তুষির শুভ সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজিফা তুষি, ছবি: খালেদ সরকার
নাজিফা তুষি, ছবি: খালেদ সরকার

প্রথম আলোর কার্যালয়ে ঢুকতেই পাশ থেকে একজন বললেন, ‘আপনি আইসক্রিম ছবির নায়িকা না! আপনার অভিনয় ভালো হয়েছে।’
মেয়েটির চোখ-মুখ যেন আনন্দে ভরে যায়। জানালেন, প্রেক্ষাগৃহ থেকে ছবি দেখে বের হওয়ার পর সবাই তাঁকে ঘিরে ধরেন, সেলফি তোলেন, অটোগ্রাফ চান।
প্রথম ছবি মুক্তির পর রাস্তায় দর্শকেরা যখন একটি ছবির নায়িকাকে চিনতে পারেন, তখন বোঝা যায়, দর্শক ছবিটি গ্রহণ করেছেন, দেখছেন। বলছি আইসক্রিম ছবির নায়িকা নাজিফা তুষির কথা।
গত ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনির নতুন ছবি আইসক্রিম। এই ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তুষির অভিষেক হলো।
১২ মে বিকেলে ছবি তোলার পর কথা হলো তুষির সঙ্গে। তুষি বললেন, ‘অনেক প্রশংসা পাচ্ছি। ভালো লাগছে।’
আইসক্রিম ছবিতে দুজনের সঙ্গে প্রেম করেছেন তুষি। বাস্তবে? শুনে তুষি বললেন, ‘ওমা! এসব কী বলেন?’
দুই প্রেমিক আর এক প্রেমিকার গল্প দর্শক কীভাবে নিয়েছেন? তুষি বলেন, ‘দর্শক কিন্তু ছবিটা দেখছেন। ছবির কোনো-না-কোনো অংশের সঙ্গে দর্শকের জীবনের গল্প মিলে যাবে। এখানেই সার্থকতা। বেশ তৃপ্তি পাচ্ছি।’
এই তৃপ্তির দিনগুলো অর্জন করতে অনেক কষ্ট করতে হয়েছে তুষির। ২০১৪ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন তিনি। প্রতিযোগিতার পর সঙ্গীরা যখন নাটক আর বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত, তখন তুষি স্বপ্ন দেখেছেন এই ছবিকে ঘিরে।
বললেন, ‘আমি কোনো বিজ্ঞাপন কিংবা নাটকে অভিনয় করিনি। আইসক্রিম মুক্তির জন্য অনেকটা সময় অপেক্ষা করেছি। আর ছবির মুক্তির আগের কয়েকটা রাতে ঘুম হয়নি। একটা চাপ অনুভব করেছি। এখন সবার কাছ থেকে প্রশংসা পেতে পেতে সেই চাপ কোথায় হারিয়ে গেছে!’
শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে বললেন, ‘ওই সময়টা আমরা অনেক কষ্ট করেছি। প্রতিটি দৃশ্যের শুটিং ছিল একটি নতুন অভিজ্ঞতা। প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা ছিল ভয়াবহ। আমরা শুটিং করেছি সেন্টমার্টিনে। লম্বা জার্নি। খুব ক্লান্ত। সকালে শুটিং। ঘুম থেকে উঠে দেখি, পুরো মুখে র্যা শ। বারবার মেকআপ দিয়েও তা ঢাকা যাচ্ছে না। ওখানে পরিচালক তো রেগে অস্থির। ভয়ে আমি কেঁদেই ফেলেছিলাম।’
এবার ছবির মুক্তির পরের অভিজ্ঞতা। তুষি বললেন, ‘সম্প্রতি কুমিল্লায় বিকল্প উপায়ে আইসক্রিম ছবির চারটি প্রদর্শনী হয়েছে। জানতে পারলাম, একজন মহিলা নাকি শুধু আমার সঙ্গে দেখা করার জন্য পরপর ছবিটির তিনটি প্রদর্শনী দেখেছেন। পরে কাছে পেয়ে আমাকে জড়িয়ে ধরেন। আমার অভিনয়ের প্রশংসা করেন। সেলফি তুলেছেন। তখন খুশিতে আমার চোখ ভিজে যায়।’
তুষি জানালেন অভিনয়ের সঙ্গে তাঁর যুক্ত হওয়ার গল্প। তুষির ছোট বোন ঐশী নাগরিক নাট্যাঙ্গনের সদস্য। নাটকের মহড়া দেখতে বোনের সঙ্গে প্রায়ই সেখানে যান। একসময় তুষির মধ্যেও অভিনয় করার আগ্রহ তৈরি হয়। কিন্তু তাতে বাধা দেন বাবা। দমে যাননি তুষি। খালার সহযোগিতায় ২০১৪ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নেন।
এরপর তুষির সামনে এক সম্ভাবনার দুয়ার খুলে যায়। প্রতিযোগিতায় তখন তিনি ছিলেন সেরা আটে। এখানে থাকতেই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান। তুষি বলেন, ‘গ্রুমিংয়ের সময় অভিনয়-পর্বে প্রশিক্ষণ দিয়েছিলেন রেদওয়ান রনি। ওই সময় রনি ভাই তাঁর নতুন ছবিতে অভিনয়ের জন্য আমাকে প্রস্তাব দেন। প্রতিযোগিতা শেষে মাস তিনেক পর আইসক্রিম ছবিতে কাজ শুরু করি।’
তুষি এখন দেশের বাইরের ছবিতে অভিনয়ের স্বপ্ন দেখেন। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে তিনি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিষয়ে স্নাতক পর্যায়ে দ্বিতীয় সেমিস্টারে পড়ছেন। চার বোনের মধ্যে সবার বড় তুষি সামনে নিজেকে চলচ্চিত্রের একজন তারকা হিসেবে দেখতে চান।