তৃতীয় নায়িকার অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌটুসি
মৌটুসি
পিয়া
পিয়া

দুই নায়িকা ঠিকঠাক। অপেক্ষা তৃতীয়জনের! নতুন সিনেমা ইউটার্ন-এর জন্য তৃতীয় নায়িকা খুঁজছেন পরিচালক আলভী আহমেদ। এরই মধ্যে অবশ্য দুই নায়িকা মৌটুসি বিশ্বাস ও পিয়ার সঙ্গে চুক্তি হয়েছে। আগামী অক্টোবরের প্রথম দিকে শুটিংয়ের কথা রয়েছে নতুন এ সিনেমার। এখন অপেক্ষা শুধু তৃতীয় নায়িকার।
আলভী আহমেদ বলেন, ‘আমার তৃতীয় নায়িকা হিসেবে নতুন একজনকে খুঁজছি। কয়েকজনের সঙ্গে কথাও হয়েছে। আশা করছি, দু-তিন দিনের মধ্যে নিশ্চিত হতে পারব।’
নতুন ছবি সম্পর্কে পিয়া বলেন, ‘আমার কাছে সিনেমার গল্পটা খুবই ভালো লেগেছে। আমার চরিত্রটা ভিন্নমাত্রার মনে হয়েছে।’
একই সুর ছবির আরেক অভিনেত্রী মৌটুসি বিশ্বাসের কথাতেও। তাঁর আশাবাদ, ‘ছবিটি ঠিকঠাক করতে পারলে দর্শক নতুন মৌটুসি বিশ্বাসকে পাবেন।’ পিয়া ও মৌটুসির সঙ্গে এই ছবিতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আরশাদ আদনান।
ছবিটি সম্পর্কে পরিচালক বলেন, ‘অপরাধ জগতের গল্প নিয়ে পুরো ছবিটি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
পিয়া এর আগে রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি ছবিতে অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর গ্যাংস্টার রিটার্নস ও স্টোরি অব সামারা নামের দুটি ছবি। মৌটুসি বিশ্বাস এর আগে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ব্যাচেলর সিনেমায় অভিনয় করেছেন।