তুহিন আবার টিভি নাটকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন আরেকটি টেলিভিশন নাটকে অভিনয় করতে যাচ্ছেন ব্যান্ড দল শিরোনামহীনের কণ্ঠশিল্পী তুহিন। এটি তুহিনের চতুর্থ টিভি নাটক। নাম থতমত এই শহরে। রচনা ও পরিচালনা করবেন মাসুদ হাসান উজ্জ্বল। ১২ মার্চ থেকে রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং শুরু হবে। এর আগে তুহিন ‘স্পুক’, ‘মধ্যরাতের তিনজন যুবক’ এবং ‘মিথ্যে তুমি দশ পিঁপড়া’তে অভিনয় করেছিলেন। এর মধ্যে মিথ্যে তুমি দশ পিঁপড়া এবং ‘মধ্যরাতের তিনজন যুবক’ নাটক দুটির কাজ কয়েকটি পর্বের শুটিং হওয়ার পর বন্ধ হয়ে যায়। অভিনয় প্রসঙ্গে তুহিন বলেন, ‘আমি আসলে পেশাদার অভিনেতা নই। গানের মানুষ গানেই থাকতে চাই। তবে ভিন্ন ধরনের চরিত্র, যেখানে অভিনয় করার সুযোগ থাকে, সে রকম চরিত্র পেলে অভিনয় করে থাকি। উজ্জ্বলের পরিচালনার ব্যাপারে আমি অনেক ধরনের কথা শুনেছি। এবার ওর সঙ্গে কাজ করতে যাচ্ছি। আশা করছি অনেক ভালো একটি কাজ হবে এটি।’উজ্জ্বল বলেন, থতমত এই শহরে অনেক বেশি নিরীক্ষাধর্মী একটি কাজ। নাটকের গল্পের প্রয়োজনেই তুহিনকে যথোপযুক্ত মনে হয়েছে। থতমত এই শহরে নাটকটিতে আরও অভিনয় করবেন অপি করিম প্রমুখ। নাটকটি দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য নির্মিত হচ্ছে।