফাস্ট ফরোয়ার্ডে ঘটে যেতে থাকল একের পর এক ঘটনা। প্রেমতীর্থ প্যারিসের আইফেল টাওয়ারের সামনে হাঁটু গেড়ে প্রস্তাব পাড়লেন ক্রুজ। মাসটা এপ্রিল। মিডিয়া নাম দিল ‘টমক্যাট’। মেতে অপরাহ উইনফ্রের অনুষ্ঠানে এসে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন সম্পর্কের। অক্টোবরে জানা গেল তাঁরা বাবা-মা হতে চলেছেন।
২০০৬ সালে সুরির জন্ম। সে বছরই নভেম্বরে ইতালির ১৫ শতকের এক রাজপ্রাসাদে হলো বিয়ে। কিন্তু সব গল্পের তো ‘হ্যাপি এন্ডিং’ হয় না। ২০১২ সালে, ক্রুজের ৫০তম জন্মদিনের ঠিক পাঁচ দিন আগে খবর এল, বিচ্ছেদের আবেদন করেছেন হোমস!
সেই থেকেই দুজনে আলাদা। সুরি মায়ের কাছেই থাকে। ক্রুজ মাঝেমধ্যে গিয়ে দেখে আসেন। কিন্তু সন্তানের প্রতি তাঁর ভালোবাসা টানটা যে অন্য রকম! সেটা বেশ বোঝা গিয়েছিল, যখন ইন টাচ ও লাইফ অ্যান্ড স্টাইল নামের দুটি পত্রিকার বিরুদ্ধে পাঁচ কোটি ডলারের মামলা ঠুকে দিয়েছিলেন। পত্রিকা দুটো লিখেছিল, ক্রুজ নাকি মেয়ের খোঁজ নেন না!
মেয়ের প্রতি ভালোবাসা তো আছেই, ক্রুজের হৃদয়ের ঘরেও এখনো হোমসেরই নাকি বাস। এমিলি-ট্যামিলি সব ভুয়া। কেচ্ছা সাংবাদিকদের ফিকশন।
সেই ফিকশনের ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে এটা লিখে দিলেই বা কী এমন ক্ষতি, ক্রুজ গাইছেন, ‘এসো এসো ফিরে এসো, বঁধু হে ফিরে এসো। আমার ক্ষুধিত তৃষিত তাপিত চিত, নাথ হে, ফিরে এসো!’
ইউএস সাময়িকী অবলম্বনে