তুমি রবে নীরবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাঝে কিছু বছর গেল/স্মৃতিগুলো এলোমেলো/তারে ভোলা গেল না’ গানের সেই লাইনগুলো ধরেই বলতে হয়, মাঝে অনেক বছর চলে গেছে, কিন্তু তাঁকে আসলেই ভোলা যায়নি। শ্রোতারা আজও মনে রেখেছে তাদের প্রিয় শিল্পী সুমনা হককে। একসময়ের জনপ্রিয় এই গায়িকা গানের জগৎ থেকে দূরেই চলে গিয়েছিলেন। দীর্ঘদিন পর আবারও ফিরে এসেছেন। ১৯৮৬ সালের দিকে প্রথম শুরু করেন জিঙ্গেল শিল্পী হিসেবে। এরপর টানা এক যুগেরও বেশি সময় ধরে জিঙ্গেল গেয়েছেন। অনেকে তখন তাঁকে জিঙ্গেলসম্রাজ্ঞী বলেও ডাকতেন। সে কথা মনে করিয়ে দিতেই একচোট হাসি। ‘হ্যাঁ, সে রকমটাই বলত অনেকে। এমনও দিন গেছে, এক দিনে পাঁচ-ছয়টি জিঙ্গেল গাইতে হয়েছে। এক স্টুডিও থেকে আরেক স্টুডিওতে দাপিয়ে বেড়ানো কী ভীষণ ব্যস্ত জীবন ছিল সেটা।’ এরপর? ‘এরপর আর ভালো লাগছিল না। হাঁপিয়ে উঠেছিলাম। তাই তো ১৯৯৮ সালের দিকে কমিয়ে দিলাম জিঙ্গেল গাওয়া।’ গানও যে খুব বেশি গেয়েছেন, তাও নয়। সাকল্যে দুটি অ্যালবাম। মায়াবী এ রাতে (১৯৮৯) এবং মাঝে কিছু বছর গেল (২০০০)। অবশ্য তাতেই কি জনপ্রিয়তা! ‘মায়াবী এ রাতে’, ‘নিঝুম রাত’, ‘মাঝে কিছু বছর গেল’, ‘সুন্দর তুমি এসেছ’ গানগুলো এখনো শ্রোতাদের কানে বাজে। ‘সস্তা জনপ্রিয়তার পেছনে তো ছুটিনি। তাই গান খুব কম গেয়েছি। তবে নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। এই অল্প কয়েকটা গান গাওয়ার পরও সবাই আমাকে এত পছন্দ করে, আমকে মনে রেখেছে। অবাক হয়ে যাই মাঝেমধ্যে। যারা চেনে তারা বলে আবার গান করতে।’গান থেকে দূরে চলে গেলেন কেন? ‘গান থেকে তো দূরে যাইনি। নিজের জন্য সব সময়ই গান ছিল। তবে মিডিয়া থেকে দূরে ছিলাম। ওই যে বললাম হাঁপিয়ে উঠেছিলাম। তার ওপর মাঝখানে অসুস্থ হয়ে পড়লাম। এখন অবশ্য পুরোপুরি সুস্থ।’ সুস্থ হয়ে চিত্রকলার পেছনে পুরো মেধা ঢেলে দিচ্ছেন চারুকলা থেকে পেইন্টিংসে স্নাতকোত্তর করা সুমনা হক। কল্পনার সব রং নিয়ে খেলেন ইচ্ছামতো। সেই ব্যস্ত জীবন মিস করেন না? ‘মিস করি না বললে ভুল হবে। তবে সেই ব্যস্ত জীবনে আর ফিরতে চাই না। এই বেশ আছি। নিজের মতো করে ছবি আঁকি। সামনে একক প্রদর্শনী করব। তার জন্য অনেক ছবি আঁকছি। টুকটাক গান করলেও করতে পারি।’গাইতেন আধুনিক গান। হঠাত্ করে রবীন্দ্রসংগীতের অ্যালবাম বের করলেন কেন? ‘আমার মা (কবি খালেদা এদিব চৌধুরী) প্রায়ই বলতেন আবার গান করতে। আর ছোটবেলা থেকে রবীন্দ্রসংগীত শুনে, গেয়ে বড় হয়েছি। আব্বা বেঁচে থাকতে তিনিও রবীন্দ্রসংগীত ভীষণ পছন্দ করতেন। তাই ভাবলাম, মায়ের জন্য কয়েকটা গান রেকর্ড করি। ফুয়াদ নাসের বাবু ভাইয়ের সঙ্গে কাজ শুরু করলাম। কিন্তু সেই কাজ চলা অবস্থায়ই ২০০৮ সালে মা মারা গেলেন। মায়ের জন্য করা সেই ১১টি গান নিয়েই অ্যালবামটি করা। কোনো বাণিজ্যিক উদ্দেশ্য থেকে এর কাজ শুরু করিনি। আজ অ্যালবাম বের হচ্ছে। অথচ মা শুনে যেতে পারলেন না। জানি না, মা শুনছেন কি না। কিন্তু মাকে বড্ড বলতে ইচ্ছে করছে, দেখো মা, আমি আবার গান করেছি। শুধু তোমার জন্য।’ গলা ভারী হয়ে ওঠে সুমনা হকের। এমন ভালোবাসা ভরা কথা কোনো মা না শুনে কি পারেন?