তুষির একটাই লক্ষ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজিফা তুষি
নাজিফা তুষি

‘আপাতত লক্ষ্য শুধু চলচ্চিত্র। এর বাইরে আর কিছু নয়।’— কথার শুরুতেই নিজের কাজ সম্পর্কে সোজাসাপটা বলে দিলেন মডেল ও অভিনেত্রী নাজিফা তুষি। গেল বছর লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন তিনি। তারপর স্বাভাবিকভাবেই তুষির কাজের তালিকাটি লম্বা হওয়ার কথা। কিন্তু সেটা ঘটেনি। কাজ বলতে কিছু ফটোশুট ও রেদওয়ান রনির ‘আইসক্রীম’ সিনেমায় অভিনয়।

নিজের কাজ সম্পর্কে নাজিফা বললেন, ‘প্রতিযোগিতায় রানারআপ হওয়ার পরপরই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, শুধু চলচ্চিত্রেই কাজ করব। এর বাইরে আপাতত আর কোনো কাজ করব না। সেভাবেই নিজেকে তৈরি করছি এবং কাজ করছি।’

সিনেমায় আগ্রহের কারণও ব্যাখ্যা করলেন ঢাকাই ছবির নতুন এই অভিনেত্রী। ‘আমি ছোটবেলা থেকেই সিনেমার পোকা। প্রেক্ষাগৃহে গিয়ে নিয়মিত সিনেমা দেখতাম। আমার কাছে মনে হয়, এটা বড় ক্যানভাস। তা ছাড়া, আমি আন্তর্জাতিকভাবে কাজ করতে চাই।’ তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, এ জন্য সিনেমাই বড় মাধ্যম। তাই এই মাধ্যমের জন্যই নিজেকে তৈরি করছি।’


যদিও একটিমাত্র চলচ্চিত্রেই অভিনয় করেছেন তুষি, কিন্তু এরই মধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র ও নাটকে অভিনয়ের ব্যাপারে অফার এসেছে তাঁর কাছে। অবশ্য বিনয়ের সঙ্গে না করে দিয়েছেন সেই প্রস্তাবগুলোকে। আসছে ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ‘আইসক্রিম’। তারপরই নতুন সিনেমায় নাম লেখাবেন এ অভিনেত্রী।

তবে নতুন চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারেও বুঝে শুনে পা ফেলবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুরু করলাম রেদওয়ান রনির মতো পরিচালকের চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। অন্তত এ ধারাটি অব্যাহত রাখতে চাই। যেনতেন চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা নেই।’

এরই মধ্যে ঢাকা, সেন্ট মার্টিনসহ দেশের বেশ কিছু জায়গায় শুটিং হয়েছে ‘আইসক্রিম’ ছবির। এর ডাবিংয়ের কাজও শেষ। এখন ‘আইসক্রিম’ আছে সম্পাদনার টেবিলে। আর নাজিফা এখন আছেন আইসক্রিমের মুক্তির অপেক্ষায়।