তৃতীয় বর্ষে পা দিল নাট্যবেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যতিক্রমী চিন্তাধারা আর শেকড়ের সন্ধানে বিশ্বাসী একদল তরুণ নাট্যকর্মী নিয়ে ২০০৮ সালে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নাট্যদল নাট্যবেদ। এ বছরই দলটি তৃতীয় বর্ষে পা দিল। এ উপলক্ষে ১১ অক্টোবর শিল্পকলা একাডেমীর নাট্যশালায় নাট্যবেদ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে। আয়োজনের মধ্যে ছিল শুভেচ্ছা জ্ঞাপন, প্রথম ব্যাচের কর্মশালা সম্পন্নকারীদের সনদ প্রদান, নির্দেশক সম্মাননা এবং সবশেষে নাট্যবেদের প্রথম প্রযোজনা মন পবনের নাও-এর প্রদর্শনী। আয়োজনকে কেন্দ্র করে জাতীয় নাট্যশালা সাজানো হয় মনোরমভাবে এবং নাট্যবেদের বিভিন্ন প্রযোজনার ছবি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা জ্ঞাপনে নাট্যবেদের সভাপতি মির্জা নাজমুজ্জামান বলেন, ‘শূন্য থেকে শুরু করে অনেক শ্রমের পর আজকে আমাদের নাট্যবেদ তৃতীয় বর্ষে পা দিল। শুরু থেকেই আমরা চেষ্টা করেছি আমাদের প্রযোজনায় ভিন্নতা আনতে।’ তিনি সবার সহযোগিতার কথা বলেন এবং সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে নাট্যবেদের প্রথম ব্যাচে সফলভাবে কর্মশালা সম্পন্নকারীদের সনদ দেওয়া হয়। সনদ দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক ও নির্দেশক গোলাম সারোয়ার। তিনি বলেন, ‘বাংলাদেশের থিয়েটারচর্চাকে মূলত তরুণেরাই এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ এ দলটিকে দেখে অন্তত তা-ই মনে হলো।’ এরপর নাট্যবেদের প্রথম প্রযোজনা মন পবনের নাও-এর নির্দেশক দীপক রায়কে সম্মাননাসূচক ক্রেস্ট তুলে দেওয়া হয়। তিনি তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমাকে আজকে যে কারণে দলটি সম্মাননা প্রদান করল, তা মূলত তাদেরই শ্রমের ফসল। নতুন একটি দলের পক্ষে এত বড় একটি নাটক করা সত্যিই চ্যালেঞ্জের বিষয় ছিল। নাটকটি দেখার পর আপনারাই এর বিচারের ভার নেবেন।’ এরপর মঞ্চে প্রদর্শিত হয় নাট্যবেদের প্রথম প্রযোজনা বিভাস চক্রবর্ত্তীর মাধব মালঞ্চী কইন্যা অবলম্বনে নাটক মন পবনের নাও। উল্লেখ্য, নাট্যবেদ এরই মধ্যে তিনটি পথনাটক ও একটি মঞ্চনাটক প্রযোজনা করেছে।সংশোধনী১৪ অক্টোবরের আনন্দ পাতার নাটকপাড়ায় মঞ্চে প্রথম কলামে কেরামত মওলার স্কুলের নামটি ভুল ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে কেরামত মওলা নবম শ্রেণীতে ঢাকার নবাবপুর সরকারি উচ্চবিদ্যালয়ে পড়তেন।—বি.স.