তুর্কিদের হাতে স্বর্ণপাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের কান উৎসবে পাম দ’র (স্বর্ণপাম) জিতেছে তুর্কি পরিচালক নুরি সেলানের উইন্টার স্লিপ৷ গতকাল সমাপনী আয়োজনে উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হাতে নুরি (মাঝে)৷ পাশে মার্কিন অভিনেত্রী উমা থারমেন ও পরিচালক কোয়েন্টিন টারানটিনো l এএফপি
এবারের কান উৎসবে পাম দ’র (স্বর্ণপাম) জিতেছে তুর্কি পরিচালক নুরি সেলানের উইন্টার স্লিপ৷ গতকাল সমাপনী আয়োজনে উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হাতে নুরি (মাঝে)৷ পাশে মার্কিন অভিনেত্রী উমা থারমেন ও পরিচালক কোয়েন্টিন টারানটিনো l এএফপি

শেষ পর্যন্ত জয় হলো কান উৎসবের চিরাচরিত ‘অভিনবত্ব’ সন্ধানেরই | বিশ্বের বাঘা বাঘা নির্মাতাকে পেছনে ফেলে উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার পাম দ’র (স্বর্ণপাম) হাতে তুলে নিলেন তুরস্কের পরিচালক নুরি সেলান৷
‘এটা আমার জন্য অসামান্য একটা সম্মান’ বলতে বলতে উজাক এবং ওয়ান্স আপন আ টাইম ইন আনাতোলিয়ার মতো ছবির এই নির্মাতার চোখ বেয়ে নেমেছে অশ্রুধারা৷ আনন্দাশ্রু!
সমালোচকদের রায়ে ফিপ্রেসকি পুরস্কার জেতার পর ধরেই নেওয়া হয়েছিল, উইন্টার স্লিপ-এর নামটা হয়তো থাকছে না মূল পুরস্কার আসরে৷ কিন্তু জেইন ক্যাম্পিয়নের নেতৃত্বে বড়সড় চমকই ঝুলিতে জমা রেখেছিলেন এবারের বিচারকেরা৷ আর সেই চমক দেখা গেল গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার পর, যখন একে একে ৬৭তম কান উৎসবে বিজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছিল৷
টিমোথি স্পালের পুরস্কার জেতার আভাস পাওয়া গিয়েছিল আগেই৷ হয়েছেও তাই৷ মিস্টার টার্নার ছবিতে চিত্রশিল্পী টার্নারের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন এই অভিনেতা৷ সেরা অভিনেতার পুরস্কার তুলে দিয়েছেন ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচ্চি৷
সেরা অভিনেত্রীর পুরস্কারেও দুর্দান্ত চমক৷ ম্যাপস টু দ্য স্টারস ছবিতে পছন্দের চরিত্র পেতে মরিয়া হলিউড অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করে জুলিয়ান মুর জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার৷ জুলিয়ান নিজেও হয়তো ভাবেননি তাঁর পুরস্কার পাওয়ার কথা৷ পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি৷
সোফিয়া লোরেন স্বয়ং হাজির হয়েছেন গ্র্যান্ড প্রিক্স পুরস্কার তুলে দিতে৷ গ্র্যান্ড প্রিক্স জিতেছে তাঁরই দেশ ইতালির ছবি লে মেরিয়াভিগেল ৷ দারুণভাবে আশা জাগিয়েও শেষ পর্যন্ত জুরি প্রাইজ নিয়েই খুশি থাকতে হয়েছে ২৫ বছর বয়সী তরুণ কানাডিয়ান নির্মাতা হাভিয়ের দোলানকে৷ এই বিভাগে তাঁর ছবি মমির (মা) সঙ্গী জঁ লুক গদারের ছবি গুডবাই টু ল্যাঙ্গুয়েজ৷ যথারীতি পুরস্কার অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না এই ফরাসি কিংবদন্তি৷
সেরা পরিচালক যুক্তরাষ্ট্রের বেনেট মিলার৷ তাঁর ছবির নাম ফক্স ক্যাচার৷ পুরস্কার তুলে দিয়েছেন অভিনেতা অ্যাড্রিয়ান ব্রডি৷ লেভিয়াথান ছবির জন্য সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জিতেছেন আন্দ্রেই জিগনেতসিয়েভ৷ ক্যামেরা দ’র পুরস্কার জিতেছে পার্টি গার্ল৷

