তুরস্কে ‘সালমান খান ক্যাফে’!
‘এক থা টাইগার’ ছবির শুটিং করতে তুরস্কে গিয়েছিলেন সালমান খান। নিজের দেশের মতো সেখানেও অনেকের হূদয়ে আসন গেড়ে এসেছেন সদাহাস্যোজ্জ্বল এ তারকা। সেই ভালোবাসার প্রতিদান হিসেবেই বুঝি তুরস্কের ক্যাফে ডেল-মার এখন পরিচিতি পেয়েছে ‘সালমান খান ক্যাফে’ নামে।‘এক থা টাইগার’ ছবির প্রযোজক প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের একজন মুখপাত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ওই মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জিনিউজ ব্যুরো জানায়, তুরস্কের মার্দিন শহরে অবস্থিত ক্যাফে ডেল-মারের পরিচয় পালটে গেছে। সবাই এখন এটিকে সালমান খান ক্যাফে নামেই ডাকছেন। ‘এক থা টাইগার’ ছবির শুটিং হয়েছে মার্দিন শহরে। ক্যাফে ডেল-মার শুটিং লোকেশনের পাশে হওয়ায় মাঝেমধ্যেই সাঙ্গোপাঙ্গ নিয়ে সেখানে যেতেন সালমান। ক্যাফেটিকে আকর্ষণীয় করে তুলতে তিনি নানা পরামর্শও দিয়েছেন।এ বিষয়ে ‘এক থা টাইগার’ ছবির দলের একজন সদস্য বলেন, ‘ক্যাফে ডেল-মারকে ঢেলে সাজানোর নানা পরামর্শ দেন সালমান। অন্দরসজ্জা থেকে শুরু করে মিউজিক এবং খাবারের মেন্যুতেও পরিবর্তন আনতে বলেন। আমরা তুরস্ক থেকে চলে আসার আগমুহূর্তে ক্যাফে ডেল-মারের চেহারা পুরোটাই পালটে যায়।’