তুষারের ‘তুষারপাত’
‘...আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঢাকার আবহাওয়া স্বাভাবিক থাকবে; তবে বৃহস্পতিবার বিকেলে তুষারপাত হবে!’ রেডিওতে এমন ঘোষণা শুনে যে কেউ চমকে উঠবেন, তাতে কোনো সন্দেহ নেই। তবে মজার ব্যাপার হলো, ঘোষণাটির পরই শোনা গেছে আব্দুন নূর তুষারের কণ্ঠ।এ ব্যাপার নিয়ে জিজ্ঞেস করতেই তুষার হেসে বললেন, ‘আবার রেডিওতে নিয়মিত একটি অনুষ্ঠান করছি, ঢাকা এফএম ৯০.৪-এ। অনুষ্ঠানের নাম “তুষারপাত”। প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। এখানে আমি সঞ্চালক। কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে নয়, নানা কিছু থাকছে এই অনুষ্ঠানে। গত বৃহস্পতিবার আমাদের প্রথম অনুষ্ঠানের বিষয় ছিল “টাকা”। টাকার ইতিহাস, টাকা নিয়ে গল্প, টাকা নিয়ে গান, আড্ডা—নানা কিছু ছিল। এরপর আসতে পারে চেয়ার, টেবিল, খাতা, বালিশ, কলম।’ তুষার আরও বলেন, ‘শুধু স্টুডিওতে নয়, আমরা স্টুডিওর বাইরে থেকেও এই অনুষ্ঠান প্রচার করব।’ রেডিওর অনুষ্ঠান করার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন এভাবে, ‘মজাই লাগে। প্রচুর ফোন আসে। মুঠোফোন-বার্তা পাই। শ্রোতাদের সঙ্গে কথা হয়। অন্য রকম এক অভিজ্ঞতা।’