তুর্কি পাম শিকারি

কান চলচ্চিত্র উৎসব এখন অদূর অতীত৷ মিলনমেলা ভেঙে গেছে৷ তুর্কি পরিচালক নুরি বিলগে জেলানের হাতে উঠেছে স্বর্ণপাম৷ সেই ছবি ও তার পরিচালককে নিয়ে কিছু কথা থাকল আজকের আনন্দে
চুপচাপ তুষার ঝরছে উপত্যকায়। আনাতোলিয়ার পাহাড়ে জেঁকে বসেছে শীত। উপত্যকায় শীত আসে, কিন্তু মানুষের মনের আগুন নেভে না। তুষের আগুনের মতো জ্বলতে থাকে ধিকিধিকি। সম্পর্কের টানাপোড়েন, পুরোনো প্রতিহিংসা বারবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। পুরো ছবিটা এক বিচিত্র ঘোর। বরফে ঢাকা আনোতালিয়া অঞ্চলের পাহাড় যেন এক স্বপ্নের পটভূমি।
কান চলচ্চিত্র উৎসবের মাঝামাঝি সময়। শেষ মুহূর্তে ছুটতে ছুটতে ঢুকেছি সালে দেবসি হলে। নুরি বিলগে জেলানের (তুর্কি ভাষায় উচ্চারণটা প্রায় এমনই) শীতঘুম (উইন্টার স্লিপ) ততক্ষণে শুরু হয়ে গেছে।
আনাতোলিয়ায় ছোটখাটো একটা হোটেল চালায় আইদিন। সাবেক অভিনেতা বর্ষীয়ান আইদিন আর তরুণী স্ত্রী নিহালের সম্পর্কের জটিলতা নিয়ে ছবির গল্প। টানা সংলাপের পর সংলাপ। কাহিনির গতি শ্লথ। সংগীতের ব্যবহার প্রায় নেই বললেই চলে। ছবির মাঝামাঝি এসে বুঝতে পারি, পূর্বপ্রস্তুতি না নিয়ে আসা দর্শক উসখুস করছে বারবার। অধৈর্য হয়ে বেরিয়েও যাচ্ছেন কেউ কেউ। পাক্কা ১৯৬ মিনিটের এই ছবি সহজ আর চটকদার বিনোদনে অভ্যস্ত দর্শকদের জন্য এক কঠিন পরীক্ষার নাম।
ছবির শেষে অংশে একটা খরগোশ শিকার করে আইদিন। সেই পশুহত্যাই হয়তো প্রথমবারে মতো তার মনের ভেতরের পশুটাকে নিষ্ক্রিয় করে দেয়। আইদিনকে আমরা প্রথমবারের মতো দেখি স্ত্রী নিহালের দিকে তাকিয়ে মিষ্টি হাসতে। শীতঘুম তাই শেষ পর্যন্ত একটা মিলনাত্মক ছবিই হয়তো।
তখনো জানার কথা নয়, এই ছবির দখলে যাচ্ছে স্বর্ণপাম। আরও জানা ছিল না, এখন পর্যন্ত কান চলচ্চিত্র উৎসবের কোনো আসর থেকেই খালি হাতে যাননি নুরি। স্বর্ণপাম আগে ধরা দেয়নি তাঁর হাতে সত্যি৷ সে কারণেই সম্ভবত পশ্চিমাদের চোখে প্রায় ‘অচেনা’ থেকে গেছেন এই নুরি জেলান।

বছর দশেক আগেই কান উৎসবে সাড়া জাগিয়েছিলেন এই তুর্কি নির্মাতা। তাঁর ছবি ডিসট্যান্ট উৎসবের দ্বিতীয় সম্মানজনক পুরস্কার গ্রাঁ প্রি জেতে ২০০৩ সালে। কানে জুরি পুরস্কার আর সেরা পরিচালকের পুরস্কার জেতার রেকর্ডও জমা তাঁর ঝুড়িতে। ২০১১ সালে তাঁর ছবি ওয়ান্স আপন এ টাইম ইন আনাতোলিয়া জেতে গ্র্যান্ড জুরি প্রাইজ।
ছিল শুধু স্বর্ণপাম ছঁুতে না পারার হতাশা। এবারে স্বর্ণপাম হাতে নিয়ে তাই আনন্দাশ্রুতে ভাসবেন নুরি, সেটাই তো স্বাভাবিক৷ কুয়েনটিন ট্যারেন্টিনো এবং উমা থারম্যানের হাত থেকে পুরস্কারটা নিয়ে কাঁপছিলেন আবেগে৷ সেই আবেগ সামলে নিতে সময় লাগল স্মিতহাস্য মানুষটার। ফটোকলে শত আলোকচিত্রীর ক্যামেরার ফ্ল্যাশ যখন হামলে পড়েছে তাঁর ওপরে, তখন অবশ্য আশ্চর্য শান্ত নুরি।
হাসলেন ততটুকুই, যতটুকু না হাসলেই নয়। হাত নাড়লেন ততটুকু, যতটুকু না নাড়লেই নয়।
নুরি জেলানের জন্ম ১৯৫৯ সালে। শৈশবের বড় অংশ কেটেছে ইয়েনিসে। সেখানে হাই স্কুল ছিল না বলে ১০ বছর বয়সে নুরির পরিবারকে চলে আসতে হয় ইস্তাম্বুলে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়া শুরু করেছিলেন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সেই পড়ায় মোটেও মন বসেনি তাঁর। ছবির দুনিয়ায় ক্যারিয়ার শুরু করেছিলেন আলোকাচিত্রী হিসেবে। ফটোগ্রাফির দিকে ঝোঁক ছিল। পকেট খরচ জোগাড় করার জন্য এমনকি পাসপোর্ট সাইজ ফটো তুলে দেওয়ার কাজও করেছেন একসময়।
চলচ্চিত্র দুনিয়ায় প্রথম পা রাখা বন্ধুর তৈরি একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করে৷ প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি দ্য স্মল টাউন (কাসাবা)। ২০০২ সালে উজাক তাঁকে নিয়ে আসে আলোচনায়।
ব্যক্তিগত জীবনে আন্তন চেখভের দারুণ ভক্ত এই নির্মাতা। তাঁর সব ছবিতেই চেখভ জড়িয়ে থাকেন কোনো না কোনোভাবে৷ আর সময় পেলেই নুরি এখনো ছুটে যান তাঁর শৈশবের ছোট্ট শহর ইয়েনিসে।