গ্র্যান্ড প্রিক্স জিতেছে সোফিয়া লোরেনের দেশ ইতালির ছবি লে মেরিয়াভিগেল৷ ছবির পরিচালক অ্যালিসকে (বাঁয়ে) পুরস্কার তুলে দিতে মঞ্চে হাজির ছিলেন তিনি l এএফপি
গ্র্যান্ড প্রিক্স জিতেছে সোফিয়া লোরেনের দেশ ইতালির ছবি লে মেরিয়াভিগেল৷ ছবির পরিচালক অ্যালিসকে (বাঁয়ে) পুরস্কার তুলে দিতে মঞ্চে হাজির ছিলেন তিনি l এএফপি

কাল সারা দিনই ছিল গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানের তোড়জোড়৷ বাংলাদেশ সময় গতকাল রাত ১১টায় শুরু হয় সমাপনী অনুষ্ঠান৷ অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে অংশ নেন বিচারকেরা৷ সেখানে উপস্থিত ছিলেন বিচারকদের প্রেসিডেন্ট জেইন ক্যাম্পিয়ন, সোফিয়া কাপোলা, লায়লা হাতামি, উইলিয়াম ডেফো, গায়েল গারসিয়া বার্নেলসহ অন্য সদস্যরা৷
সফল ‘সাদা ঈশ্বর’: মূল প্রতিযোগিতা বিভাগের ফয়সালা আসার আগে ঘোষণা করা হয়েছে ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগের বিজয়ীদের নাম৷ এ বিভাগে সবচেয়ে বড় পুরস্কারটি জিতেছে হাঙ্গেরি, জার্মানি ও সুইডেনের যৌথ প্রযোজনার ছবি দ্য হোয়াইট গড৷ লিলি নামের এক কিশোরী আর পোষা কুকুরকে নিয়ে কর্নেল মুনদ্রুজকো পরিচালিত এই ছবির গল্প৷ যেকোনো মূল্যে নিজের পোষা কুকুরটাকে নিজের কাছে রাখতে চায় লিলি৷ কিন্তু বাবার জোরাজুরিতে শেষ পর্যন্ত কুকুরছানাটিকে রাস্তায় ছেড়ে দিতে বাধ্য হয় সে৷ ছবির বাকি গল্প লিলির প্রিয় কুকুরকে খঁুজে বেড়ানোর অভিযান নিয়ে৷
এ বিভাগে জুরি প্রাইজ জিতেছে সুইডেনের ছবি টুরিস্ট ৷ আল্পসে ছুটি কাটাতে যাওয়া একটি সুইডিশ পরিবারকে নিয়ে এ ছবির গল্প৷
বিশেষ পুরস্কার জিতেছে ভিম ভেন্ডার্স ও জুলিয়ান রিবেইরো সালগাদোর ছবি দ্য সল্ট অব দি আর্থ ৷ এ বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন চার্লিস কান্ট্রি ছবির অভিনেতা ডেভিড গুলপিলিল৷
সমালোচকদের চোখে সেরা ‘শীত ঘুম’: ঘোষিত হয়েছে ফিপ্রেসকি পুরস্কারও৷ ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের বিচারকদের বিবেচনায় দেওয়া হয় এ বিভাগের পুরস্কার৷ বিশ্বের নানা প্রান্তের দঁুদে সমালোচকদের বিচারে প্রতিযোগিতা বিভাগ থেকে এ পুরস্কার জিতেছে তুরস্কের ছবি উইন্টার স্লিপ৷ এই ছবি স্বর্ণপামও জিতেছে৷ ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগ থেকে পুরস্কারটি জিতেছে আর্জেন্টিনার ছবি হাউহা৷ ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগ থেকে পুরস্কার জিতেছে টমাস কেইলি পরিচালিত লাভ অ্যাট ফার্স্ট ফাইট ৷