তুষার খান কত খান!
তাঁর ওজন পাক্কা ১০০ কেজি। তবু তিনি খান। খাওয়াটা কখনো যদিও খুব কষ্টকর ঠেকে, কিন্তু উপায় কী! তাঁকে তো খেতেই হবে, প্রতি সপ্তাহে তাঁকে তো খেতেই হয়। ইতিমধ্যে খেয়ে অসুস্থ হওয়ার রেকর্ডও জুটেছে কপালে। তবু এই খাওয়ার জন্যই নতুন মহিমায় এবার জনপ্রিয় তিনি। এর মধ্যে ‘খানেদার’ হিসেবে খেতাবও জুটেছে তুষার খানের।মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা এবার চ্যানেল নাইনে ‘হাতের কাছে পথের খাবার’ নামে খাবারবিষয়ক একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে সেখানকার খাবার পরিচিতির সঙ্গে সেগুলোর স্বাদ ও রস আস্বাদন—প্রতি পর্বে এই হলো তাঁর কাজ। কিন্তু কাজটি করতে গিয়ে হরেক রকম তেল-চর্বিযুক্ত খাবার যেভাবে হাপুস-হুপুস হরহামেশাই খান তিনি, তাতে বিস্ময় অনেকেরই—‘কীভাবে একসঙ্গে এত তেল-চর্বিযুক্ত খাবার খেয়ে সুস্থ থাকেন তুষার খান?’তাঁর সঙ্গে আলাপের শুরুতে এই প্রশ্নটি ছুড়ে দিয়ে আমরা যখন জবাবের প্রতীক্ষায়, এর আগেই আমাদের অনুরোধে একটি আস্ত বার্গার সাবাড় করতে হয়েছে তাঁকে। বললেন, ‘অনুষ্ঠান করতে গিয়ে আমি কিন্তু খুব বেশি খাই না, শুধু চেখে দেখি, অভিনয় করি। তবে এই চাখাচাখিতেও যা হয়, তা নেহাত কম নয়। একেক রেস্তোরাঁয় কম করে হলেও ১২-১৩ পদের খাবার, একবার সর্বোচ্চ ছিল ২৯ পদ। তাই শুটিংয়ের আগের দুই দিন এবং পরের এক দিন আমি তেমন কিছুই খাই না। বলতে গেলে অনেকটা না খেয়ে থাকি। প্রতিদিন প্রচুর হাঁটি। এভাবেই সুস্থ থাকার চেষ্টা করি। খাবার দেখলে আমার এখন কষ্ট লাগে, কখনো কখনো রাগও হয়।’এই সময়ের খানেদার তুষার খান নিজের খাওয়ার কথা বলতে বলতে অতঃপর বললেন এক মজার কথা, ‘মানুষ তো দুই প্রকারের—সাধারণ ও অসাধারণ, তাই না? কিন্তু আমরা যাঁরা অভিনয় করি, কখনো কখনো তাঁরা বোধহয় খানিকটা অস্বাভাবিক হয়ে উঠি। না হলে অসুস্থতা থেকে সুস্থ হওয়ামাত্র হাসপাতাল থেকে বাড়ি না ফিরে আবার এই অনুষ্ঠানের শুটিংয়ে দৌড়ালাম কেন আমি!’আড্ডায় রহস্য এসে হাজির হলো মনে হয়। তাঁকে জিজ্ঞেস করলাম, ‘অসুস্থ হলেন কেন, কী হয়েছিল?’ আমাদের প্রশ্নের পর কয়েক মুহূর্ত চুপচাপ তুষার। এরপর জানালেন খেতে খেতে তাঁর অসুস্থ হওয়ার গল্পটি। জানা গেল, অনুষ্ঠানের জন্য গত ৮ সেপ্টেম্বর গিয়েছিলেন হোটেল তাজে। সেখানে কয়েক রকমের বিরিয়ানি, কাবাব, মাংস, ভুনা খিচুড়ি, পিৎজাসহ বিভিন্ন পদের খাবার খেয়েছেন। শেষে ভালোয় ভালোয় ফিরে এসেছেন বাসায়। কিন্তু শুটিংয়ের পরদিন হঠাৎই ঘামতে শুরু করলেন। অবস্থা সুবিধার নয় বুঝতে পেরে দ্রুত ছুটে গেলেন হাসপাতালে। প্রেসার মাপতেই দেখা গেল ভয়ংকর অবস্থা—১৬৫/১১০! আগের দিনের তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার ফল হাতেনাতে পাওয়া গেছে। চিকিৎসক বললেন, ‘বড় বাঁচা বেঁচে গেছেন। আর মিনিট দশেক পরে এলেই বড় ধরনের অঘটন ঘটে যেতে পারত।’তবে এর তিন দিন পর সুস্থ হয়েই তিনি সরাসরি ছুটলেন উত্তরার সাঙ্গম রেস্টুরেন্টে, শুটিংয়ের উদ্দেশে।এই গল্পে এতক্ষণে ‘সাধারণ’ ও ‘অসাধারণ’ ছাড়া মানুষ প্রসঙ্গে তুষারের সেই ‘অস্বাভাবিক’ বিশেষণ দেওয়ার মাজেজাটি হয়তো খুঁজে পাওয়া গেল। এ ছাড়া যা কিছু রহস্যের গন্ধ উন্মোচিত হলো, সেসবও। ‘মায়ের আঁচল-ধরা ছেলে ছিলাম তো। অনেক বয়স পর্যন্ত মায়ের সঙ্গে রান্নাঘরে কাটিয়েছি। গরুর মাংস ও ভুনা খিচুড়ি খুব ভালো রাঁধতে পারি আমি।’ কথা-গল্পে এর মধ্যে আমরা ফিরে গেছি তাঁর অতীত জীবনে। ধারাবাহিক নাটক ইতিকথায় জামাল চরিত্রে মেয়েলি ঢংয়ে ‘ইশ্ রে’ সংলাপ দিয়ে খ্যাতি পেয়েছিলেন। একুশে টেলিভিশনে উপস্থাপনা করেছিলেন বাংলাদেশে রান্নাবিষয়ক প্রথম অনুষ্ঠান ‘রাঁধুনী রান্নাঘর’। বললেন, ‘আমি খুব ভালোভাবে ডিম ভাজতে পারি।’ ডিম ভাজার আবার ভালো-মন্দ কী!—এটুকু বলামাত্র প্রবল আপত্তিতে মাথা ঝাঁকালেন তুষার। ‘এর মধ্যেও ভালো-মন্দ আছে। ভাজতে জানলে স্বাদটাই অন্য রকম হয়ে যায়।’—তাঁর উত্তর। বোঝা গেল শুধু রান্নায় নয়, রসনা আস্বাদনেও তিনি ওস্তাদ। বললেন, ‘আমার কলেজের বন্ধুরা আমাকে “মটু” বলে ডাকত। কিন্তু মজার ব্যাপার কি তখন তো আমি মোটাই ছিলাম না। এখন দেখা হলে ওরা আমাকে কী নামে ডাকবে, মাঝেমধ্যে সেটাই ভাবি। হা হা হা।’ হাসতে হাসতে একসময় পুরোনো অ্যালবামে হ্যাংলা-পাতলা এক যুবকের ছবি দেখিয়ে জিজ্ঞাসার সুর তাঁর কণ্ঠে, ‘বলুন তো গোঁফওয়ালা এই ছেলেটি কে? জানি পারবেন না। এটি আমার ছবি। ১৯ বছরের আমি।’আমাদের তখন ভিরমি খাওয়ার দশা—এই নাকি তুষার খান, যার ওজন এখন ১০০ কেজি! বিস্ময় গোপন করতে গিয়ে কোনোমতে বললাম, ‘প্রতি সপ্তাহে খাচ্ছেন আর কত খাবেন?’ ‘বেঁচে থাকার জন্য যতটুকু খেতে হয়, যতটুকু খেয়ে সুস্থ থাকা যায়। আর অনুষ্ঠানটি যত দিন চলে তত দিন তো সবকিছু চেখে দেখে খাওয়ার অভিনয় করতেই হবে।’তুষার খানের সঙ্গে আমাদের আড্ডা এতক্ষণে শেষ। তবে দর্শকের উদ্দেশে শেষ কথাটি এখনো যে বলা বাকি তাঁর। শেষের পরেও তা-ই বললেন, ‘সবাইকে বলতে চাই এই কথাটি—অতিরিক্ত খাবার নয়, পরিমিতভাবে স্বাস্থ্যকর খাবার খান, সুস্থ থাকুন।’